
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার কোনো ‘টিকিট বিক্রি’ করতে চায় না, বরং বাস্তব কাজের মাধ্যমে দেশ গড়তে চায়। আজ সোমবার বিকেলে যশোরের ঈদগাহ প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং বাস্তব কাজ করতে চাই। সে জন্য আমরা বলি, ‘‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’’’ এ সময় তিনি মঞ্চের সামনে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে কে আছেন আমার সঙ্গে দেশ গড়ার জন্য?’ জবাবে হাজারো মানুষ হাত তুললে তিনি বলেন, হাজারো-লাখো মানুষ দেশ গড়ার জন্য আছে, আলহামদুলিল্লাহ।
তারেক রহমান বলেন, ‘আসুন, আজকে আমাদের প্রতিশ্রুতি হবে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কারণ, এ দেশ আপনার, এ দেশ আমার, এ দেশ আমাদের সকলের, সকল বাংলাদেশির।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেই ১২ তারিখের নির্বাচনে দলটিকে ম্যান্ডেট দিয়েছে। জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই বিএনপি সরকার কাজ করছে। তবে একটি মহল এই ম্যান্ডেট মেনে নিতে পারছে না এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একদল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয় এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন, আমরা দেখি, কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে।’
তারেক রহমান বলেন, ‘৫ তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই-আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি, ৫ তারিখের পরে কেউ কেউ বলেছিল, আমরা সবাইকে মাফ করে দিলাম। বলেছিল না? বলেছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কয়েক দিন আগে দেখেছি, যারা বক্তৃতায় জোরে জোরে কথা বলে, তাদেরকেই দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে, জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না—কেন ফ্যাসিবাদের সঙ্গে গিয়ে মিটিং করেছে?’
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির কাছে এখন অগ্রাধিকার হচ্ছে, যে সরকারকে বাংলাদেশের জনগণ ১২ তারিখের নির্বাচনে নির্বাচিত করেছে, সেই বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার হচ্ছে মা-বোনদের শিক্ষার ব্যবস্থা করা, সেই বিএনপির কাছে অগ্রাধিকার হচ্ছে হামের টিকার অভাবে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের টিকার ব্যবস্থা করা। এর বাইরেও বাংলাদেশের গ্রামে, শহরে, উপজেলার মানুষ, জেলার মানুষ যে স্বাস্থ্যসেবা পাচ্ছে না, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
তারেক রহমান আরও বলেন, ‘যে সকল বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে, যে কৃষক সঠিকভাবে এখনো কৃষি উপকরণ পাচ্ছে না, তার জন্য সহায়তা প্রদানের নিশ্চয়তা করা, আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে, বাংলাদেশের মানুষের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গত দুদিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশা আল্লাহ মায়েদের হাতে আমরা যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশের যাদেরকে ফ্যামিলি কার্ড দেব, ঠিক সেই মায়েদের কাছে আমরা আরেকটি কার্ড দেব, সেই কার্ডটি হচ্ছে ‘‘এলপিজি কার্ড’’। যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়। যাতে করে পরিবারের খাবারদাবার, রান্নাবান্না করার সময় দুশ্চিন্তায় পড়তে না হয়। ধীরে ধীরে ইনশা আল্লাহ আমরা সেই ব্যবস্থাও মায়েদের জন্য করব।’
যশোর জেলা বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম মহাসচিব পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। এমপিরা তাঁদের এলাকার কথা বলেন, মন্ত্রীদের শোনা উচিত।
১ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট পুনরায় চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আজ সোমবার রাত পৌনে ৮টা থেকে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হতে থাকে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলেছেন, ‘জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে, সেই সুযোগ আমরা আর কাউকে দেব না।’
২ ঘণ্টা আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে