সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না: তথ্যমন্ত্রী

বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না, বরং গণমাধ্যমকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘উইমেন্স জার্নালিস্ট ফোরাম’-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক এবং কোন গণমাধ্যম নিবন্ধিত, সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি। তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের শৃঙ্খলা আনতে গিয়ে যেন বাকস্বাধীনতা ক্ষুণ্ন না হয়, সরকার সে বিষয়টিও সতর্কতার সঙ্গে বিবেচনায় রাখছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি উল্লেখ করেন।
নারী সাংবাদিকদের সংগঠন ও পেশাগত উন্নয়ন প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় তিনি সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানান। ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট নিরসনে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, একটি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে শক্তিশালী আর্থিক ভিত্তি জরুরি। মন্ত্রণালয় থেকে সরাসরি অর্থ বরাদ্দের ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতা থাকলেও ফোরামের তহবিলের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
গণমাধ্যমকর্মীদের বর্তমান সংকট তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়ায় নিয়মিত বেতন-ভাতা পরিশোধে জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরের মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সংকট অত্যন্ত উদ্বেগজনক। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি এবং সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।









