শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি তিন দিন (অষ্টমী, নবমী ও দশমী) করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
হিন্দু মহাজোটের অন্য তিন দাবি হচ্ছে—পূজা শুরুর ১০ দিন আগে থেকে প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দির ও মণ্ডপে সরকারি খরচে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, গত বছরের মতো এবারও সেনাবাহিনীর টহল এবং পূজায় নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয়ভাবে মনিটরিং সেল গঠন।
বৈঠকে আজ লিখিত বক্তব্যে মহাজোটের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে ২৮ সেপ্টেম্বর। ইতিমধ্যে মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। দুর্গাপূজা ও নির্বাচন—এই দুটি বিষয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। কারণ, পূজার আগে-পরে এবং যেকোনো নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায় ও তাদের স্থাপনার ওপর আঘাত নিয়মিতভাবে হচ্ছে। এরই মধ্যে চারটি জেলায় দুর্গাপ্রতিমা ভাঙচুর করা হয়েছে।
‘পূজার আরও ১০ দিন বাকি রয়েছে। তাই এ হামলা ও ভাঙচুর আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। তাই এবার পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনা সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে এই উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই ভাবতে শুরু করেছে।’
হিন্দু মহাজোটের এ নেতা বলেন, ‘আমরা ২০২৫ সালের শারদীয় দুর্গাপূজা নিয়ে শঙ্কা বোধ করছি। দেশব্যাপী পূজার আগে ও পরে, এমনকি পূজা চলাকালে দুর্গামন্দিরে হামলার আশঙ্কা করছি। কোন জায়গায় হামলা হতে পারে—সে সমস্ত জায়গাসহ সারা দেশে দুর্গাপূজার আগে ও পরে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাচ্ছি।
‘প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে ও মণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
পূজা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়ে পলাশ কান্তি দে বলেন, ‘দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার। কারণ, পাঁচ দিনের পূজায় মাত্র দুই দিন সরকারি ছুটি। আগে ছিল এক দিন। বর্তমান সরকার এসে সেটা দুই দিন করেছে। কিন্তু আমাদের দাবি ছিল তিন দিন।
‘হিন্দু সম্পদায়ের অনেকে দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। এমনকি পরিবার–পরিজনের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে পারে না। তাই এবার থেকে দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন (অষ্টমী, নবমী ও দশমী) করা হোক।’
জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার দেবনাথ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের সভাপতি শ্যামল কুমার রায় প্রমুখ।

একসময় বলা হতো, বাঙালি কোনো যুবক কবিতা লেখেননি এমন হতে পারে না। তাঁদের মধ্যে সবাই না হোক, কেউ কেউ তো কবি হয়ে ওঠেন। আর বিক্রি যা-ই থাক, একসময় কবিতার বই বের হতো দেদার। এবার সংখ্যায় প্রকাশের শীর্ষে আছে কাব্যগ্রন্থই।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বে তেল-গ্যাসের সরবরাহে বড় ধরনের টান পড়েছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় মজুত থাকলেও বাংলাদেশের ওপর সংকটের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সংকট থেকে রেহাই পেতে বাংলাদেশের জন্য দুটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগে
মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তদবির নিয়ে থানায় না যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না
৭ ঘণ্টা আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেকটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ কারণে পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছেন না। নতুন এ গ্রেপ্তার আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত...
১০ ঘণ্টা আগে