
দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার ইনচার্জ মো. মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. হেলালুল ইসলাম।
আবেদনে বলা হয়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আইনজীবীর সঙ্গে গাড়িতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে যান সুখরঞ্জন বালি। গাড়ি থামার সঙ্গে সঙ্গে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে একটি সাদা ডাবল কেবিন গাড়িতে তুলে নিয়ে যান। পরে চোখ বাঁধা অবস্থায় তাঁকে দুই মাস নির্যাতন করে একটি গোপন স্থানে আটকে রাখা হয়।
আবেদনে আরও বলা হয়, পরে তাঁকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের দমদম কেন্দ্রীয় কারাগারে পাঁচ বছর আটক থাকার পর দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সুখরঞ্জনের ছেলে অপূর্ব বালি ভারতে গিয়ে জামিনে বাবাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনেন।
তদন্ত কর্মকর্তার ভাষ্য, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী, ঘটনার দিন ডিএমপির গোয়েন্দা বিভাগের দুটি ডাবল কেবিন গাড়িতে করে ফজলুর রহমান ও তাঁর সঙ্গে থাকা সদস্যরা পুরোনো হাইকোর্ট ভবনের সামনে থেকে সুখরঞ্জন বালিকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালি নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাঁকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে। তবে তাঁর পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাঁকে তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আওয়ামী লীগ সরকারের (কার্যক্রম নিষিদ্ধ) পতনের পর ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেন সুখরঞ্জন বালি। অভিযোগে তিনি বলেন, যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়া ও পরে তাঁর পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তাঁকে গুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে।
ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারক এ টি এম ফজলে কবির, মামলার সাবেক তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালের নামও রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের ভিত্তিতেই ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, ডিবিতে কর্মরত থাকাকালে ফজলুর রহমান ও তাঁর টিম সুখরঞ্জন বালিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে অপহরণের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। সেদিন আদালত প্রাঙ্গণ থেকে তুলে নেওয়ার সময় ফজলুর রহমান সুখরঞ্জন বালির গালে চড়ও মেরেছিলেন।’
শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার সেখানে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
৫ ঘণ্টা আগে
পিরোজপুরের সুখরঞ্জন বালিকে ‘গুমের ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
৫ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
৬ ঘণ্টা আগে
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইজারা দেওয়ার ফলে প্রভাবশালীরা যেভাবে হাওর বা জলাশয় দখল করে রাখত এবং সাধারণ মানুষকে নামতে বাধা দিত, সেই প্রতিবন্ধকতা দূর করা হবে। সরকার আইনিভাবে এ ধরনের সব বাধা দূর করার উদ্যোগ নিয়েছে, যাতে সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা নির্বিঘ্নে জলাশয়ে মৎস্য আহরণ করে জীবিকা...
৬ ঘণ্টা আগে