কোনো ব্যক্তি আপনাকে নিয়ে বাজে মন্তব্য করল বা কুৎসা রটাল। এতে আপনার মানহানি হলো। আপনি এখন ভাবছেন আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু কীভাবে আইনি প্রতিকার পাবেন, তা জানা নেই। এ ক্ষেত্রে আপনি দেওয়ানি বা ফৌজদারি আইনের আশ্রয় নিয়ে প্রতিকার পেতে পারেন।
ফৌজদারি আইনের আশ্রয় নেবেন যেভাবে
ফৌজদারি আদালতে মানহানির মামলা করার ক্ষেত্রে লিখিত অভিযোগ দাখিল করতে হয়। আদালত অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করতে পারেন। তবে মানহানির মামলায় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় না।
আদালত সমন দেওয়ার পর যদি কোনো ব্যক্তি আদালতে হাজির না হন, সে ক্ষেত্রে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।
দণ্ডবিধির ৪৯৯ ধারায় কোন কাজ করলে মানহানি হবে আর কোন কাজ করলে মানহানি হবে না, সে বিষয়ে বলা আছে। এই ধারা অনুসারে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এমন হবে জেনেও উদ্দেশ্যমূলক শব্দাবলি বা চিহ্নাদি বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো নিন্দা বা কুৎসা রটালে ওই ব্যক্তির মানহানি করেছে বলে ধরা হবে।
এমনকি মৃত ব্যক্তি সম্পর্কে বললেও তা মানহানি হবে। মৃত ব্যক্তির আত্মীয়স্বজন মানহানির অভিযোগ আনতে পারবেন।
তবে আইনে এমন কিছু ব্যতিক্রম অবস্থা বর্ণনা করা হয়েছে, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির নামে মানহানিকর কিছু বললে, লিখলে বা প্রচার করলেও মানহানি হবে না। আইনে উল্লেখিত এমন ১০টি বিষয় হচ্ছে-
১. জনগণের কল্যাণে কারও প্রতি সত্য দোষারোপ করলে, তাতে মানহানি হবে না।
২. সরকারি কর্মচারী সরকারি আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করলে তা মানহানির শামিল হবে না।
৩. সরকারি বিষয়-সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ব্যক্তির আচরণ নিয়ে মত প্রকাশ করলে মানহানি নয়।
৪. আদালতসমূহের কার্যবিবরণী প্রতিবেদন প্রকাশ করা মানহানির অন্তর্ভুক্ত হবে না।
৫. যেকোনো জনসমস্যা সম্পর্কে ও কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা মানহানির শামিল নয়।
৬. আদালতে সিদ্ধান্তকৃত মামলার দোষ, গুণ বা সাক্ষীদের সম্পর্কে বা অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে অভিমত মানহানির পর্যায়ে পড়বে না।
৭. গণ-অনুষ্ঠানের অনুষ্ঠানাদি সম্পর্কে কোনো মতামত প্রদান মানহানি নয়।
৮. কর্তৃত্বসম্পন্ন ব্যক্তির কাছে সৎ বিশ্বাসে কারও সম্পর্কে অভিযোগ করা হলে সেটিও মানহানি হবে না। যেমন- পুলিশের কাছে কারও ব্যাপারে সৎ বিশ্বাসে অভিযোগ।
৯. কোনো ব্যক্তি কর্তৃক তাঁর বা অন্য কারও স্বার্থ রক্ষার্থে দোষারোপ করা মানহানি নয়।
১০. জনকল্যাণার্থে সতর্কতা প্রদানের উদ্দেশ্যে কারও সম্পর্কে কিছু বলা হলে, সেটিও মানহানি হবে না।
মানহানির শাস্তি
দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির শাস্তি বর্ণনায় বলা হয়েছে, এই অপরাধে দোষী সাব্যস্ত হলে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ড হতে পারে।
৫০১ ও ৫০২ ধারা অনুসারে, মানহানিকর বলে পরিচিত বিষয় মুদ্রণ বা খোদাইকরণ সম্পর্কে এবং এর শাস্তি বর্ণিত হয়েছে।
দেওয়ানি আদালতে আইনের আশ্রয় নেবেন যেভাবে
মানহানির কারণে ক্ষতিপূরণ দাবি করে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করার সুযোগ রয়েছে। এ মোকদ্দমা দায়ের করতে হলে ক্ষতিপূরণের টাকার মূল্যের ওপর কোর্ট ফি জমা দিতে হয়। তবে বিচারপদ্ধতি দেওয়ানি মোকদ্দমার মতোই। মামলায় বাদী জয়ী হলে বিবাদী থেকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ আদায় করতে পারেন।
লেখক: সাংবাদিক ও আইনজীবী











