
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজিত ‘ফ্রম রিটার্ন টু রাইজ: স্টোরিজ অব রেজিলিয়েন্স অ্যান্ড রিইন্টিগ্রেশন’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাকের সহ-অর্থায়ন ও বাস্তবায়নে পরিচালিত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। বিদেশফেরত অভিবাসীরাও তাদের ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নেন।
প্রতিমন্ত্রী জানান, বিদেশফেরত মানুষদের পুনর্বাসন ও পুনরেকত্রীকরণে টেকসই উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও রেইজ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের সহায়তা দিচ্ছে। তিনি বলেন, ‘এই প্রবাসীদের ঘামের টাকায় দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তাই তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব’।
নুরুল হক বলেন, অনিয়মিত অভিবাসন রোধে রিক্রুটিং এজেন্সিগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর নীতিগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বায়রার সদস্যপদ দিতে শুধু সংখ্যার দিকে না তাকিয়ে মানভিত্তিক গ্রেডিং ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমস্যাগুলো বহুমাত্রিক হওয়ায় যৌথ উদ্যোগ ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের কাউন্সেলর ইউরাতে স্মালস্কাইটে মেরভিল।
বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি, বৈধ অভিবাসনকে উৎসাহিত করা এবং বিদেশফেরত কর্মীদের জন্য মনোসামাজিক ও জীবিকা সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা সতর্ক করে বলেন, বৈধ ও নিরাপদ অভিবাসনের সুযোগ বাড়ানো না গেলে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি আরও বাড়তে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল হক চৌধুরী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক লোকমান হোসেনসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
১১ মিনিট আগে
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদের একটি সংবিধান আছে, যা সব আইন ও বিধির মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত...
১ ঘণ্টা আগে
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ জুন দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ ধার্য করেন।
৩ ঘণ্টা আগে
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এবারের ঈদে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
৪ ঘণ্টা আগে