আল জাজিরা জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই অঞ্চলের বিরিকাহ ও তৌল শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। কফর জৌজ এলাকায়ও হামলা চলছে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে বলেছে, ‘ইরানের নির্লজ্জ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতকে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১৭টি ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র এবং ১১৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন সমুদ্রে পড়ে গেছে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯ হাজার ৬৬৯টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। বেসামরিক ইউনিট ধ্বংস হয়েছে।
ত্রাণ সংস্থাটির দেওয়া পরিসংখ্যানের মধ্যে রয়েছে:
৭ হাজার ৯৪৩টি আবাসিক ইউনিট
১ হাজার ৬১৭টি বাণিজ্যিক ইউনিট
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১ হাজার ৯২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নেওয়া হয়েছে ১৫৭ জনকে।
মন্ত্রণালয় জানিয়েছে, নয়জনের অবস্থা গুরুতর, ৪২ জন মাঝারি এবং ৭০ জন সামান্য আঘাত পেয়েছেন।
হাসপাতালে আগতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংরক্ষিত এলাকায় প্রবেশের সময় আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি যে-ই হবে তাকে ছাড়বে না ইসরায়েল। এমন হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন খামেনি।
ফার্সি ভাষায় একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, যারা খামেনির উত্তরসূরি নিয়োগ করতে চাইবে তাদের প্রত্যেকের পিছু নেওয়া হবে।
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের টাগবোট ডুবে যাওয়ার পর ৩ জন ক্রু নিখোঁজ রয়েছেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট মুসাফাহ ২ ডুবে যাওয়ার পর তিনজন ইন্দোনেশীয় ক্রু নিখোঁজ রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জীবিত একজন ইন্দোনেশীয় বর্তমানে ওমানের খাসাব শহরের একটি হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বাকি তিনজন ইন্দোনেশীয়কে এখনও স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধান করছে।
টাগবোট ডুবির আগে মুসাফাহ ২ বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গতকাল ইরানের ইসফাহানের একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে অনির্দিষ্ট সংখ্যক এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাটি দুই দিন আগে [শুক্রবার] তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ১৬টি 'কুদস ফোর্স' বিমান ধ্বংস করা হয়েছিল।
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, দেশটির বাহিনী বর্তমান গতিতে ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘তীব্র যুদ্ধ’ লড়তে পারে।
নাইনি বলেন, ইরান এখন পর্যন্ত ‘প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে আগামী দিনে ‘উন্নত এবং কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর ইসরায়েলি হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে একটি হোটেলে কমপক্ষে চারজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
সর্বশেষ যা যা ঘটেছে:
কুয়েত জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাদের সামাজিক নিরাপত্তা অফিসে হামলার ফলে আগুন লেগেছে।
সৌদি আরব জানিয়েছে, তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে একটি আক্রমণ ব্যর্থ করেছে এবং তাদের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
ইসরায়েলি বাহিনী লেবাননের বৈরুতের রামাদ হোটেলে বোমা হামলা চালিয়ে কমপক্ষে চারজনকে হত্যা করেছে এবং আরও ১০ জন আহত করেছে।
ট্রাম্প আবারও ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন, বলেছেন, ইরানি নেতারা অস্ত্র সংবরণ করলে যুদ্ধ শেষ হবে অথবা তাদের সেনাবাহিনীকে অকেজো করে দেওয়া হবে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাবে বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় যুদ্ধাপরাধের তদন্ত করতে হবে।
ইরানের তেলের স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের শাহরান তেল সংরক্ষণাগারে হামলার ঘটনা জানা গেছে। এদিকে, ইরানও উপসাগরীয় দেশগুলো হামলা অব্যাহত রেখেছে।
ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল মূলত দুটি লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। প্রথমত, এটি এক ধরনের ‘শক অ্যান্ড অ’ কৌশল। তেহরানের আকাশে যে বিশাল আগুনের গোলা দেখা যাচ্ছে, তা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করছে। একই সঙ্গে এসব স্থাপনা মানুষের জীবিকা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ইসরায়েল সম্ভবত ইরানের সামরিক বাহিনীর চলাচল ও সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে।
এই হামলাগুলো এখানে ব্যাপক উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে। বিশেষ করে পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্লান্টে হামলার ঘটনাটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘কেশম দ্বীপে একটি মিঠা পানির ডিস্যালিনেশন প্লান্টে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্য ও মরিয়া এক অপরাধ করেছে। এতে ৩০টি গ্রামের পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অবকাঠামোর ওপর হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ, যার বড় পরিণতি হতে পারে। এই নজির যুক্তরাষ্ট্রই তৈরি করেছে, ইরান নয়।’
ইরান বলছে, উপসাগরীয় দেশগুলো তাদের বিরুদ্ধে চলা এই আগ্রাসী যুদ্ধে সহায়তা করছে এবং পরোক্ষভাবে এতে জড়িত। তাই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের তৈরি করা এই কথিত নজিরের পর ইরান কি উপসাগরীয় অঞ্চলের ডেসালিনেশন স্থাপনাগুলোতে হামলার ইঙ্গিত দিচ্ছে?
পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ, উপসাগরীয় অঞ্চল তাদের সুপেয় পানির জন্য প্রায় ৯০ শতাংশই ডিস্যালিনেশন প্লান্টের ওপর নির্ভর করে।
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ১২ হাজার বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের দীর্ঘসূত্রতা ও পর্যালোচনা প্রক্রিয়া সম্পূর্ণ এড়িয়ে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
আজ শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসরায়েল সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে ১২ হাজার ‘বিএলইউ-১১০ এ/বি’ বোমা ও ১,০০০ পাউন্ড ওজনের বোমার খোলসের অনুরোধ জানানো হয়েছিল, যার মোট বাজারমূল্য প্রায় ১৫১ মিলিয়ন ডলারেরও বেশি।
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি বলেছে, কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়েছে কাতার
কাতার লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাতার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, কাতারের সশস্ত্র বাহিনী সেই হামলা ঠেকিয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বর উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিযানের অগ্রগতিকে তিনি অসাধারণ সাফল্য হিসেবে মনে করে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ০ থেকে ১০ এর স্কেলে তাঁর দেশের ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতির মান হলো ১৫।
ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা একটি সেবা দিচ্ছি।’
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।’
ইরানে হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ যোগ দেন বলে জানিয়েছে আল জাজিরা।
গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি ঘাঁটিতে হামলায় ঘানার তিনজন শান্তিরক্ষী গুরুতরভাবে আহত হয়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ঘানা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ঘানা জানিয়েছে, তারা জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তারা দাবি করেছে, দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। এই আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, যুদ্ধাপরাধের সমতুল্য এবং জাতিসংঘ শান্তিরক্ষী কর্মীদের প্রদত্ত সুরক্ষার অবমাননা।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়েছে। এক্সে-এ এক বিবৃতিতে জার্মানি বলেছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। আমরা দক্ষিণ লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলার স্পষ্ট নিন্দা জানাই।আমরা সব পক্ষকে সর্বদা জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাই।’
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কুজা শহরে অবস্থিত ঘানার শান্তিরক্ষী ব্যাটালিয়নের সদর দপ্তরে রাতভর গোলাবর্ষণ করা হয়েছে। এই হামলায় তিনজন শান্তিরক্ষী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য বৈরুতের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি মার্কিন উপগ্রহ যোগাযোগ কেন্দ্র, প্রাথমিক সতর্কতা এবং অগ্নি নিয়ন্ত্রণ রাডারে আঘাত করা হয়েছে।
আল জাজিরা তাৎক্ষণিকভাবে বিবৃতিটি যাচাই করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাত এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এরই মধ্যেই হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ড্রোনটি সরাসরি বিমানবন্দরে আঘাত করেছে নাকি, প্রতিহত করার পর অংশ বিশেষ এসে পড়েছে সেটি নিশ্চিত নয়।
এদিকে আজ সকালে এমিরেটস এয়ারলাইনস তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্ট এখন আর নেই। সে স্থলে বলা হয়েছে, তারা পরিষেবা আবার শুরু করেছে।
ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান অনুসারে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী ইরানে মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলো হলো:
৫ হাজার ৫৩৫টি আবাসিক স্থাপনা
১ হাজার ৪১টি বাণিজ্যিক স্থাপনা
১৪টি চিকিৎসা কেন্দ্র
৬৫টি বিদ্যালয়
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত ১৩টি কেন্দ্র
এই হামলার সময়, বেশ কয়েকটি উদ্ধার ও ত্রাণ যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান পরিচালনা করার সময় রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হরমুজ প্রণালিতে যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে।
মেরিন ট্র্যাফিক ওয়েবসাইট অনুসারে, প্রাইমা নামের ট্যাঙ্কারটি মাল্টার পতাকাবাহী। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার এটি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে আর লক্ষ্যবস্তু করা হবে না, যদি না সেখান থেকে আগে আক্রমণ করা হয়।
ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে, প্রেসিডেন্ট গত কয়েকদিনে সংঘটিত হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমাও চেয়েছেন।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানি সরকারের অবকাঠামো লক্ষ্য করে ‘আরও একটি সমন্বিত হামলা’ সম্পন্ন করেছে।
ইসরায়েলি বিমান বাহিনীর ৮০টিরও বেশি যুদ্ধবিমান এতে অংশ নেয় জানানো হয়েছে। ২৩০টি বোমা ফেলা হয়েছে বলে দাবি আইডিএফের।
আইডিএফ জানিয়েছে, হামলার অংশ হিসেবে, তারা বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত করেছে যার মধ্যে রয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস সামরিক বিশ্ববিদ্যালয়, ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়। এগুলো আইআরজিসি অফিসারদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো।
ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সংরক্ষণাগার এবং একটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায়ও আঘাত করার দাবি করেছে আইডিএফ। এসব স্থাপনায় শত শত কর্মীরা কাজ করছিল বলে তাদের দাবি।
কাতারের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমা আংশিকভাবে পুনরায় চালু করা হচ্ছে। কেবল স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় পণ্যবাহী বিমান চলাচলের অনুমতি দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে, আগামী দিনে আরও ফ্লাইট চলবে কিনা সেটি নিরাপত্তা পরিস্থিতির চলমান মূল্যায়নের উপর নির্ভর করবে।
গ্লোবাল ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডারের মতে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ প্রথম লন্ডনগামী একটি এ৩৮০ জেট দোহা ত্যাগ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার কাতার নয়টি ড্রোন প্রতিহত করেছে। একটি জনবসতিহীন এলাকায় ড্রোনগুলো অবতরণ করেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট ফক্স নিউজকে বলেছেন, ‘আজ রাতে ইরানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় বোমা হামলা হবে।’
তিনি বলেছেন, মার্কিন হামলা ‘ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং আমরা তাদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করছি।’
বেসেন্ট ইরানকে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’ করার অভিযোগও করেছেন। হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।
ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।
রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়—এমন তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে মস্কো।
ওয়াশিংটন পোস্ট বলছে, রাশিয়া ঠিক ইরানকে কতটা সমর্থন দিচ্ছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে বের করার সক্ষমতা কমেছে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন করার অভিযোগ সম্পর্কে মন্তব্য করেননি।
ওয়াশিংটনে রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার মিশন এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। ইরানের আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা কুয়েতের উপকূলে একটি মার্কিন মালিকানাধীন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
যুদ্ধকালীন ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড গ্রহণকারী খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, জাহাজটিতে আগুন লেগে গেছে।
একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাচ্ছে না এবং যেকোনো মার্কিন স্থল আক্রমণের জন্য তাঁরা প্রস্তুত।
অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, ইরানের স্থল অভিযান হবে ‘সময়ের অপচয়’। তিনি আরও যোগ করেন, ‘তারা যা হারাতে পারে তার সবকিছু হারিয়েছে। বিমান হামলার গতি এবং তীব্রতা অব্যাহত থাকবে।’
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ বলেছেন, নিরাপত্তার স্বার্থে তাঁরা ইরান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছেন।
চারটি ইরানি ড্রোন সীমান্ত অতিক্রম করে নাখচিভান এক্সক্লেভে আঘাত করা এবং চারজন আহত হওয়ার কথা জানিয়েছে বাকু। এর একদিন পর কূটনীতিক প্রত্যাহারের কথা জানাল দেশটি।
তবে ইরান ড্রোন হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
লন্ডন পুলিশ জানিয়েছে, তারা শহরের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এবং স্থানগুলোর ওপর নজরদারি করে একজন ইরানি এবং তিনজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে আটক করেছে।
মহানগর পুলিশ জানিয়েছে, ২২, ৪০, ৫২ এবং ৫৫ বছর বয়সী এই চার ব্যক্তিকে গত রাতে উত্তর লন্ডন এবং এর আশপাশের এলাকা থেকে আটক করা হয়েছে।
ইরানিয়ান রেড ক্রিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও কাতারি গ্যাস বহনকারী জাহাজগুলোকে নিরাপদে বের করে নেওয়ার জন্য চীন ইরানের সঙ্গে আলোচনা করছে।
আজ শুক্রবার যুদ্ধের সপ্তম দিনে, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের ফলে চ্যানেলের চারপাশে শত শত জাহাজ আটকা পড়েছে। বিশ্বের তেল ও গ্যাসের প্রায় এক পঞ্চমাংশের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ এই হরমুজ প্রণালি। এতে জ্বালানির দাম আশঙ্কাজনক হারে বাড়ছে।
রয়টার্স এবং ব্লুমবার্গ জাহাজ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়েছে জানিয়েছে, বৃহস্পতিবার চীন-ভিত্তিক বলে দাবি করা একটি ট্যাংকার প্রণালি দিয়ে অতিক্রম করেছে। যদিও বিবিসি এই জাহাজের গতিবিধি নিশ্চিত করতে পারেনি।
চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। এরই মধ্যে চীন সরকার ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার নিন্দা তীব্র জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে , তাদের বিমান বাহিনী রাতারাতি ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আঘাত করেছে এবং সেগুলো ধ্বংস করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, সাম্প্রতিক হামলায় তারা তিনটি উন্নত ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি জানিয়েছেন, ইরানে দুই জাপানি নাগরিককে আটক করা হয়েছে। তাদের দ্রুত মুক্তির জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ করছেন।
মোতেগি জাপানি সংসদে বলেছেন, সরকার আটক দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তাঁরা নিশ্চিত হয়েছেন, দুজনে বর্তমানে নিরাপদে আছেন।
জাপানের কিয়োদো সংবাদ সংস্থার মতে, দুজনের মধ্যে একজন পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর তেহরানের ব্যুরো প্রধান বলে মনে ধারণা করা হচ্ছে।
আটক দ্বিতীয় ব্যক্তির পরিচয় এবং আটকের বিবরণ অস্পষ্ট।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি পীর হোসেন কোলিভান্ড জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ হাজা ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৯০টি বসতবাড়ি।
এ ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও পরিষেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা বা ওষুধ কেন্দ্র এবং নয়টি রেড ক্রিসেন্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশিরভাগ লক্ষ্যবস্তু ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।
আজ সকালে তেহরানের মধ্যাঞ্চলে যেসব স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে ইরানের সেনাবাহিনীর একটি সামরিক একাডেমি অন্যতম।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার একজন প্রতিবেদক ঘটনাস্থলের কাছ থেকে লাইভ করার সময় হামলাটি ঘটে।
ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম জর্ডানের একটি ‘গুরুত্বপূর্ণ’ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে।
আজ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
গোষ্ঠীটি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
জর্ডানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইরব শহরে কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুটি পতাকাবাহী বিমান সংস্থার মধ্যে একটি, ইতিহাদ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, তারা আজ আবুধাবি এবং গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে সীমিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করবে।
এক্স পোস্টে বিমান সংস্থাটি যাত্রীদের পরামর্শ দিয়েছে যে, যদি তাঁদের নতুন করে চালু হওয়া ফ্লাইটে নিশ্চিত বুকিং থাকে অথবা ইতিহাদ সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করে থাকে, তাহলে তাঁরা যেন বিমানবন্দরে যান।

ইউনিসেফের হিসাবে, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের পর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ শিশু নিহত হয়েছে।
এর মধ্যে ইরানে কমপক্ষে ১৮১টি, লেবাননে ৭, ইসরায়েলে ৩ এবং কুয়েতে একটি শিশু নিহত হয়েছে।
ইউনিসেফ বিবৃতিতে বলেছে, শিশুরা যুদ্ধ শুরু করে না, তবে তাদের উচ্চমূল্য দিতে হয়। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের ফলে ইতিমধ্যেই শিশুদের ওপর বিধ্বংসী প্রভাব পড়েছে।
এদিকে ইরানের আইআরজিসি জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়, এতে কমপক্ষে ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়।
ইরানের ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল প্রেস টিভির তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে মার্কিন ও ইসরায়েলি হামলায় যেসব স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে তেহরানের আবাসিক এলাকাও রয়েছে।
ইরানের সংবাদমাধ্যম মামলেকাতে আরও জানিয়েছে, শুক্রবার সকালে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও হামলা চালানো হয়েছে। এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে ক্ষয়ক্ষতি দৃশ্যমান।
তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় বৃহস্পতিবার রাতের হামলায় শহরের ফিন্যান্সিয়াল হারবার টাওয়ার বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্যবস্তু করা হয়েছিল।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, কমপ্লেক্সটিতে আক্রমণ করা হয়েছিল কারণ এখানে ইসরায়েলি দূতাবাসের অবস্থান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের আশপাশে একটি ইরানি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ শুক্রবার ভোরে ইসরায়েলি স্থলবাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের ভূখণ্ডে প্রবেশকারী সেনাবাহিনীও আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা মারুন আল-রাস এবং কাফার কিলা-সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের ইওভ সামরিক শিবির এবং ইসরায়েলের হাইফা বন্দরে একটি নৌঘাঁটিও লক্ষ্যবস্তু করেছে।
হতাহতের তাৎক্ষণিকভাবে কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে, লেবাননের সঙ্গে বিতর্কিত সীমান্তে বসবাসকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছিল হিজবুল্লাহ।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় রাতভর হামলায় শহরের ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স’ বাণিজ্যিক কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ওই কমপ্লেক্সে শহরের ইসরায়েলি দূতাবাস অবস্থিত হওয়ায় সেখানে এই হামলা চালানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কমপ্লেক্সের কাছেই একটি ইরানি ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে।
এদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ এয়ার বেস লক্ষ্য করে চালানো একটি ড্রোন হামলা তাদের বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।
এর আগে কাতার সরকার দেশটির নাগরিকদের মোবাইল ফোনে নিরাপত্তা সতর্কতা পাঠিয়ে বাসিন্দাদের জানালা এবং খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার পর এই ঘোষণাটি এল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা ধারণা করছেন—ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী ছিল। এই ভয়াবহ হামলায় ১৬৫ জন শিশুর প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।
দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, স্কুলটিতে বোমা হামলার বিষয়ে মার্কিন তদন্তের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এই তদন্ত এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বা এর কার্যক্রমও শেষ হয়নি।
গত শনিবার দক্ষিণ ইরানের মিনাব এলাকার সেই প্রাথমিক বিদ্যালয়টিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র, নয়তো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরাইনি শুরুতে জানিয়েছিলেন, হামলায় ১৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। পরবর্তীতে সেই নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়ায়।
গত সপ্তাহে ওই হামলায় নিহত স্কুলছাত্রী ও কর্মীদের জন্য ইরানে এক বিশাল জানাজা ও শোকসভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী—ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা যেকোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো একটি যুদ্ধাপরাধ।
ইরান অভিযোগ করেছে, দেশটিতে ৩ হাজার ৬০০টির বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইরানের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১৩ দফায় হামলা হয়েছে।
ইরানজুড়ে সরকারের সমর্থনে জাতীয় পতাকা হাতে ব্যাপক বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকেরা। গতকাল বুধবার স্থানীয় সময় দিবাগত গভীর রাতে ইরানের রাস্তায় কালো আবায়া পরা নারী এবং জাতীয় পতাকা হাতে পুরুষদের ভিড় জমে ওঠে। তারা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় শোক প্রকাশ করেন।
সিএনএন জানায়, বিক্ষোভে অনেকের হাতে খামেনির ছবি ছিল। তেহরানের মসজিদ এবং প্রধান চত্বরে নামাজে অংশ নেন অনেকে। মাশহাদ, কোম, আহওয়াজ, কারাজ, রাশত, জাবোল, ইসফাহান এবং আবাদানসহ অন্য শহরগুলোয়ও ব্যাপক বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরনা।
আরেক ইরানি সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, খামেনির জানাজা অনুষ্ঠান স্থগিত করলেও কর্তৃপক্ষ নতুন সময় শেষ খবর পাওয়া পর্যন্ত জানায়নি।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত আল-খারজ শহরের বাইরে আকাশে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।
তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল বা এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই হামলার মাধ্যমে আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান–ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে ইরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এসব হামলায় মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘তারা ইচ্ছাকৃতভাবে ইরানকে উসকে দিয়েছে, যাতে ইরান কয়েকটি আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এর ফলে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে রাশিয়ান পক্ষ গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’ রাশিয়া আরও বলেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে অন্যের স্বার্থে পরিচালিত এক যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে।
বিবৃতিতে বলা হয়, ‘এভাবে তারা আরব দেশগুলোকে অন্য কারও স্বার্থে পরিচালিত যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করার একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে আপাতত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে হামলা থামতে যাচ্ছে বা উত্তেজনা কমছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে।’এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে এবং অন্যটি শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে পড়েছে।
আজারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ড থেকে চালানো এই ড্রোন হামলার আমরা তীব্র নিন্দা জানাই। এই হামলায় বিমানবন্দরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’
এদিকে, ইরান–তুরস্ক সীমান্ত থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন—কাপিকয় সীমান্ত পারাপার তুরস্কের ভান প্রদেশের সঙ্গে ইরানের খোয় শহরকে যুক্ত করেছে। দুই দেশের মধ্যে যাতায়াতের জন্য এটি অন্যতম জনপ্রিয় পথ, বিশেষ করে ইরানি পর্যটকদের কাছে।
তবে যুদ্ধ চললেও, সীমান্তে আসা-যাওয়ার সংখ্যায় তেমন কোনো হেরফের হয়নি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি; বরং নিরাপত্তা ও শুল্ক সংক্রান্ত যাবতীয় কার্যক্রম একেবারে স্বাভাবিক নিয়মেই চলছে।
দুই দেশের এই সীমান্ত প্রায় ৫৩৪ কিলোমিটার (৩৩২ মাইল) দীর্ঘ। সাধারণ মানুষ এবং বাণিজ্যের জন্য বর্তমানে তিনটি সীমান্ত পথ সচল রয়েছে। গত এক সপ্তাহে যাতায়াতকারী মানুষের সংখ্যা প্রায় একই রকম ছিল; অর্থাৎ প্রবেশ এবং প্রস্থানের সংখ্যায় মোটামুটি একটা ভারসাম্য বজায় রয়েছে।
আবুধাবির সরকারি জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুই প্রধান বিমান সংস্থা, এমিরেটস এবং ইতিহাদ, দেশটির নিরাপদ আকাশসীমা ব্যবহার করে দুবাই ও আবুধাবি থেকে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসি দাবি করেছে, আজ বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরের উত্তরাংশে তাদের নৌবাহিনী একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হেনেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই পথ দিয়ে ‘পার হতে দেওয়া হবে না।’
আইআরজিসি আরও বলেছে, ‘যদি তাদের দেখা পাওয়া যায়, তবে নিশ্চিতভাবেই আঘাত হানা হবে।’
ইরানের তাসনিম নিউজের বরাতে তারা আরও জানায়, ‘আমরা আগেই বলেছি, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধের সময়ে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের থাকবে।’
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই সবপক্ষই ‘শেষ পর্যন্ত’ যাওয়ার অঙ্গীকার করছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল বুধবার রাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কথা বলেছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হেগসেথ ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যকার নজিরবিহীন সহযোগিতা’র প্রশংসা করেছেন এবং কাৎজকে উৎসাহ দিয়ে বলেছেন, ‘শেষ পর্যন্ত এগিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি।’
এদিকে, ইরানি জেনারেল কিয়ুমারস হায়দারী ঘোষণা করেছেন, ইরান লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘এই যুদ্ধ থেকে কখনও সরে দাঁড়াবে না।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র ‘শক্ত ধাক্কা’ দেওয়ার অঙ্গীকার করেন।
ইরানে সশস্ত্রবাহিনীর প্রধান কার্যালয় খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের ডেপুটি কমান্ডার। তিনি ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে মাধ্যমে বলেন, ‘আমাদের কাছে এই যুদ্ধ কত দিন চলবে তা গুরুত্বপূর্ণ নয়। আমরা একটি আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা পেয়েছি, এবং আমরা এই যুদ্ধ শেষ করব কেবল তখনই যখন আমরা আমাদের লক্ষ্য পূর্ণ করব এবং শত্রুকে তার লজ্জাজনক কাজের কারণে অনুতপ্ত ও হতাশ করে তুলব।’
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। গতকাল বুধবার তুরস্ক জানিয়েছিল, তাদের আকাশসীমার দিকে ধাবমান একটি ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।
ইরানের মেহের নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে বলেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্রবাহিনী প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র তুরস্কের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তুরস্কের ভূখণ্ডের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আমরা অস্বীকার করছি।’
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার ওপর দিয়ে উড়ে তুর্কি আকাশসীমার কাছাকাছি পৌঁছেছিল। তবে সেটি আটকে দেওয়ার পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক তাদের ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ করে ‘প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে’ এবং ‘ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্পষ্ট ভাষায় সতর্কতা জারি করছে।’
মধ্যপ্রাচ্যে টানা ষষ্ঠ দিনের মতো আকাশপথে হামলা চলার মাঝেই ইরান গত রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর আগে, গতকাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর তাদের বোমাবর্ষণ জোরদার করেছিল। ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতেও বাসিন্দাদের সতর্ক করার পর হামলা চালিয়েছে।
কিছুক্ষণ বিরতির পর রকেটের আগাম সতর্কবার্তা হিসেবে তেল আবিব ও জেরুজালেমে আবারও বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইরান থেকে রকেট ছোড়ার পরিমাণ কমে আসায় ইসরায়েল জনসাধারণের ওপর থাকা কিছু বিধিনিষেধ শিথিল করছে। ইসরায়েলের এক সামরিক মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে চালানো অভিযান সফল হয়েছে।
এদিকে ইরানের রাজধানী তেহরানে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। লেবানিজ কর্মকর্তাদের মতে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে শুরু হওয়া এই লড়াইয়ের কারণে ইতিমধ্যে ৮০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

টানা ষষ্ঠ দিনের হামলার মধ্যেই ইরানিরা ঘুম থেকে উঠছেন আজ বৃহস্পতিবার সকালে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ থামেনি। গতকাল বুধবার মধ্যরাতের পর থেকেই নতুন করে আরেক দফা হামলা শুরু হয়। প্রায় এক ঘণ্টা আগে রাজধানী তেহরানের পূর্বাঞ্চল থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমরা যেখানে আছি সেখানেও সেই বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে।
তবে এখনো স্পষ্ট নয়, ঠিক কোন জায়গাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাতভর হামলা হয়েছে কুর্দি অধ্যুষিত শহর সানানদাজ, সাক্কেজ ও বুকানেও। জানা গেছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ১৫০টিরও বেশি শহরে হামলা হয়েছে।
এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ১৯তম দফা প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে।
গত কয়েক ঘণ্টা ধরে ইরানের রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে শহরের পূর্বাংশে, একের পর এক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে ধোঁয়ার বড় বড় স্তম্ভও দেখা গেছে। শুধু তেহরানেই নয়, দেশজুড়ে এই হামলা চলছে। সানানদাজসহ আরও কয়েকটি শহরেও আঘাত হেনেছে হামলাকারীরা।
এখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা এবং ভয় কাজ করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই তীব্রতর সামরিক অভিযানে মানুষের উদ্বেগ বাড়ছে। অন্যদিকে আইআরজিসি তাদের পাল্টা হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, প্রতিশোধমূলক হামলার ১৯তম ধাপ এখন চলছে।
এই হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, ইসরায়েলের ভেতরের লক্ষ্যবস্তু এবং বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরকে নিশানা করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, প্রতিবেশী ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ‘ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি’ লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইরানি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা যায়, অভিযানের সময় রাতের আকাশে একের পর এক বিস্ফোরণে আলো ছড়িয়ে পড়ছে।
তবে কোথায় এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।
এর আগে, আল জাজিরার জানিয়েছিল, উত্তর ইরাকের সুলেইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, হামলার লক্ষ্য ছিল কুর্দিস্তান টয়লার্স অ্যাসোসিয়েশন বা কোমালা নামের একটি ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তর।
এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল, যখন সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে বলে খবর এসেছে। আলোচনায় তারা জানতে চেয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর কীভাবে এবং আদৌ হামলা চালানো উচিত কি না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইরাক সীমান্তভিত্তিক ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর একটি জোট সম্ভাব্য এমন হামলার প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের আশা, এতে ইরানের সামরিক শক্তি দুর্বল করা যাবে।
এর আগে ইরানের তাসনিম নিউজ ইরাকে অবস্থানরত কুর্দি যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকেছে—এমন খবর অস্বীকার করেছে।
অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উত্তরের আল জাওয়ফ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, আল খারাজ গভর্নরেটের পূর্বদিকে আরও তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এক পৃথক ঘটনায় তাদের আঞ্চলিক জলসীমার বাইরে একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি মোবারক আল খাবীর বন্দর থেকে ৬০ কিলোমিটারেরও (৩৭ মাইল) বেশি দূরে ঘটেছে।
এর আগে, ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, নোঙর করে থাকা একটি ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজের বাম পাশে বড় ধরনের বিস্ফোরণ দেখতে ও শুনতে পান। এরপর একটি ছোট নৌযানকে এলাকা ছেড়ে চলে যেতে দেখা যায়।
সংস্থাটি জানায়, জাহাজের সব ক্রু নিরাপদে আছেন। তবে জাহাজে পানি ঢুকেছে এবং একটি কার্গো ট্যাংক থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে।
দোহায় মার্কিন দূতাবাসের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতা। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে যাঁদের সরানো হয়েছে, তাঁদের জন্য ইতিমধ্যে বিকল্প আবাসের ব্যবস্থা করা হয়েছে।
সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। গত শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি থমথমে। এর প্রতিক্রিয়ায় ইরান কেবল ইসরায়েল নয়, বরং বিভিন্ন দেশে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে। চলতি সপ্তাহে সৌদি আরব, কুয়েত ও দুবাইয়ের মার্কিন দপ্তরগুলোতে হামলার ঘটনার পর এবার দোহাতেও বাড়তি সতর্কতা নেওয়া হলো।
দোহায় মার্কিন দূতাবাসের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতা। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে যাঁদের সরানো হয়েছে, তাঁদের জন্য ইতিমধ্যে বিকল্প আবাসের ব্যবস্থা করা হয়েছে।
সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। গত শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি থমথমে। এর প্রতিক্রিয়ায় ইরান কেবল ইসরায়েল নয়, বরং বিভিন্ন দেশে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে। চলতি সপ্তাহে সৌদি আরব, কুয়েত ও দুবাইয়ের মার্কিন দপ্তরগুলোতে হামলার ঘটনার পর এবার দোহাতেও বাড়তি সতর্কতা নেওয়া হলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর প্রতিরক্ষায় সহায়তা করতে বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এসব বিশেষজ্ঞ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় কাজ করবেন।
তিনি জানান, গতকাল তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সমপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন। আজ কথা বলেছেন জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে মন্ত্রী ও সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনা করার পর, তিনি তাদের নির্দেশ দিয়েছেন মিত্র দেশগুলোকে সহায়তার বিভিন্ন বিকল্প পরিকল্পনা প্রস্তুত করতে। তবে সেই সহায়তা যেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল না করে, সে বিষয়েও গুরুত্ব দিতে বলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করতে পারে…।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের সামরিক বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করবেন, এবং এ লক্ষ্যে টিমগুলো ইতিমধ্যে সমন্বয় করছে। আমরা জীবন রক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং পরিস্থিতি স্থিতিশীল করা ও অঞ্চলে নিরাপদ নৌ-চলাচল পুনরুদ্ধারের প্রকৃত প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।’
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কুর্দি যোদ্ধারা ইরানে প্রবেশ করে স্থল অভিযান শুরু করেছে—ফক্স নিউজসহ আরও কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের কোনো ভিত্তি নেই।
ইলাম, কেরমানশাহ ও পশ্চিম আজারবাইজান সীমান্ত প্রদেশে নিজেদের তিন প্রতিবেদকের উদ্ধৃতি দিয়ে তাসনিম বলেছে, এসব খবর মিথ্যা। ইরানের সীমান্ত পেরিয়ে কোনো যোদ্ধা ঢুকেছে— এমন ‘কোনো খবর নেই।’
ইরানি কুর্দি দলগুলোর জোটের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, তাদের বাহিনী কোনো স্থল অভিযান শুরু করছে না।
এর আগে, বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানে সীমান্তপারের সামরিক অভিযানে সহায়তার জন্য ইরাকি কুর্দিদের কাছে অনুরোধ করেছিলেন। একই সঙ্গে সেনারা ‘স্ট্যান্ডবাই’ অবস্থায় রয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট।
সর্বশেষ এই ‘ওয়ার পাওয়ার্স রেজোলিউশন’ বা যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবটি পদ্ধতিগত ভোটে ৪৭-৫২ ব্যবধানে হেরে গেছে। বিদেশের মাটিতে ট্রাম্পের সামরিক তৎপরতা কমানোর পক্ষের লোকদের জন্য এটি একটি বড় ধাক্কা এবং এই অভিযানের প্রতি রিপাবলিকানদের জোরালো সমর্থনেরই বহিঃপ্রকাশ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে (House of Representatives) আলাদা একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে সেটিও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। এই সময়ে ইরানজুড়ে চালানো হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। জবাবে, ইরান আরও পাল্টা আক্রমণ শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে। খবর আল জাজিরার।
ইরানের তাসনিম নিউজের তথ্যমতে, গতকাল বুধবার ইসরায়েলি হামলায় রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম, পশ্চিম ইরান এবং মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, এই হামলায় আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তারা ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) আধাসামরিক স্বেচ্ছাসেবী বাহিনী ‘বাসিজ’–এর ভবন এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১ হাজার ৪৫ জনে পৌঁছেছে।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভল জানিয়েছেন, সাধারণ মানুষ এই হামলার মূল শিকার হচ্ছে এবং দেশটি সব দিক থেকে আগুনের মুখে রয়েছে। তিনি বলেন, ‘সারা দেশে একটি নিরবচ্ছিন্ন ও টেকসই অভিযান চলছে যা কোনো অঞ্চল, শহর বা এলাকাকেই রেহাই দিচ্ছে না।’ তিনি যোগ করেন, ‘আমরা জানি যে ৩০০ শিশু ও কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে... এবং আহত হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ।’
মার্কিন হামলায় ভারত মহাসগরে ইরানের যুদ্ধজাহাজডুবির ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানান, জাহাজটি ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর থেকে ভারত মহাসাগরের ওপর দিয়ে ইরানে ফিরছিল।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরের কাছে তুরস্কের ডর্টিওল জেলার ওপর ভূপাতিত ক্ষেপণাস্ত্রটি পড়ে। ফলে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তুরস্ক জোর দিয়ে বলেছে, হুমকি যেখান থেকেই আসুক না কেন নিজেদের ভূখণ্ড এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্ষম।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা মনে করিয়ে দিচ্ছি যে, আমাদের দেশের প্রতি যেকোনো শত্রুতাপূর্ণ তৎপরতার জবাব দেওয়ার অধিকার আমরা সংরক্ষণ করি। এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য আমরা সব পক্ষকে আহ্বান জানাই যা এই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে দেবে।’
কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস উপসাগরীয় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশনা দিয়েছে।
দূতাবাস থেকে এক্স হ্যান্ডলে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ৩ মার্চ, পররাষ্ট্র দপ্তর সশস্ত্র সংঘাতের হুমকির কারণে জরুরি প্রয়োজন ছাড়া মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। যদি তা করা নিরাপদ হয়, তাহলে আমেরিকানদের এখনই কাতার ত্যাগ করা উচিত।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, কাতারের আকাশসীমা এবং সমুদ্রপথ বন্ধ রয়েছে। সৌদি আরবের সালওয়া স্থল সীমান্ত ক্রসিং বর্তমানে খোলা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে।
তিন ধাপের জানাজা আজ দিনের শেষ ভাগে শুরু হওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে সবকিছু ঠিকঠাক করার প্রস্তুতিও দেখা গেছে।
তবে, গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আয়োজকেরা বলেছেন অবকাঠামো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান স্থগিত রাখা হবে।
জানাজা কখন অনুষ্ঠিত হবে তার কোনও তারিখও ঘোষণা করা হয়নি।
উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের দেকালা শহরে বিদ্রোহী ইরানি কুর্দি বাহিনীর সদর দপ্তরে একটি অস্ত্রভাণ্ডারে ড্রোন হামলা হয়েছে, এতে দুই যোদ্ধা আহত হয়েছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।
আল জাজিরা জানিয়েছে, ইরান দীর্ঘদিন ধরেই সেখানকার সরকারকে ইরানের সরকারের বিরুদ্ধে হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বারবার তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ১০টি ড্রোন এবং ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বাহিনী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন ভূপাতিত করেছে এবং আটটি ড্রোন দেশের ভেতরে আঘাত হেনেছে।
একটি ইরানি ফ্রিগেট থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। তাদের দ্বীপের জলসীমার ঠিক বাইরে একটি বিপদ সংকেত পেয়ে নাবিকদের উদ্ধার করে তারা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বলেছেন, জাহাজটিতে ১৮০ জন ক্রু আছেন। আহত নাবিকদেরসহ জাহাজটি দক্ষিণের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে ফ্রিগেটটি আঘাত পেয়েছে কিনা তা নিয়ে সংসদে জিজ্ঞাসা করেছিলেন একজন বিরোধী আইনপ্রণেতা। তবে সরকারের তরফ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইআরজিসি জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৭তম হামলায় ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেওয়া আইআরজিসি জানিয়েছে, এই জলপথের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যেখানে ট্রাম্প বলেছেন, তিনি ট্যাংকার পাহারা দেওয়ার জন্য নৌবাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত।
ইরানের রাষ্ট্রায়ত্ত ফার্স সংবাদ সংস্থা প্রকাশিত বিবৃতিতে আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, ‘বর্তমানে, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর প্রায় পরপরই উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। কিন্তু এর মধ্যেই অপরিশোধিত তেল বোঝাই করার জন্য একটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে যাওয়ার পথে যাত্রা করেছে।
রয়টার্স জানিয়েছে,পোলা নামক ট্যাংকারটি গত ২ মার্চ গভীর রাতে প্রণালির কাছে পৌঁছানোর সময় এআইএস ট্র্যাকার বন্ধ করে দেয়। গতকাল মঙ্গলবার আবুধাবি থেকে জাহাজটি পুনরায় দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে দুটি বাণিজ্য সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের জন্য আবুধাবি মুরবানে অপরিশোধিত তেল লোড করার জন্য ট্যাংকারটি জেবেল ধন্না বন্দরের দিকে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দিয়েছে আইআরজিসি। কাতার, ইরাক, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আল-খার্জ গভর্নরেটের ওপর দিয়ে উড়ে যাওয়ার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করেছে।
এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোন ধ্বংস করেছে।
আল জাজিরা আরবির সাংবাদিক জানিয়েছেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক কয়েক ঘণ্টায়, ইসরায়েলি বাহিনী বৃহত্তর বৈরুতের অংশ হাজমিয়েহ এবং বাবদা সীমান্তের একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। এই হামলাটি কোনও সতর্কতা ছাড়াই ঘটেছে। ফলে এটি গুপ্তহত্যার চেষ্টা হতে পারে।
লেবাননের কমফোর্ট হোটেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এখনও হতাহতের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এখনও সুনির্দিষ্ট করে বলতে পারেনি, তারা কাকে লক্ষ্য করার চেষ্টা করছে।
এর আগে গত রাতভর হামলায় চলেছে আবাসিক ভবনে এবং দক্ষিণে সাদিয়াত নামে একটি গ্রামে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এতে ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে।
সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত পূর্বাঞ্চলীয় শহর বালবেকে একটি হামলা হয়েছে। একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়। এতে কমপক্ষে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, লেবাননে ইরানি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলি হুমকি ‘যুদ্ধাপরাধের অভিপ্রায়ের ইঙ্গিত’। যারা সরাসরি সংঘাতের সঙ্গে জড়িত নন, তাঁদের আন্তর্জাতিক আইনের অধীনে লক্ষ্যবস্তু করা যাবে না বলে উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘লেবাননে ইরানি সরকারের প্রতিনিধিদের উপস্থিতি সহ্য করবে না’। লেবানন ছাড়তে তাঁদের ২৪ ঘণ্টা সময় দিয়েছে তারা। এরপরই হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়েছে।
এইচআরডব্লিউ সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে বলেছে, ‘ইরানি সরকারি কর্মকর্তারা লেবানন ত্যাগ না করলে ইসরায়েলি বাহিনী তাঁদের লক্ষ্যবস্তু করবে এই হুমকি গভীরভাবে আপত্তিকর এবং যুদ্ধাপরাধ করার অভিপ্রায়ের স্বীকারোক্তি।’
আজ বুধবার মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণা ক্ষমতা হ্রাসের প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। এই প্রস্তাব পাস হলে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে। এরই মধ্যে সমালোচনা জোরদার হচ্ছে যে, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে আক্রমণ চালিয়েছেন।
বিলটির ওপর বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় সকাল ১১টায়, ভোটাভুটি হবে বিকেল ৪টায়।
ইরানের হামলার পর যুক্তরাজ্য সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য সাইপ্রাসে কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছে এবং এই অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগন মোতায়েন করছে।
সিএনএন জানায়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই পশ্চিম তীরের সব পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ওই অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিরা আটকা পড়েছেন। তাঁদের কাছে পৌঁছাচ্ছে না জরুরি সহায়তা। এই পরিস্থিতির মধ্যেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বসতি স্থাপনকারীদের হামলা-আক্রমণ বেড়েছে।
ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আঞ্চলিক বিমান চলাচলে ব্যাপক বিঘ্নের মধ্যে, পুরো মার্চ মাস বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাকিস্তানের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যস্থলগুলোর মধ্যে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট এ পর্যন্ত বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, করাচি এবং লাহোর ফ্লাইট তথ্য অঞ্চলের নির্বাচিত রুট বিভাগগুলো মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখবে।
সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, ফুজাইরা তেল শিল্প অঞ্চলে বন্দরে একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এক্স-এ এক বিবৃতিতে ফুজাইরা বন্দর কর্মকর্তারা বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে।
ইরানি সেনাবাহিনী জানিয়েছে, কেরমান প্রদেশে একটি সামরিক ঘাঁটি এবং পশ্চিম ইরানে আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলায় ১৮ ইরানি সেনা নিহত হয়েছেন।
দক্ষিণে অবস্থিত ঘাঁটিতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, পশ্চিম ইরানের হামাদানে আবাসিক এলাকায় হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনবহুল এলাকায় হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
কুয়েতে ইরানের মুহুর্মুহ হামলা এবং তিনটি এফ-১৫ যুদ্ধবিমান হারানোর পর সেখানে দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
কানাডার সৌদি আরব মিশনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দূতাবাস বন্ধ করা হচ্ছে। তারা আরও বলেছে, ৬ মার্চ, শুক্রবার পর্যন্ত সমস্ত ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে রিয়াদে যুক্তরাষ্ট্রের রিয়াদে দূতাবাসে ড্রোন হামলার পর এমন সিদ্ধান্ত নিল কানাডা।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস কমান্ড ও নিয়ন্ত্রণ অবকাঠামো, বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের স্থান এবং বিমানঘাঁটি ধ্বংস করেছে।
অবশ্য সেন্টকম তাদের দাবির পক্ষে কোনও প্রমাণ দেয়নি। শুধু সোশ্যাল মিডিয়ায় এমন দাবিতে পোস্ট করেছে।
আইআরজিসি জানিয়েছে, তারা আজ সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে বিশাল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তারা জানিয়েছে, ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন ধ্বংস করেছে এবং এর জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন ধরেছে।
বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তারা জানিয়েছে, আজ ভোরে এক ঝাঁক ড্রোন নিক্ষেপ করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
মধ্যপ্রাচ্যে সংঘাত তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ সীমিত হয়ে পড়ার হুমকির মুখে সোমবার থেকে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়তে শুরু করেছে।
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ২৫ ডলার হয়েছে, যেখানে মার্কিন-বাণিজ্য তেল প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ শুরু করার পর থেকে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বাড়ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক কাতার এনার্জি তার স্থাপনাগুলোতে ‘সামরিক হামলার’ পর উৎপাদন বন্ধ করে দিয়েছে। এরপর সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও অস্বাভাবিক বেড়ে গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবানন থেকে উৎক্ষেপিত দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
কেবল নেটওয়ার্ক নিউজনেশনকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং মার্কিন সার্ভিস সদস্যদের মৃত্যুর জন্য আমেরিকা শিগগিরই প্রতিশোধ নেবে।
সোমবার রাতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জন সেনা সদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
নিউজনেশনের রাজনৈতিক প্রতিবেদক কেলি মেয়ার এক্স-এ লিখেছেন, ‘[ট্রাম্প] আমাকে আরও বলেছেন, তিনি মনে করেন না যে মাটিতে বুট ব্যবহার করা (স্থল অভিযান) প্রয়োজন হবে।’
লেবানন সীমান্ত থেকে নতুন হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বাহিনীর এক হালনাগাদ বার্তায় জানানো হয়েছে, লেবাননের সীমান্তসংলগ্ন ইসরায়েলের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের বিমান’ শনাক্ত হওয়ার পর সতর্ক সংকেত সক্রিয় করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনার বিস্তারিত তথ্য এখনো যাচাই–বাছাই করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত থেকে শতাধিক নাগরিককে সরিয়ে নিতে সহায়তা করছে ইতালি। দেশটির সরকার জানিয়েছে, বর্তমানে আমিরাতে প্রায় ৩০ হাজার ইতালীয় নাগরিক অবস্থান করছেন।
ইতালির সিনেটে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিয় তাজানি জানান, ইতিমধ্যে ৯৮ জন ইতালীয় নাগরিক সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করে ওমানে গেছেন। তাঁরা শিগগিরই রোমে পৌঁছানোর কথা রয়েছে।
তাজানি আরও জানান, দুবাইয়ে আটকে পড়া প্রায় ২০০ ইতালীয় শিক্ষার্থীকে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্লাইটে মিলানে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা করিডর ও দূতাবাসের নেটওয়ার্ক তৈরি করছি, যাতে ইতালীয় নাগরিকদের এমন দেশগুলোতে সরিয়ে নেওয়া যায়, যেখানে থেকে নিয়মিত ফ্লাইট চালু আছে।’
এ ছাড়া মালদ্বীপ থেকে ফেরার পথে দুবাই হয়ে যাত্রা করার কথা ছিল এমন হাজারো ইতালীয় নাগরিককেও দেশে ফেরাতে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
পরিস্থিতির প্রেক্ষাপটে নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও পরিবহন সহায়তা অব্যাহত রাখবে বলে ইতালি জানিয়েছে।
কাতার জানিয়েছে, তারা ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরান থেকে আসা দুটি যুদ্ধবিমান তারা ‘সফলভাবে ভূপাতিত করেছে’।
এর আগে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আরও সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং পাঁচটি ড্রোন প্রতিহত করার দাবি করে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন।
আজ সোমবার উত্তর-পশ্চিম ফ্রান্সের ইল লঁগ সামরিক ঘাঁটিতে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ‘ইল লঁগ’ ঘাঁটিটি ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর আবাসস্থল হিসেবে পরিচিত।
ম্যাক্রোঁ জানান, বর্তমানে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৩০০–এর কম। তিনি এ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যদিও কতটি নতুন ওয়ারহেড যোগ করা হবে তা নির্দিষ্ট করে বলেননি। ১৯৯২ সালের পর এই প্রথম ফ্রান্স তাদের পারমাণবিক ভাণ্ডার বৃদ্ধি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের ইসফাহানে পারমাণবিক কেন্দ্র ও বিমানঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ ঘটেছে।
সিএনএন জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পই কেবল বলতে পারবেন, কত দিন এ অভিযান চলবে। এটি চার সপ্তাহও চলতে পারে, দুই সপ্তাহও চলতে পারে, আবার ছয় সপ্তাহও চলতে পারে। অভিযানের সময় কমবেশিও হতে পারে।’
হেগসেথ এবংমার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, ট্রাম্প যতক্ষণ পর্যন্ত অনুভব করবেন না যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের সব লক্ষ্য অর্জিত হয়েছে, ততক্ষণ এই অভিযান চলবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।
হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল। তাঁর ভাষায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার ‘ভয়াবহ চুক্তির’ অধীনে ইরান প্রায় সফল হয়ে গিয়েছিল।
ইরান সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে হেগসেথ আরও বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা ‘আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে ঐশ্বরিক মৃত্যু উপহার পেয়েছে। তবে এটি কোনো ‘তথাকথিত সরকার পরিবর্তনের যুদ্ধ’ নয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং এর ফলে বিশ্ব আরও নিরাপদ হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর গোয়েন্দা কমান্ডারকে হত্যা করেছে। গত রাতের অভিযানে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হুসেইন মাকলেডকে হত্যা করা হয়েছে বলে দাবি আইডিএফের।
সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে একটি সুনির্দিষ্ট হামলায় তিনি নিহত হয়েছেন।
তবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে গতকাল মার্কিন সেনাবাহিনীর সেন্টাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর তিনজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান স্বীকার করে যে একটি সংলাপ হতে হবে। যদি বলা হয় তাহলে আইএইএ সহায়তা করতে প্রস্তুত।
তিনি বলেন, গত শরৎ থেকে আমরা বারবার ইরানকে অনুরোধ করে আসছি যে, আমরা কি (আলোচনায়) ফিরতে পারি কিন্তু কোনো লাভ হয়নি। ইরানের সঙ্গে যোগাযোগ খুবই সীমিত, কিন্তু এখনও চলছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, শিল্প নগরী রাস লাফানের জ্বালানি স্থাপনায় দুটি ড্রোন হামলা হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এখন কর্তৃপক্ষ জানিয়েছে, কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে।
লেবানন সরকার দেশজুড়ে হিজবুল্লাহর সমস্ত প্রকার সশস্ত্র তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আজ সোমবার ইসরায়েল অভিমুখে হিজবুল্লাহর রকেট হামলার পর সরকারের এই কঠোর পদক্ষেপটি এল।
হিজবুল্লাহ লেবানন রাষ্ট্রের সাথে কোনো প্রকার পরামর্শ ছাড়াই হামলাটি চালায়, যা আঞ্চলিক উত্তেজনা এড়ানোর জন্য সরকারের ঘোষিত নীতিকে সরাসরি অগ্রাহ্য করেছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম—উভয়েই হিজবুল্লাহর এই কর্মকাণ্ডকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা দশম ধাপের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বর্তমান অবস্থান অজানা।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিপ্লবী গার্ড জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।
প্রেসিডেন্টের উপ প্রেসসচিব মেহদী তাবাতাবাই এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আদেশে, বিপ্লবী গার্ড জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও প্রতিরক্ষামন্ত্রী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন।
কুয়েতি বিমান প্রতিরক্ষা ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে, জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।
রোববার রাতে অপারেশন এপিক ফিউরির সমর্থনে উড়ন্ত তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল কুয়েতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্রতিরোধের মুখে পড়ে এবং ভূপাতিত হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানের মধ্যাঞ্চলে আরও একটি বিস্তৃত হামলা শুরু করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের জ্বালানি-সম্পর্কিত অবকাঠামোতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র জ্বালানি প্ল্যান্টের একটি পানি সংরক্ষণাগারে এবং অন্যটি কাতার এনার্জির সঙ্গে সম্পর্কিত শিল্প শহর রাস লাফানের একটি জ্বালানি স্থাপনায় আঘাত করে। ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাস্কাট গভর্নরেটের উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে যাওয়ার সময় তেল ট্যাঙ্কারটি (MKD VYOM) একটি বিস্ফোরকবাহী নৌকা দ্বারা আক্রান্ত হয়।
তাদের এক্স অ্যাকাউন্টের বিবৃতি অনুসারে, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন এবং বিস্ফোরণের পর একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। মোট ২১ ক্রুর মধ্যে বাকিদের সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে প্রথম দফায় হামলায় ইরানে দুই জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার প্রকাশিত সামরিক বিবৃতিতে নিহতদের নাম সাইয়্যেদ ইয়াহিয়া হামিদি এবং জালাল পুর হুসেন বলে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে যে হামিদি ইসরায়েল বিষয়ক গোয়েন্দা উপমন্ত্রী ছিলেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, হোসেইন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচরবৃত্তি বিভাগের প্রধান ছিলেন।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের মধ্য-পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরে মার্কিন হামলায় পাঁচ ইরানি সেনা নিহত হয়েছেন।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, গতকাল রোববার মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের সময় নাতানজে বিস্তৃত পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির ৩৫ দেশের বোর্ড অব গভর্নরদের এক সভায় সাংবাদিকদের এ কথা বলেন রেজা নাজাফি।
তিনি বলেন, গতকাল তারা নতুন করে করে ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানতে চায় কোন স্থাপনাগুলোতে আঘাত হেনেছে— জবাবে তিনি বলেন, ‘নাতানজ।’
তবে ইরানে ইসরায়েলি এবং মার্কিন হামলায় কোনও পারমাণবিক স্থাপনায় আঘাতের কোনো প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার গভর্নর বোর্ডকে এমনটিই বলেছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলো এবং জর্ডানকে রক্ষা করতে ফ্রান্স প্রস্তুত।
তিনি বলেন, বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে এসব দেশকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। জোর করে যুদ্ধে টেনে আনা হয়েছে এমন মিত্র দেশগুলোর প্রতি ফ্রান্স পূর্ণ সমর্থন এবং সম্পূর্ণ সংহতি প্রকাশ করে।
ইরানে ইসরায়েলি এবং মার্কিন হামলায় কোনও পারমাণবিক স্থাপনায় আঘাতের কোনো প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে তারা ইরানের পারমাণবিক কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে সক্ষম হয়নি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার গভর্নর বোর্ডকে এমনটিই বলেছেন।
তিনি বলেছেন, ‘আমাদের কাছে এমন কোনও ইঙ্গিত নেই যে কোনও পারমাণবিক স্থাপনা ... ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাত পেয়েছে।’
৩৫-জাতির বোর্ডকে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ইরানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে, এখনও পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি।’
সৌদি আরব জানিয়েছে, তারা তেল শোধনাগারের দিকে ধেয়ে আসা একাধিক ড্রোন প্রতিহত করেছে। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছে।
আজ সকালে রাস তানুরা শোধনাগারের দিকে দুটি ড্রোন ছুটে আসে। এ সময় প্রতিহত করলে সেগোুলো ধ্বংস হয়ে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আনুমানিক ৩ লাখ মানুষ বর্তমানে উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছে। যুক্তরাজ্য এরই মধ্যে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দল পাঠাচ্ছে।
ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুসারে, সংঘাতের প্রথম কয়েক দিনে ৩ হাজার ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর-সহ প্রধান আঞ্চলিক বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করেছে। অঞ্চলজুড়ে ছয় বা সাতটি প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন। কমপক্ষে ১৩১টি কাউন্টিতে হামলা চালানো হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন যে সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানা একটি ড্রোন রানওয়েতে আঘাত হেনেছে।
"আমরা এই মুহূর্তে আরও তথ্য এবং বিস্তারিত জানাতে পারছি না, তবে স্পষ্টতই ঘাঁটির চারপাশে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে," কুপার স্কাই নিউজ সম্প্রচারককে বলেছেন।
যুক্তরাজ্য জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সাইপ্রাসের সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য অনুরোধ করেনি
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার টাইমস রেডিওকে বলেছেন যে সাইপ্রাসে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধ করেনি যেখানে একটি মনুষ্যবিহীন ড্রোন রাতারাতি একটি পলাতক বিমানকে আঘাত করেছিল।
তিনি আরও যোগ করেছেন যে আক্রোটিরিতে রয়েল বিমান বাহিনীর ঘাঁটিটি সক্রিয় রয়েছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্রুদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল।
এর আগে আজ কুয়েতের আকাশে একটি আমেরিকান এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ভুলক্রমে সেটিকে ভূপাতিত করা হয়ে থাকতে পারে।
এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের একজন প্রতিবেদক সূত্রের বরাত দিয়ে বলেছেন, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। তবে দ্রুতই আগুন নেভানো হয়েছে।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান সৌদি তেল অবকাঠামোতে হামলা চালিয়ে থাকতে পারে।
রাস তানুরা বিশ্বের বৃহৎ তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। এই শোধনাগারটি সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল।
হামলার পর সতর্কতাস্বরূপ শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ।
লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ইসরায়েলে রকেট হামলা চালানোর পর এক বৈঠকে ঘোষণা দেন, ‘আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছি।’
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কুয়েতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। এই যুদ্ধবিমান অত্যন্ত ব্যয়বহুল।
এফ-১৫-এর আধুনিকতম সংস্করণ ‘এফ-১৫ইএক্স ঈগল ২’—এর দাম আকাশচুম্বী, যা প্রতি ইউনিটে প্রায় ৯৪ থেকে ৯৭ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
সাম্প্রতিক কয়েক ঘণ্টায় উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটল।
কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, কুয়েত সিটির কাছে মিনা আল আহমাদি তেল শোধনাগারে কিছু ধ্বংসাবশেষ পড়েছে, যার ফলে দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন।
এ ছাড়া কুয়েত ও বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজছে। কাতারের রাজধানী দোহা এবং আমিরাতের রাজধানী আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলে দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে।
বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।
কাতারের রাজধানীতে প্রায় অর্ধ ডজন বিকট শব্দ শোনা গেছে। ইরান যে হামলা অব্যাহত রেখেছে এবং তীব্রতা বাড়িয়েছে এটিই তারই ইঙ্গিত।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি মার্কিন গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য নতুন করে চাপ প্রয়োগ করেছে ইরান— মার্কিন গণমাধ্যমে এমন খবর প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আমরা আমেরিকার সাথে আলোচনা করব না।’
আজ সোমবার এক্স হ্যান্ডলে এক পোস্টে লারিজানি এ কথা বলেন।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছে।
এই খবর প্রকাশের পরপরই লারিজানি তা প্রত্যাখ্যান করে এই বিবৃতি দিলেন।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর আক্রমণ লেবাননকে বিপজ্জনক সামরিক সংঘাত থেকে দূরে রাখতে সরকারের প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।
তিনি সেই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি আগ্রাসনের’ নিন্দাও জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমরা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণের নিন্দা জানাই এবং সতর্ক করে দিয়েছি যে আমাদের সঙ্গে সম্পর্কহীন যুদ্ধকে সমর্থন করার জন্য লেবাননকে আবারও ব্যবহার করা আমাদের দেশকে আবারও ঝুঁকির মুখে ফেলবে।’
সাইপ্রাসে যুক্তরাজ্যের আক্রোটিরি বিমানঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। সেখানকার সরকার নিশ্চিত করেছে, একটি ড্রোন ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।
সাইপ্রিয়ট সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস বলেছেন, সেখানকার কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুরুতে বলেছিলেন, ইরান আক্রমণে তাঁর দেশের ঘাঁটি ব্যবহার করতে দেবেন না। কিন্তু গতকাল বলেছেন, সরাসরি হামলায় যুক্ত না হলেও যুক্তরাষ্টের অনুরোধে ঘাঁটি ব্যবহার করতে দিতে সম্মতি হয়েছেন। মূলত এর পরই ড্রোন হামলা হয়।
ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় একটি বিমান হামলা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
লেবাননের হারিস, নাবাতিহ আল-ফাওকা এবং মেফদুন শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।
উত্তর ইসরায়েলে রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের লোকদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।
এতোদিন গাজাতেও তারা একই ধরনের নির্দেশ জারি করে আসছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের আক্রোতিরিতে একটি সন্দেহজনক ড্রোন তাদের সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রোববার দিবাগত মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে।
আকতোকিরির ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের অভিযানের জন্য প্রধান সামরিক স্থাপনা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তাঁর দেশ ইরানের ওপর হামলার জন্য যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করার জন্য মার্কিন অনুরোধে সম্মত হয়েছে। মূলত এরপরই ড্রোন হামলার খবর এল।

ইরানের রাজধানী তেহরানে আবারও দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) এই বিস্ফোরণগুলো হয় বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শহরের ভিন্ন ভিন্ন এলাকায় বসবাসরত দুই সাংবাদিকের বাসার জানালার কাচ কেঁপে ওঠে।
আল-জাজিরা জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি-এর দুই সাংবাদিক কয়েক কিলোমিটার দূরে আলাদা এলাকায় অবস্থান করছিলেন। তাঁরা জানান—কাছাকাছি সময়ের মধ্যে প্রবল শব্দ ও কম্পন অনুভব করেছেন। এতে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণগুলো ছিল অত্যন্ত শক্তিশালী।
ঠিক ওই সময়ই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তারা হামলার শিকার হচ্ছে। তবে বিস্ফোরণের নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। কোনো স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে কি না বা হতাহতের ঘটনা ঘটেছে কি না—এ সম্পর্কেও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাজধানীতে পরপর বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি দেয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আল জাজিরা জানায়, ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি ট্যাংকারে হামলা চালিয়েছে। হামলার পর ট্যাংকারগুলোয় আগুন ধরে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘কেউই বিশ্বাস করবে না, আমরা কী সাফল্য অর্জন করেছি। এক ধাক্কায় ৪৮ জন নেতা নিহত। এই সংখ্যা খুব দ্রুত বাড়ছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন দেশটির জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে। এখন ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রবিন্দুতে জোরদার হামলা শুরু হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম হারিৎজ-এর অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু এক বিবৃতিতে আরও বলেছেন, তেহরানে হামলা জোরদার করা হয়েছে। সামনে আরও জোরদার হবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় আমরা সেটাই করতে পেরেছি, যা আমরা বিগত ৪০ বছর ধরে করার চেষ্টা করছিলাম।’
ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেইত শেমেশ শহরে প্রাণহানি বেড়ে নয়জন হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
কুয়েতে ইরানি হামলায় একজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের কুয়েতের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানি ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনিসহ এই দেশে প্রাণহানি বেড়ে তিনজন হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
সিএনএন জানায়, আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিহত তিনজনের মধ্যে একজন বাংলাদেশি, একজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক। তাঁরা সবাই ইরানি ড্রোনের আঘাতে নিহত হয়েছেন।
আরব আমিরাত জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরান এ পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ১৫২টি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। ১৩টি সাগরে গিয়ে পড়েছে। এ ছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান। দুটোই ধ্বংস করা হয়েছে।
ইরান আরব আমিরাত লক্ষ্য করে এ পর্যন্ত ৫৪১টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৫০৬টিই ধ্বংস করা হয়েছে। বাকি ৩৫টি দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।
ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেইত শেমেশ শহরে প্রাণহানি বেড়ে আটজন হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, মধ্য ইসরায়েলি শহর বেইত শেমেশে একটি ভবনের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন।
গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ১১ জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করা একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালির পূর্বদিকে অবস্থানরত ওই জাহাজটির পানির ওপরের অংশে আঘাত লাগে। তবে এটি ড্রোন না ক্ষেপণাস্ত্রের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
জ্বালানি পরিবহন উপাত্ত বলছে, হরমুজ প্রণালির ওপারে খোলা উপসাগরীয় জলসীমায় অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজসহ কমপক্ষে ১৫০টি ট্যাংকার নোঙর করে রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েক ডজন ট্যাংকার আটকা পড়ে আছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার পর জ্বালানি সরবরাহ ভয়াবহ সংকট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
মেরিনট্রাফিক প্ল্যাটফর্ম থেকে জাহাজ-ট্র্যাকিং তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাক ও সৌদি আরবসহ প্রধান উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর পাশাপাশি এলএনজি জায়ান্ট কাতারের উপকূলের কাছে খোলা জলসীমায় ট্যাংকারগুলো জড়ো করা হয়েছে।
তেহরান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে ইরানের রাষ্ট্র পরিচালিত ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি আইআরএনএ জানিয়েছে, তেহরানে গত ২৪ ঘণ্টায় ৬০টি হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী তেহরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন স্থানে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
ইরাকের এরবিল সামরিক ঘাঁটির কাছে মার্কিন বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোন ভূপাতিত করেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটির লক্ষ্য করে ছুটে আসা ড্রোন মার্কিন বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণকে ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।
মুখপাত্র বলেছেন, এই আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টারের মতো আচরণের কারণে এটিই ছিল অনিবার্য পরিণতি।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ‘আগ্রাসনমূলক যুদ্ধ’ যেকোনো পরিস্থিতিতেই অগ্রহণযোগ্য।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খামেনি হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মান লঙ্ঘন করে একটি ‘ঘৃণ্য হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছেন পুতিন।
আগে তেহরানের আশেপাশে হামলা চালানো হয়েছিল, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন, কারণ হামলাগুলো হচ্ছে শহরের মাঝখানে।
তেহরানের বিমানবন্দরসহ সাতটি স্থানে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য নেই। স্থানগুলো সামরিক বাহিনী বা সরকারের সঙ্গে যুক্ত কিনা জানা যাচ্ছে না।
বড় বড় হোটেল এবং শপিং মলের কাছে হামলা চালানো হয়েছে। এ কারণে ইরানিরা এখন আগের চেয়ে বেশি ভয় পাচ্ছেন। হামলা এখন তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে।
সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
জিসিসি হলো আরব উপদ্বীপের ছয়টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। এই জোটের সদস্যরা হলো— বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
অভিভাবক পরিষদের (গার্ডিয়ান কাউন্সিল) সদস্য আলীরেজা আরাফিকে ইরানের লিডারশিপ কাউন্সিলের জুরি সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত সর্বোচ্চ নেতার ভূমিকা পালনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এটি।
আরাফি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইয়ের সঙ্গে অস্থায়ী লিডারশিপ কাউন্সিলের অংশ হলেন।

গত এক ঘণ্টা ধরে রাজধানী তেহরানজুড়ে ক্রমাগত বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। তেহরানের রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও, কিছু প্রাথমিক প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ছাড়া সঠিক স্থান এবং স্থানগুলো সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
তবে সমগ্র তেহরানে বিভিন্ন স্থান থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি বলেছেন, আমেরিকা ও ইসরায়েলকে এমন এক শক্তি দিয়ে আঘাত করা যা তারা আগে কখনও দেখেনি।
এক্স হ্যান্ডলে তিনি বলেন, ‘গতকাল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আজ আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা তারা আগে কখনও দেখেনি।’
ফিলিস্তিনি গোষ্ঠীটি হামাস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘তিনি আমাদের জনগণ, আমাদের লক্ষ্য এবং আমাদের প্রতিরোধকে সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সহায়তা দিয়েছিলেন।’
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।
পূর্ব রিয়াদের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাঁরা বেশ কয়েকটি বিকট শব্দ শুনতে পেয়েছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে, সাইয়্যেদ খানদান ও কাসর মোড়ের আশেপাশের এলাকায়, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিটে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে য়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মিনিট আগে ঘোষণা দিয়েছে, তারা রাজধানীর প্রাণকেন্দ্রে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।
ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ওমানের মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকার স্কাইলাইটে হামলা চালানো হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। জাহাজের ২০ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুকম বন্দরকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরে, স্থানীয় সময় শনিবার নিউইয়র্ক সিটির মানুষ টাইমস স্কয়ারে সমবেত হয়েছেন।
মেয়র জোহরান মামদানি এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলে অভিহিত করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান শনিবার দেশটিতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে।
আবুধাবির বিমানবন্দরে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে ইরানি হামলায় কমপক্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
আকাশপথে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই বিমানবন্দরেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

পাকিস্তানের জরুরি উদ্ধার পরিষেবার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, বিক্ষোভকারীরা পাকিস্তানের শহরে মার্কিন কূটনৈতিক মিশনে হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার সময় বেশ কয়েকজন আহত হয়। পরে সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ইসরায়েলের বিমান বাহিনী দাবি করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আক্রমণে শনিবার এক দিনেই ইরানে ১ হাজার ২০০টিরও বেশি গোলাবারুদ ফেলেছে।
ইরানে যেসব স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়, যেখানে কমপক্ষে ১৪৮ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, স্কুলে হামলায় বহু সংখ্যক নিরীহ শিশু নিহত হয়েছে। এর জবাব দেওয়া হবে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার মার্কিন-ইসরায়েলের হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।
এর আগে ইরান আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহতের খবরও নিশ্চিত করেছে।
আইআরএনএ জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কমান্ডার নিহত হয়েছেন। পরে পরে তাঁদের নাম ঘোষণা করা হবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, আমেরিকার সঙ্গে যৌথ আক্রমণের ইসরায়েল ইরানকে বিভাজিত করতে চায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি সরকার নিজের অস্তিত্ব রক্ষার জন্য বৃহৎ দেশগুলোকে বিভক্ত করা ছাড়া আর কোনও বিকল্প দেখছে না।
লারিজানি ট্রাম্পকে ‘লুণ্ঠনের সাক্ষাৎ মূর্ত’ হিসেবেও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প ইরানের সম্পদ দখল করার চেষ্টা করছেন।
আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী সরকার ইরানি জাতির হৃদয় পুড়িয়েছে, আমরাও তাদের হৃদয় জ্বালিয়ে দেব।
একটি অপেক্ষাকৃত শান্ত সন্ধ্যার পর, দোহার আকাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা করছে ইরান।
ইরান থেকে কাতারে কতগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা কঠিন।
দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণ ঘটেছে। আরও হামলার আশঙ্কা করা হচ্ছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকা ও ইসরায়েল ‘আমাদের রেড লাইন অতিক্রম করেছে এবং তাদের এর মূল্য দিতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের ‘নোংরা অপরাধী’ বলে অভিহিত করেছেন, যারা ইসলামি প্রজাতন্ত্রের ওপর তাদের চলমান আক্রমণের জন্য ‘বিধ্বংসী প্রত্যাঘাত’ পাবে।
গালিবাফ টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেছেন স্পিকার।
আল জাজিরা আরবির সাংবাদিকেরা জানিয়েছেন, জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী আম্মানের আকাশসীমা এবং উত্তরাঞ্চলে প্রবেশকারী ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
ইসরায়েলের তেল আবিব শহর এবং এর আশেপাশে বিমান হামলার সাইরেন বাজতে থাকার সময় এই ঘটনা ঘটে।
এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের হত্যার পর ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ষষ্ঠ দফায় হামলার ঘোষণা দিয়েছে আইআরজিসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ইরানে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ইরান শুধু বলেছে যে তারা আজ খুব জোরে আঘাত করতে চলেছে, আগের চেয়েও বেশি জোরে। তবে তাদের এটা না করাই ভালো কারণ যদি তারা তা করে, তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি!’
দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন।
শনিবার এই হামলাটি ঘটে এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এর মধ্যে প্রায় অর্ধেকই বেসামরিক নাগরিক।
আল জাজিরা আরবির সাংবাদিকেরা জানিয়েছেন, কুয়েতে সাইরেন বাজানোর শব্দ পেয়েছেন তাঁরা। খামেনি হত্যার প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে ইরান। এরই মধ্যে ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী— আইআরজিসি।
ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থান, ছবি, ভিডিও অনলাইনে শেয়ার না করার নির্দেশ দিয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকায় এ ধরনের কনটেন্ট শত্রুপক্ষের উপকারে আসতে পারে বলে মনে করছে তারা।
এক্স হ্যান্ডলে সেনাবাহিনী আরও বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সুরক্ষিত বাংকারে থাকতে হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ হিসেবে আইআরজিসি ষষ্ঠ ধাপে হামলা শুরু করেছে।
তারা জানিয়েছে, ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। ২৭টি মার্কিন ঘাঁটি, সেই সঙ্গে ইসরায়েলি তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুবাই শহরে বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় আরও আটজন আহত হয়েছেন, যার ফলে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়াও বলা হয়েছে, বিভিন্ন এলাকায় সীমিত পরিমাণে বস্তুগত ক্ষতি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ড্রোনটি যে এলাকায় আঘাত হেনেছে সেখান থেকে ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর এক্স-এ এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ‘দুঃখ ও শোক, প্রকাশ করেছেন। তিনি ইরাকে তিন দিনের গণশোক ঘোষণা করেছেন।
ইরান ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।
ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট এখন খামেনির উত্তরসূরি নিয়োগে উদ্যোগ নেবে। সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে জ্যেষ্ঠ নেতাদের এক জায়গায় জড়ো করাটা ইরানের জন্য কঠিন হবে।
এর আগে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
আলী শামখানি এবং আইআরজিসির পাকপুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত হয়েছেন।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তাঁর মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সির মতে, খামেনির এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশে কয়েক ডজন যুদ্ধবিমান হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ আগে পশ্চিম ও মধ্য ইরানে ইরানি শাসকগোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে।
ইরানে বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা, সামরিক সদর দপ্তর এবং অন্যান্য ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েল।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গতকাল শনিবার ভোরে খামেনিকে তাঁর কার্যালয়েই হত্যা করা হয়েছে। ওই সময় তিনি ‘তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে’ রত ছিলেন।

ইরানের ফার্স সংবাদ সংস্থা ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, আক্রমণাত্মক অভিযান ‘মাত্র কয়েক মুহূর্তের মধ্যে’ শুরু হবে এবং এই অঞ্চলে ‘অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে আক্রমণ চালানো হবে।

এই যুদ্ধের পরিণতি কেমন হবে তা এখন নির্ভর করছে খামেনি হত্যার প্রতিশোধ ইরান কীভাব নেয় তার ওপর। খামেনির সমর্থকদের জন্য, অবশ্যই যারা উইলায়াত আল-ফকিহ-তে বিশ্বাস করেন, যা ইসলামী বিপ্লবের মূলনীতি, তাদের জন্য তিনি একজন প্রতীকে পরিণত হতে চলেছেন।
খামেনিকে এখন একটি শক্তিশালী প্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এই হত্যা সম্ভবত তাঁকে (রুহুল্লাহ) খোমেনির সমান স্তরে উন্নীত করবে। খোমেনি ইরান ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনি একজন বিপ্লবী।
এই উত্তরাধিকার বিবেচনা করলে আলী খামেনি এখন প্রায় খোমেনির সমান হয়ে যাবেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা।
ওই ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত আর নেই। তবে তিনি স্পষ্ট করে বলতে পারেননি, খামেনি আর বেঁচে নেই। তিনি শুধু বলেছেন, যেসব তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে, তাতে ক্রমেই আভাস স্পষ্ট হচ্ছে যে ইরানের ‘স্বৈরশাসক’ আর নেই।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ তথ্য দাবি করেন নেতানিয়াহু। তবে ইরানের তরফ থেকে এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য আসেনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কী অবস্থায় আছেন, তা জানেন না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কী অবস্থায় আছে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলার অবস্থানে তিনি নেই।
সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।
ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজকেই এই প্রণালি দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।
ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত কৌশলগত পানিপথ হরমুজ প্রণালি। রেভল্যুশনারি গার্ডস কর্পসের পক্ষ থেকে এই পানিপথে চলাচলকারী জাহাজগুলোকে প্রণালিটি বন্ধের বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে।
হরমুজ প্রণালি সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। বিশেষ করে বিশ্বজুড়ে তেল পরিবহনে এই রুট সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই পথে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট স্যোসাইটি জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণহানী বেড়ে অন্তত ২০১ জন হয়েছে। দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিই শনিবার আক্রান্ত হয়েছে। হামলায় অন্তত ৭৪৭ জন আহত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে ফের হামলা শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এ দফার হামলায় ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল ও প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ইরানের প্রভাবশালী রেভোল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত কৌশলগত পানিপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান।
সূত্রের বরাত দিয়ে তাসনিম এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি বলেছে, এরই মধ্যে এই পানিপথে চলাচলকারী জাহাজগুলোকে বার্তা দিতে শুরু করেছে রেভোল্যুশনারি গার্ডস কর্পস। বার্তায় বলা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও (ইউকেএমটিও) একই ধরনের তথ্য জানিয়েছে। তারা বলেছে, জাহাজগুলো হরমুজ প্রণালী বন্ধের বার্তা পেয়েছে।
হরমুজ প্রণালী সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। বিশেষ করে বিশ্বজুড়ে তেল পরিবহনে এই রুট সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই পথে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশের মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা এখন ৮৫ জনে দাঁড়িয়েছে।
কাতারের রাজধানী দোহায় নতুন করে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারোট এক্স-এ বলেছেন, তাঁর দেশ আজ গ্রিনিচ মান সময় ২১:০০ ঘটিকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধ করেছে।
ব্যারোটের মতে, এই বৈঠকের উদ্দেশ্য হলো ইরান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলা করা।
ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর কথা জানিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, আজকের হামলায় ইরান সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
ওই কর্মকর্তা বলেছেন, অভিযানের সময় একই সময়ে ইরানি সরকারের কর্মকর্তারা জড়ো হয়েছিলেন এমন তিনটি স্থানে আঘাত করা হয়েছিল।
ওই কর্মকর্তা আরও দাবি করেছেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মার্কিন সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় রয়েছে। তারা লক্ষ্যবস্তুর একটি ‘মূল্যবান এবং বিস্তৃত তালিকা তৈরি করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে।
আল জাজিরার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে দুটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধার কর্মীদের সেখানে ডাকা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েল ভূখণ্ডের দিকে নতুন করে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি ঘটেছে। সকাল থেকে হামলা অবিরাম চলছে।
উপকূলের তেল আবিব এবং হাইফা এলাকায় সাইরেন বাজানো হচ্ছে।
কুয়েতের জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন। যাত্রী ভবনেরও সীমিত ক্ষতি হয়েছে।
এর সরকারী মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেছেন, কর্তৃপক্ষ অবিলম্বে অনুমোদিত জরুরি প্রক্রিয়া শুরু করেছে, যেখানে ঘটনাটি পরিচালনা করা হয়েছে এবং স্থানটি সুরক্ষিত করা হয়েছে।
শনিবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। যুক্তরাজ্যের সময় রাত ১১টায় বৈঠক ডাকা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের’ তীব্র নিন্দা জানানোর করার পর এই বৈঠক আহ্বান করা হলো।
এক বিবৃতিতে গুতেরেস বলেছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে। সেই সঙ্গে ‘তাৎক্ষণিকভাবে শত্রুতা বন্ধের’ আহ্বান জানিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিকট শব্দ শোনা গেছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শহরের পাম আইল্যান্ড এলাকায় ধোঁয়া এবং আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কয়েক মিনিটের মধ্যেই বক্তব্য রাখবেন। ইরানের আল-আলম টিভি এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসি নিউজে লাইভে বলেছেন, ইরান হয়তো এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছে। তিনি আরও বলেছেন, তিনি যতদূর জানেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত।
প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর সর্বাধিনায়কসহ বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা এবং কমান্ডার নিহত হওয়ার খবর এখন পর্যন্ত অস্বীকার করছে ইরানি সংবাদমাধ্যমগুলোে।
আরাঘচি বলেছেন, ইরান উত্তেজনা কমাতে আগ্রহী এবং আলোচনার জন্য উন্মুক্ত। তবে শর্ত থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ করবে।
যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চীন বলেছে, ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। সব পক্ষকে আরও উত্তেজনা এড়াতে এবং সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে বেইজিং।
ফার্স সংবাদ সংস্থা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিরাজে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে অবগত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আজ মধ্যপ্রাচ্যে আমাদের জনগণ, আমাদের স্বার্থ এবং আমাদের মূল্যবোধ রক্ষার জন্য সমন্বিত আঞ্চলিক প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসাবে আকাশে রয়েছে।
একটি টেলিভিশন বিবৃতিতে তিনি এ কথা বলেন।
হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান বলেছেন, দক্ষিণাঞ্চলীয় ইরানের হরমোজোগান প্রদেশের মিনাব এবং জাস্কে হামলায় কমপক্ষে ৭০ জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছে।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে, জানানো হয়েছিল, মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানি শাসনব্যবস্থাকে লক্ষ্য করে ‘বিস্তৃত হামলা সম্পন্ন করেছে’।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, পশ্চিম ইরানের কেরমানশাহ এলাকায় অবস্থিত একটি উন্নত এসএ-৬৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিকে হামলা পরিচালিত হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি আকাশসীমার ওপর ইসরায়েলি বিমান বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বৃদ্ধি করা, আইআরজিসির সক্ষমতা হ্রাস করা এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি প্রতিহত করার জন্য এই হামলা চালানো হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে। দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে বলা হয়েছে, এই মুহূর্তে, বিমানবাহিনী হুমকি প্রতিহত করতে যেখানেই প্রয়োজন সেখানে বাধা দেওয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে।
একটি পৃথক পোস্টে বলা হয়েছে, তারা ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটি বিস্তৃত হামলা এরই মধ্যে সম্পন্ন করেছে।
পোস্টের একটি সংযুক্তিতে বলা হয়েছে, আক্রমণ করা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি পশ্চিম ইরানের কারামানশাহ এলাকায় অবস্থিত একটি উন্নত এসএ-৬৫ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে।
যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, আমরা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক নাগরিকদের জীবনের সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই যৌথ বিবৃতি দিয়েছেন। তাঁরা আবার আলোচনা শুরু করার ওপর জোর দিয়েছেন।
কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, উত্তর কাতারে একটি প্রাথমিক সতর্কতা রাডার রয়েছে। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলার জবাব দেওয়া হবে।
রাষ্ট্র পরিচালিত আইআরএনএ নিউজ আউটলেট অনুসারে, হামলায় ৫৩ জন ছাত্রী নিহত হয়েছে। আরাঘচি বলেছেন, নিহতরা সবাই নিরীহ শিশু।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের পাশাপাশি অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি এবং স্বার্থের ওপর ইরানের হামলা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ইরানি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের মার্কিন-ইসরায়েল হামলার ফলে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। আর যে পরিণতি ঘটবে তার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘যুদ্ধবিরতি আরোপ করার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইনের সমর্থনে স্পষ্ট অবস্থান গ্রহণের’ জন্য একটি জরুরি বৈঠক আহ্বান করার আহ্বান জানিয়েছে ওমান।
হামলার আগে ওমান যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছিল।
উপসাগরীয় অঞ্চলে হামলার মধ্যে, কিছু শীর্ষ তেল ও বাণিজ্য কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ স্থগিত করেছে।
একটি প্রধান বাণিজ্য কোম্পানির একজন শীর্ষ নির্বাহী রয়টার্সকে বলেছেন, ‘আমাদের জাহাজগুলো বেশ কয়েক দিন আটকে থাকবে।’
আরব উপদ্বীপ এবং ইরানের মধ্য দিয়ে যাওয়া জলপথ দিয়ে প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং অন্যান্য ধরনের জ্বালানি পরিবহন চলাচল করে। ফলে যে কোনও স্থগিতাদেশ বিশ্বব্যাপী বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি করেছে।
আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর আবারও হামলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চাবাহারে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দোহার আকাশে ফের ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে। আল জাজিরা জানিয়েছে, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। অন্তত পাঁচ জায়গায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে ‘ক্ষেপণাস্ত্র হামলার’ বিষয়ে সতর্ক করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আসন্ন হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে বলে পূর্ববর্তী একটি নোটিশের কয়েক মিনিট পরেই এটি প্রকাশিত হয়েছে।
অনলাইনে প্রচারিত ভিডিও ফুটেজে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর নাটকীয় দৃশ্য দেখা যাচ্ছে।
আল জাজিরার যাচাইকৃত ফুটেজে দেখা যায়, আকাশ থেকে বস্তুটি পড়ার সময় লোকজন চিৎকার করছে এবং নিরাপদ স্থানে ছুটে যাচ্ছে। বস্তুটি পড়ার পর বিশাল বিস্ফোরণ ঘটে, আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিনা উসকানিতে সশস্ত্র আক্রমণের নিন্দা জানায় রাশিয়া। অবিলম্বে হামলা বন্ধের আহ্বানও জানিয়েছেন মস্কো।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আলবুসাইদি বলেছেন, আজকের হামলায় তিনি ‘হতাশ’।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সক্রিয় এবং সিরিয়াস আলোচনা আবারও ক্ষুণ্ন হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা বিশ্ব শান্তির উদ্দেশ্য কোনোটিই ভালোভাবে কাজে আসবে না। এবং আমি নিরপরাধদের জন্য প্রার্থনা করছি যারা ক্ষতিগ্রস্ত হবেন।’
তিনি বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত হওয়ার অনুরোধ করছি। এটি তোমাদের যুদ্ধ নয়।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দরে সব ফ্লাইট কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
তাসনিমে সামরিক বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে পরিচালিত প্রথম বড় ড্রোন কোনো আক্রমণ এটি।
এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, এই অঞ্চলে আকাশসীমা বন্ধ থাকার কারণে দুবাই বিমানবন্দর থেকে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের শত শত সামরিক স্থাপনায় আঘাত করেছে।
এক বিবৃতিতে দাবি করেছে, পশ্চিম ইরানে বিমান হামলা চালানোর সময় শত শত ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, এর মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও রয়েছে।
তারা আরও দাবি করেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরান থেকে আগত প্রতিশোধমূলক আক্রমণ প্রতিহত করার জন্য কাজ করছে।
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, তাঁরা ইরানে আকাশ ও সমুদ্র থেকে ‘বিস্তৃত’ হামলা চালিয়ে যাবেন।
ওই কর্মকর্তা জানান, মার্কিন-ইসরায়েলি হামলার লক্ষ্য ইরানি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা। বর্তমানে ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা সীমাবদ্ধ।
মার্কিন বিমান বাহিনী হামলায় অংশ এবং তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করছে বলেও নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।
ইরাকি আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা শিগগিরই মার্কিন ঘাঁটিতে আক্রমণ শুরু করবে।
কাতাইব হিজবুল্লাহ হল পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠীগুলোর মধ্যে একটি। ২০১৪ সালে আইএসআইএল-এর অগ্রগতি ঠেকাতে এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয়।
দক্ষিণ ইরাকের জুরফ আল-সাখের ঘাঁটিতে, যা জুরফ আল-নাসর নামেও পরিচিত, বিমান হামলায় এই গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছে।

দক্ষিণ ইরানের একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহতের খবর পাওয়া গিয়েছিল। ইরানের বার্তা সংস্থা ফার্স পরে জানিয়েছে, নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করার জন্য তারা আগের মতোই প্রস্তুত রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে।
সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে, ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে কাজ করছে।
কিছু বাসিন্দাকে সুরক্ষিত স্থান ত্যাগ করার অনুমতি দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, হোম ফ্রন্ট কমান্ড বর্তমান পরিস্থিতি মূল্যায়নের পর, ইসরায়েলের বিভিন্ন এলাকার নাগরিকদের সুরক্ষিত স্থান ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে তারা আরও জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো সারা দেশে কাজ করছে।
বাসিন্দাদের রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ।
বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির কারণে, যতদূর সম্ভব নিয়ন্ত্রণে থাকলেও এবং পরিস্থিতি শান্ত থাকা সত্ত্বেও, সম্ভব হলে আপনাদের শহর ত্যাগ করা উচিত।
তেহরান এবং ইরানের বেশ কয়েকটি শহরে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় এবং তেহরানে প্রেসিডেন্টের কার্যালয়েও হামলা করেছে ইসরায়েল।
কেরমানশাহ, কুম, ইসফাহান, তাবরিজ, কারাজে সামরিক স্থাপনা এবং দেশের দক্ষিণে কেনারকে ইরানি নৌবাহিনীর স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ‘শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত’ ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে সমস্ত ইসরায়েলি এবং মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত হেনেছে।
তারা বলেছে, শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অঞ্চলজুড়ে সমস্ত মার্কিন স্থাপনা ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্তা বলেছেন, ইরানে যা ঘটছে তা ‘অত্যন্ত উদ্বেগজনক’।
দুই নেতা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা সব পক্ষকে সর্বাধিক সংযম প্রদর্শন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করার আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে, আমরা এই অঞ্চলের ইইউ নাগরিকেরা যাতে আমাদের পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে। কিছুক্ষণ আগে দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
টেলিগ্রামে সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী প্রয়োজনীয় স্থানে হুমকি প্রতিহত এবং পাল্টা আঘাত করার জন্য কাজ করছে।
ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘দ্বিতীয় ধাপে’ ধেয়ে আসা সমস্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করার কিছুক্ষণ পরেই বিস্ফোরণের খবর পাওয়া গেল।
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানি হামলার ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব।
‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতি’ লঙ্ঘনের জন্য সৌদি আরব ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। হামলায় পাঁচজন ছাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে বর্তমান উত্তেজনা দেশটির কর্তৃপক্ষের দোষেই ঘটছে। কিয়েভ ইরানের জনগণের পাশে আছে। সেখানে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইউক্রেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বর্তমান ঘটনার কারণ হলো ইরানি শাসনের সহিংসতা এবং দায়মুক্তি। বিশেষ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং দমন, যা সাম্প্রতিক মাসগুলোতে বিশেষভাবে ব্যাপক আকার ধারণ করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও উত্তর ইসরায়েলে একটি নয় তলা ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ফলে ইরান এখন প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।
দেশটির ইন্টারনেট বন্ধের ঘটনা এটিই প্রথম নয়। গত মাসেই, দেশজুড়ে দেশব্যাপী বিক্ষোভের সময় দেশটি প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে পড়েছিল।
ওই সময় কিছু লোক স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট এবং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)-এর মতো পদ্ধতি ব্যবহার করে কিছু সময়ের জন্য ইন্টারনেট অ্যাক্সেস করতে সক্ষম হয়েছিল। সম্ভবত যাদের অ্যাক্সেস আছে তারা আবারও এই একই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করবেন।
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখারে বিমান হামলায় কমপক্ষে দুই ইরাকি হাশিদ শাবি যোদ্ধা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএমএফ, যা আরবি ভাষায় হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীর একটি আমব্রেলা সংগঠন। এর মধ্যে ইরানের সঙ্গে সংযুক্ত বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে।
জর্ডানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা করেছে। তবে এই ক্ষেপণাস্ত্র কে ছুড়েছে সেটি স্পষ্ট নয়।

রাশিয়া নিরাপত্তা কাউন্সিলের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘শান্তিরক্ষীরা আবারও এই কর্মে লিপ্ত। ইরানের সঙ্গে আলোচনা ছিল কেবল একটি আড়াল। সবাই তা জানত। তাহলে শত্রুর দুঃখজনক পরিণতির জন্য এখন কার ধৈর্য বেশি? আমেরিকার বয়স মাত্র ২৪৯ বছর। পারস্য সাম্রাজ্য ২৫০০ বছরেরও বেশি আগে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখা যাক, ১০০ বছর বা তারও বেশি সময় পরে কী হয়...’
ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় যুক্তরাজ্য অংশগ্রহণ করেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার শনিবার সরকারের জরুরি কোবরা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
এর যুক্তরাজ্য জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের নির্দেশ দিলে যুক্তরাজ্য তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে না।
ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
সংযুক্ত আরব আমিরাত বলেছে, এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা বলেছে, এই উত্তেজনার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
আল জাজিরা আরবি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিক কিছু জানা যায়নি।
আল জাজিরা জানিয়েছে, দুবাই এবং আবুধাবিতে বিস্ফোরণের একাধিক খবর পাওয়া গেছে।
এর আগেও আবুধাবিতে হামলার খবর পাওয়া গিয়েছিল। ইতিমধ্যেই এই এলাকায় আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের পশ্চিমাঞ্চলের উর্মিয়ায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী এই এলাকায় আক্রমণ শুরু করার কথা বলার কিছুক্ষণ পরেই এ খবর পাওয়া গেল।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের সামরিক স্থাপনার কাছাকাছি সমস্ত বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। বাহরাইনের রাজধানীতে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান থেকে ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা বলার কিছুক্ষণ পরেই দোহায় দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশের ভূখণ্ডকে লক্ষ্য করে বেশ কয়েকটি আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, পূর্ব-অনুমোদিত নিরাপত্তা পরিকল্পনা অনুসারে হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মোকাবিলা করা হয়েছে। কাতারের ভূখণ্ডে পৌঁছানোর আগেই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একযোগে ভয়াবহ বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত এবং কাতারের বিভিন্ন স্থানে এই হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো অঞ্চলে চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করেছে।
বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানী মানামাসহ বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। পরবর্তীতে বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে একটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আবুধাবি ও কুয়েতে আতঙ্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রয়টার্স নিশ্চিত করেছে। অন্যদিকে, কুয়েত থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে, কুয়েত জুড়ে সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করা হচ্ছে এবং পুরো দেশজুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কাতারে ক্ষেপণাস্ত্র প্রতিহত: বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাতারের রাজধানী দোহাতেও। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।
জরুরি অবস্থা ও নিরাপত্তা শঙ্কা: একযোগে একাধিক উপসাগরীয় দেশে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে মার্কিন নৌঘাঁটিকে লক্ষ্যবস্তু করায় আন্তর্জাতিক মহলে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ওই অঞ্চলের দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং পরবর্তী সম্ভাব্য হামলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘শত্রু আবারও সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং আলোচনার সময়, আমাদের প্রিয় মাতৃভূমিতে আক্রমণ করেছে।
তাসমিন সংবাদ সংস্থা বিবৃতির বরাত দিয়ে জানিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে গভর্নরদের কাছে পূর্ববর্তী নির্দেশাবলী এবং প্রদেশগুলোর পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক প্রতিবেদন এবং জনগণের জরুরি চাহিদা পূরণের জন্য সমস্ত সুযোগ-সুবিধা জড়ো করার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটি আদেশ জারি করেছে।
ইরানের আইআরজিসি (বিপ্লবী গার্ড বাহিনী) নিশ্চিত করেছে, তারা মার্কিন-ইসরায়েলি হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধীদের আগ্রাসনের প্রতিক্রিয়ায়, দখলকৃত অঞ্চলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।’
ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানে ‘দুই বা ততোধিক’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, ইলাম শহরের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তাসনিম আরও জানায়, শহরের কেন্দ্রস্থল এবং তেহরানের অন্যান্য অংশে ‘প্রতিকূল লক্ষ্যবস্তু’-এর সঙ্গে বিমান প্রতিরক্ষা বাহিনীর সংঘর্ষ অব্যাহত।
আল জাজিরার সাংবাদিক আলী হাশেম দীর্ঘদিন ধরে ইরান কভার করেছেন, তিনি বলেন, এটি একটি ‘দেজা ভু মুহূর্ত’। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ইসারায়েলের প্রত্যাশিত এলাকায় অবস্থান করা ‘অসম্ভব’।
‘আপাতত, আমরা যা জানি তা হলো প্রেসিডেন্ট পেজেশকিয়ান আহত হননি, সর্বোচ্চ নেতা কমপ্লেক্সে ছিলেন না। তবে, এই আক্রমণ, এটি স্পষ্ট, মূলত [রাজনৈতিক অভিজাতদের] নির্মূল করার লক্ষ্যেই পরিচালিত হয়েছে,’ ব্যাখ্যা করেন হাশেম।
তিনি বলেন, ‘এই আক্রমণ কতটা সফল বা ব্যর্থ হয়েছিল, তা বলার সময় এখনো হয়নি।’
ইসরায়েলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়ে ইরানি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে, ইসরায়েলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
রাজধানী তেহরানসহ ইরানের কিছু অংশে ইন্টারনেট অ্যাক্সেস ব্যাহত হওয়ার খবর দিয়েছে নেটব্লকস। এসব এলাকায় সাধারণ স্তরের চেয়ে কমে ৫৪ শতাংশে সংযোগ এখনো বহাল রয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নিজেদের আকাশসীমা সামলাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে উত্তর ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার কথা বলার ঠিক পরেই বিস্ফোরণের শব্দ পাওয়া গেল।
চলমান আক্রমণে কোনো পক্ষ থেকেই কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। এরপর বেসামরিক উড়োজাহাজগুলো ইরানের আকাশ এড়িয়ে যেতে শুরু করেছে, সেই চিত্র ধরা পড়েছে ফ্লাইটর্যাডার২৪ নামের ট্র্যাকিং সাইটে।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এবং কঠিন প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠছে।
সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ সময়, ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবিলার জন্য প্রয়োজনে প্রতিহত এবং প্রত্যাঘ্যাত করতে কাজ করছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানের পাশাপাশি রাজধানী তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের কারাজ, তেহরান, কোম, ইস্পাহান, তেহরান এবং কেরমানশাহের সর্বশেষ পরিস্থিতি এখনো জানা যায়নি। তবে এসব শহরে বিস্ফোরণের শব্দ ও বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।
ইরানের বিরুদ্ধে বেশ কয়েক দিনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ইউরোপকেও হুমকির মুখে ফেলতে পারে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ করার এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এগুলো এমন ক্ষেপণাস্ত্র যা ইউরোপে আমাদের খুব ভালো বন্ধু এবং মিত্রদের, বিদেশে অবস্থানরত আমাদের সৈন্যদের এবং আমেরিকান মাতৃভূমিতে পৌঁছাতে পারে।
তিনি বলেন, ‘এই দুষ্ট উগ্র একনায়কতন্ত্রের হাত থেকে আমেরিকাকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা বারবার একটি চুক্তি করতে চেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছি। এটি সম্পূর্ণরূপে ... নিশ্চিহ্ন হয়ে যাবে।’
ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছি। আমরা তাদের নৌবাহিনীকে ধ্বংস করতে যাচ্ছি।’
তিনি আরও বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে এই অঞ্চলের সন্ত্রাসী' প্রতিনিধিরা আর এই অঞ্চল বা বিশ্বকে অস্থিতিশীল করতে পারবে না। আমরা নিশ্চিত করব যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি একটি খুব সহজ বার্তা। তাদের কাছে কখনও পারমাণবিক অস্ত্র থাকবে না।’
ইরানের খোমেনি সরকারকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘এই সরকার শিগগিরই বুঝতে পারবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শক্তি এবং সক্ষমতাকে চ্যালেঞ্জ করা কারও উচিত নয়।’
এখন পর্যন্ত, ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার যেসব লক্ষ্য চিহ্নিত করা গেছে সেগুলো হলো—
গোয়েন্দা মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়
ইরানের আণবিক শক্তি সংস্থা
পারচিন সামরিক কমপ্লেক্স
গত এক ঘণ্টায়, ইসরায়েল বেশ কিছু এলাকা লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে।
সাম্প্রতিক দিনগুলোতে, হিজবুল্লাহর কৌশলগত অবকাঠামোর ওপর ইসরায়েলি হামলার সংখ্যা বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বাস করে, এই গোষ্ঠীর কাছে রকেট লঞ্চার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।
গত কয়েক দিনে লেবাননে বারবার যে প্রশ্নটি করা হচ্ছে তা হলো, ইরানের ওপর ইসরায়েলি আক্রমণের ক্ষেত্রে হিজবুল্লাহ কী করবে।
কিন্তু প্রশ্ন হলো ইসরায়েল এখন কী করবে এবং এই ফ্রন্ট থেকে আসা সম্ভাব্য সব হুমকি দূর করার জন্য তারা হিজবুল্লাহর ওপর আক্রমণ চালাবে কি না।
ইরানের আইআরএনএ সংবাদ সংস্থা, প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অক্ষত রয়েছেন।
ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএসহ ইরানি সংবাদ ওয়েবসাইটগুলো সাইবার আক্রমণের সম্মুখীন হচ্ছে।
এখন পর্যন্ত, আইআরএনএর টেলিগ্রাম অ্যাকাউন্টটি কাজ করছে।
আল জাজিরার সিনিয়র সাংবাদিক অ্যালান ফিশার বলেছেন, গত কয়েক ঘণ্টা ধরে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম যখন মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে এবং তিনি ধারণা দিয়েছিলেন, যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে এটি সম্ভবত তাঁর ভাষায়, ‘একবারই এবং সমাপ্তির’ রূপ নেবে।
তাঁর মতে, ইরানের মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি হামলা হবে এবং বলা হবে, ‘দেখুন, আমরা এখনই এটা (হামলা) করছি, তবে যদি আপনি কোনো ধরনের চুক্তিতে না আসেন তবে সামনে আরও খারাপ পরিস্থিতি হতে পারে।’
আমরা জেনেভায় ওমানি আলোচকের কাছ থেকে শুনেছি, যিনি মনে করেছিলেন, চুক্তির দিকে অগ্রসর হচ্ছেন তারা, এতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু চুক্তির মূল কথাটি সেখানেই ছিল।
শুক্রবার টেক্সাসে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প যা বলছিলেন তাতে এই সম্ভাবনার কথা প্রতিফলিত হয়নি; তিনি বলেছিলেন, তিনি ইরানিদের ওপর বিরক্ত এবং তিনি আশা করেছিলেন যে একটা চুক্তি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার উদ্দেশ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করা।
ট্রাম্প বলেন, ‘কিছুদিন আগে, মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা।’
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা তোমাদের সতর্ক করেছিলাম!’
ইব্রাহিম আজিজি আরও বলেন, ‘এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ, যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।’
ইরান হামলার পর প্রতিশোধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং প্রতিক্রিয়া হবে চূড়ান্ত পর্যায়ের, একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর হামলার পর তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরাকি সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
অবশ্য তাৎক্ষণিকভাবে এ ধরনের খবর যাচাই করতে পারেনি কোনো আন্তর্জাতিক গণমাধ্যম।
একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মার্কিন-ইসরায়েলের যৌথ বিমান হামলার লক্ষ্য ইরানের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলা।
শনিবার সকালে ইরানে হামলার পর ইসরায়েল বেসামরিক বিমান চলাচলের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখওয়ান মেহের সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে।
ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে কোনো কল করা সম্ভব হচ্ছে না।
শিগগিরই ইন্টারনেটও বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের ইরানি স্টাডিজ ইউনিটের পরিচালক এবং কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা বলেছেন, তিনি কখনোই ভাবেননি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে, ইসরায়েল মার্কিন-ইরান আলোচনা ভেস্তে দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে বেশ সোচ্চার।
কামরাভা আল জাজিরাকে বলেন, ‘গত জুনের মতো, এটি ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনাকে পথভ্রষ্ট করার জন্য একটি আক্রমণ শুরু করেছে বলে মনে হচ্ছে।’
কামরাভা বলেন, ‘আমি মনে করি (মার্কিন প্রেসিডেন্ট) ডোনাল্ড ট্রাম্প নিজেকে এমন একটি কোণে ঠেলে দিয়েছেন, যেখান থেকে তিনি পিছু হটতে পারছিলেন না। তথাকথিত আর্মাডা বা বিশাল সামরিক আয়োজন, দেড় বছর ধরে ইসরায়েলের জন্য ক্রমাগত সবুজসংকেত—আমি মনে করি অনেক উপায়ে এটা এগিয়ে নেওয়া হচ্ছিল। আবারও, আমরা যা দেখতে পাচ্ছি তা হলো ইসরায়েলিরা ডোনাল্ড ট্রাম্পের হাতে জোর করে চাপিয়ে দিয়েছে এবং তিনি এই মুহূর্তে তাদের আসলে না বলতে পারেননি।’
কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সব কর্মীকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।
শনিবার ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
ওই মার্কিন কর্মকর্তা জানান, ইরানে হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান হিসেবে পরিচালিত হচ্ছে।
তেহরানে আরও বিস্ফোরণের খবর ইরানি মিডিয়ায় প্রকাশিত হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় অনুমোদিত ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের উত্তর ও পূর্বে বেশ কয়েকটি নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।
বাসিন্দাদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সারা দেশে সাইরেন বাজাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আশঙ্কা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
পৃথক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, দেশের সমস্ত এলাকাকে ‘পূর্ণ কার্যক্রম’ থেকে ‘জরুরি কার্যক্রমে’র আওতায় নিয়ে আসা হবে। এর মধ্যে রয়েছে স্কুল বন্ধ করা, সমাবেশ নিষিদ্ধ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া কর্মক্ষেত্র বন্ধ রাখা।

আল জাজিরার স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধোঁয়া উড়তে দেখা গেছে।
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইরানি মিডিয়ার তথ্য অনুসারে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা খবর পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।