Ajker Patrika

সংসদের প্রথম অধিবেশনেই সব অধ্যাদেশের বিল পেশ করা হবে : আইনমন্ত্রী

বাসস, ঢাকা  
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ০৪
সংসদের প্রথম অধিবেশনেই সব অধ্যাদেশের বিল পেশ করা হবে : আইনমন্ত্রী
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের প্রতিটি বিল আকারে পেশ করা হবে।

আজ শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। আগামী সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা অধ্যাদেশ আমরা বিল আকারে পেশ করব।’

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাঁদের অমর্যাদা এই সরকার মেনে নেবে না। জুলাই গণ-অভ্যুত্থানকালে যে বা যারা যতটুকু অপরাধ করেছে, সে জন্য তাদের শাস্তি পেতে হবে। ফ্যাসিস্ট ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই।

আইনমন্ত্রী আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে দেশে একটি নির্বাচন হয়েছে। আমরা একটি সরকার পেয়েছি। জুলাই শহীদদের অমর্যাদা হয় বা তাদের আত্মা কষ্ট পায়, এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না।’

দুর্নীতি বন্ধে প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে, তাদের শুধু চাকরিই যাবে না, বিভাগীয় মামলার পাশাপাশি দুদকের মাধ্যমেও মামলাও করা হবে।

জনগণের জন্য উন্নয়ন ও অবকাঠামো খাতে বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, কেউ যদি এক পয়সা কমিশন নেয় বা দুর্নীতি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিশন-বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আজকের পর থেকে ঝিনাইদহে চাঁদাবাজি, কমিশন-বাণিজ্য, হুমকি-ধমকি কিংবা রাজনৈতিক দলাদলি করার চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অনিয়মের কথা আমাকে জানাবেন; দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূলে সবাই একসঙ্গে কাজ করব।’

মতবিনিময় সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত