
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এই কথা বলেন।
জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে নির্ধারিত দিনের বৈঠকের শুরুতেই এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য মোট ৯টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করা হয়েছিল। এসব উড়োজাহাজ কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্তের উদ্যোগ গ্রহণ করা হবে।
একই অধিবেশনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের অন্য এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসীদের কষ্টার্জিত আয়ের কথা বিবেচনা করে এবং বিমান ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে টিকিটের কৃত্রিম সংকট তৈরি ও সিন্ডিকেট বন্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
যাত্রীদের স্বার্থ সংরক্ষণ এবং টিকিট বিক্রিতে শতভাগ স্বচ্ছতা ফিরিয়ে আনতে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে ১০ দফা সংবলিত একটি বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিটি ট্রাভেল এজেন্সিকে বিক্রীত টিকিটের গায়ে তাদের নিজস্ব নাম, লাইসেন্স নম্বর এবং প্রকৃত বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সংসদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি সম্পূর্ণ বন্ধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে।
তিনি জানান, বিমানবন্দরে যাত্রীসেবার মান বৃদ্ধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হেল্প ডেস্ক পরিচালনা, দ্রুততম সময়ে ব্যাগেজ স্ক্যানিং, আধুনিক ইমিগ্রেশন ও চেক-ইন ব্যবস্থা চালুর পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ও তার ভিডিও ফুটেজ সংরক্ষণের সুব্যবস্থা রাখা হয়েছে। বিমানমন্ত্রী তথ্যাদি উল্লেখ করে জানান, বিগত অর্থবছরে ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ ক্ষেত্রে ফ্লাইটের প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে যাত্রীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এ ছাড়া অনলাইন টিকিটিং ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা সহজীকরণ এবং যাত্রী ও কার্গো পরিবহন বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দেশে প্রায় ১৪৯৮টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে বলেও সংসদে পর্যটন মন্ত্রী জানান। সংরক্ষিত আসনের শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, জাতীয় পর্যটন নীতিমালা-২০২৬ প্রণয়নের কাজ শুরু হয়েছে। পর্যটন খাতের তথ্যভিত্তিক পরিকল্পনার জন্য ‘টুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ তৈরির কাজও চলছে। স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করে কমিউনিটিভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বাড়াতে টুরিস্ট পুলিশের জনবল বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে ব্র্যান্ডিংয়ের লক্ষে beautifulbangladesh.gov.bd নামে ওয়েবসাইট প্রণয়নের কাজ চলমান রয়েছে।

নারায়ণগঞ্জসহ দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তার দপ্তর ও দায়িত্বে রদবদল করা হয়েছে।
১১ মিনিট আগে
ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রীই ছিলেন না, উনি একটি ইনস্টিটিউট। ম্যাডামের গণতান্ত্রিক চর্চা হচ্ছে দৃষ্টান্তমূলক উদাহরণ। ম্যাডাম দাঁড়ি-টুপি এবং ভিন্নমতকে অনেক সম্মান করতেন।’
১ ঘণ্টা আগে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্য এক মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় এই কানেকশন পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি বা বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সরকার। কোন ব্যক্তি মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন এবং কার সন্তান ওই সনদের সুবিধায় চাকরি পেয়েছেন, সে তথ্য চেয়ে সংশ্লিষ্ট
২ ঘণ্টা আগে