Ajker Patrika

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২: ০০
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়ন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শুক্রবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আইসিজের রায়ের বিষয়ে আয়োজিত তিনি এ কথা জানান।

সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, ক্ষতিপূরণের বিষয়টি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বহুপক্ষীয় অংশীদার, দ্বিপক্ষীয় অংশীদার এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ কাজ করবে। ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করবে।

এর আগে ব্রিফিংয়ের শুরুতে আইসিজের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানান হুমায়ুন কবির। তিনি বলেন, আইনগত, নৈতিক ও মানবিক—সব বিবেচনাতেই এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালত সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমার রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার খর্ব করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

তিনি বলেন, গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের ক্ষেত্রে মিয়ানমারের আন্তর্জাতিক আইনগত দায় লঙ্ঘনের বিষয়টিও আদালত নিশ্চিত করেছেন। গণহত্যা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি ২০২০ সালে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে।

হুমায়ুন কবির বলেন, গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিগ্রস্তদের যথাযথ প্রতিকার, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে।

তিনি আরও বলেন, আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য রায়টি প্রতিপালন করা আইনগতভাবে বাধ্যতামূলক।

বাংলাদেশ মামলাটির আনুষ্ঠানিক পক্ষ না হলেও প্রতিবেশী রাষ্ট্র এবং প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশ হিসেবে বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

এই ঐতিহাসিক রায়ের জন্য গাম্বিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ১১ নভেম্বর রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে গাম্বিয়া আইসিজেতে মামলাটি দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং গাম্বিয়ার পক্ষে আদালতে লিখিত বক্তব্য দেওয়া দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

রোহিঙ্গা সংকটের সমাধানে প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়ে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ বাসভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশের বিশ্বাস, ঐতিহাসিক এই রায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। সেই অবস্থান কাজে লাগিয়ে প্রত্যাবাসন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্যোগ নেবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তিনি আন্তর্জাতিক সংস্থা ও অংশীদারদের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় কাজ করে যাবে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত