Ajker Patrika

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৭: ৫১
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর এমপি রফিকুল ইসলাম খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে ‘প্রক্সি’ দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হননি। দেশে খুন, ধর্ষণ ও মাদকের বিস্তার বেড়েছে, ফলে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আজ শনিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সব দিক দিয়ে দক্ষ। উনি সব মন্ত্রণালয় প্রক্সি দেন। কিন্তু উনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। উনি আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই।’

বাজেট বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করেন রফিকুল ইসলাম খান। এ সময় তিনি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বলেন, খুন হওয়া ৬০৫ জনের মধ্যে ২৮৮ জনই সরকারি দলের। সরকারি দলের লোক খুন করল কারা? খুন হলো কারা? খুনের ঘটনার অর্ধেকই সরকারদলীয়। এর অর্থ হচ্ছে নিজের দলের লোকদের নিজেরাই মেরেছে। যে সরকারের কাছে নিজের দলের লোকের নিরাপত্তা নেই, সেই সরকারের কাছে দেশের মানুষ কি নিরাপত্তা আশা করা যেতে পারে।’

মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম বলেন, শুধু মাদক কারবারিদের গ্রেপ্তার করলেই হবে না, মাদকের উৎস ও সরবরাহের পথ বন্ধ করতে হবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

ব্যাংকিং খাতের অনিয়মের প্রসঙ্গ টেনে রফিকুল ইসলাম বলেন, ব্যাংক লুটের অন্যতম কারিগর এস আলম। তাঁর দাবি, শুধু ইসলামী ব্যাংক থেকেই ৮৬ হাজার কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক মিলিয়ে প্রায় দেড় লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। কিন্তু পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, সংসদে একজন প্রভাবশালী মন্ত্রী এস আলম গ্রুপের নিয়োগ দেওয়া ১১ হাজারের বেশি কর্মচারীর চাকরি পুনর্বহালের পক্ষে বক্তব্য দিয়েছেন। এতে ওই মন্ত্রীর সঙ্গে এস আলমের কোনো না কোনো যোগসূত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এস আলমসহ সব ব্যাংক লুটেরার পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

রফিকুল ইসলাম খান শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে ফিরিয়ে আনার দাবি করেন তিনি।

গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের দাবি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, দেশের মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তাই সরকারকে দ্রুত তা কার্যকর করতে হবে।

বাজেট প্রণয়নের সময়সূচি পরিবর্তনেরও প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বরভিত্তিক হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাড়াহুড়ো কমবে। পাশাপাশি বছরে কয়েকবার সংসদে বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনারও সুপারিশ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের সর্বত্র দলীয়করণের উৎসব চলছে। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বড় ধরনের সমালোচনা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলকে মাদক, সিগারেট ও মদের ওপর কর বৃদ্ধির প্রতিবাদ করতে দেখা গেছে। তিনি বলেন, ইসলামে মদ ও মাদক নিষিদ্ধ, তাই এ ধরনের প্রতিবাদ দুঃখজনক। তিনি আরও বলেন, যারা বাজেটকে ঋণনির্ভর বলে সমালোচনা করছেন, তাঁদের এলাকার উন্নয়ন বাজেট কমিয়ে দিলে রাষ্ট্রের ঋণের প্রয়োজনও কমে যাবে। অর্থমন্ত্রী চাইলে বিষয়টি বিবেচনা করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত