Ajker Patrika

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২৩: ৫৫
রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ঐতিহাসিক এ রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রায়ে দেওয়া আদেশ দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ঐতিহাসিক। এই প্রথম আইসিজে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিয়েছেন।

গাম্বিয়া বনাম মিয়ানমারের এই মামলায় আদালত জানিয়েছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে। আদালত আরও বলেছেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গণহত্যা সংঘটিত করা থেকে বিরত রাখতে পারেনি, গণহত্যা ও সনদে উল্লেখিত অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করেনি এবং সনদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নেও ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সনদ লঙ্ঘনের কারণে আদালত মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে চলমান সংঘাত বন্ধ করা, গণহত্যা বা সনদে উল্লেখিত অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা ও তাঁদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে জন্য নিশ্চয়তা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণ ও পুনর্বাসনমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমারের দমন-পীড়নের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করা, তাদের নিজ নিজ বাসস্থানে ফিরতে দেওয়া ও বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করার বিষয় রয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক। মিয়ানমার এখন আদালতের চূড়ান্ত রায় মানতে ও নির্দেশনা বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য।

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে দীর্ঘ সাত বছর ধরে নীতিগত অবস্থান নিয়ে মামলা পরিচালনার জন্য গাম্বিয়ার প্রশংসা করেছে বাংলাদেশ। এ মামলায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) গাম্বিয়াকে সমর্থন দিয়েছে। এ ছাড়া মামলায় ১১টি দেশের হস্তক্ষেপের বিষয়টিও উল্লেখ করেছে বাংলাদেশ। দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ মিয়ানমার সরকারকে রায়ের বাধ্যবাধকতা দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ। বাংলাদেশের বিশ্বাস, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকার। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখা ও আরও বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত