Ajker Patrika

অর্থনৈতিক সক্ষমতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ: সানাউল্লাহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৯: ২২
অর্থনৈতিক সক্ষমতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ: সানাউল্লাহ
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ-সহ অন্যান্য অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

অর্থনৈতিক সক্ষমতা ও সম্পদে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানো, রাষ্ট্রীয় অর্থায়ন এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিনে একটি সেশনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁদের জয়ের হার তুলনামূলক কম ছিল। নারী প্রার্থীদের জন্য অর্থনৈতিক সক্ষমতা ও সম্পদে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা বড় বাধা হয়ে রয়েছে।

সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বর্তমানে ১৬ থেকে ১৭ শতাংশ, যা আঞ্চলিক গড়ের চেয়ে কিছুটা বেশি। একই সঙ্গে নারী ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক। সামাজিক ও ধর্মীয় বাধাও আগের তুলনায় কমেছে।

কমিশনার বলেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ভোট দেওয়া, নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক দলের নেতৃত্ব এবং নাগরিক সমাজ ও তৃণমূল সংগঠনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেও নারীদের ভূমিকা বাড়াতে হবে।

নারীদের নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানো ও রাষ্ট্রীয় অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নারী প্রার্থীদের জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন নির্বাচন কমিশনার।

নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিতে সহিংসতা ও সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত