Ajker Patrika

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২১: ৩৬
মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী
জামায়াত এমপি শাহজাহান চৌধুরী ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের আশ্বাসে মদ ও জুয়া নিষিদ্ধকরণ এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের প্রস্তাবসংবলিত দুটি বেসরকারি বিল প্রত্যাহার করেছেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সরকার আসন্ন সিআরপিসি সংশোধনীতে তাঁর উত্থাপিত প্রস্তাবগুলো বিবেচনা করবে বলে আশ্বাস দেওয়ার পর তিনি বিল দুটি প্রত্যাহার করেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) বিল’ এবং ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল’ উত্থাপন করেন শাহজাহান চৌধুরী।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৭৪(৩) ধারায় দুটি নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব দেন শাহজাহান চৌধুরী। প্রস্তাব অনুযায়ী, মৃত ব্যক্তি পুরুষ হলে একজন পুরুষ চিকিৎসক এবং মৃত ব্যক্তি নারী হলে সংশ্লিষ্ট জেলা সদর সরকারি হাসপাতালে নারী চিকিৎসক থাকলে তাঁর মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করতে হবে।

বিলে বলা হয়, বিশেষ করে নারীদের ময়নাতদন্তের ক্ষেত্রে মর্যাদা ও সম্মান নিশ্চিত করতেই এ বিধান প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সড়ক, নৌপথ, রেলপথ বা অন্যান্য জনসমাগমস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির মা, বাবা, ছেলে বা মেয়ে লিখিতভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানালে এবং পরিবার ময়নাতদন্ত প্রয়োজন মনে না করলে বাধ্যতামূলক ময়নাতদন্ত থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবও রাখা হয়।

বিলটি উত্থাপনের অনুমতি চেয়ে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ফৌজদারি কার্যবিধিতে মোট ৫৬৫টি ধারা রয়েছে, যার অনেকগুলোর আবার উপধারা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এর ২৯টি ধারা সংশোধন করা হয়েছে।

আসাদুজ্জামান জানান, সরকার ইতিমধ্যে গত ৩০ জুন সংসদকে চিঠির মাধ্যমে জানিয়েছে যে, সিআরপিসির একটি সমন্বিত সংশোধনী আনার প্রস্তুতি চলছে। সেখানে বেসরকারি বিলটিতে উত্থাপিত বিষয়গুলোর পাশাপাশি আরও কয়েকটি সংশোধনী অন্তর্ভুক্ত করা হবে।

আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন, তা যৌক্তিক। নীতিগতভাবে আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু আমরা একটি সমন্বিত সংশোধনী আনছি, তাই আপাতত বিলটি প্রত্যাহারের অনুরোধ করছি।’

জবাবে শাহজাহান চৌধুরী বলেন, তিনি ২০০৪ সালেও একই ধরনের একটি প্রস্তাব সংসদে উত্থাপন করেছিলেন। সে সময় তৎকালীন সরকার নির্বাহী আদেশের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দিলে তিনি বিলটি প্রত্যাহার করেছিলেন। কিন্তু দুই দশকেরও বেশি সময় পার হলেও তা বাস্তবায়িত হয়নি।

শাহজাহান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু এবং অন্যান্য দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে বাধ্যতামূলক ময়নাতদন্তের কারণে নিহতদের পরিবারকে এখনো দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আসন্ন সিআরপিসি সংশোধনীতে তাঁর প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবিত সংস্কারকে স্বাগত জানিয়ে বলেন, নারীদের ময়নাতদন্ত নারী চিকিৎসকের মাধ্যমে করার নির্দেশনা এখনো সারা দেশে সমভাবে কার্যকর হয়নি। তিনি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানান।

জবাবে আইনমন্ত্রী বলেন, নারীদের ময়নাতদন্ত যথাযথ মর্যাদা বজায় রেখে এবং সম্ভব হলে নারী চিকিৎসকের মাধ্যমে করার বিষয়টি ইতিমধ্যে প্রশাসনিকভাবে অনুসরণ করা হচ্ছে। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছিল। তবে নারী চিকিৎসকের সংকটের কারণে দেশের সব জায়গায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

সরকারের পক্ষ থেকে প্রস্তাবগুলো আসন্ন সিআরপিসি সংশোধনীতে বিবেচনার আশ্বাস পাওয়ার পর শাহজাহান চৌধুরী বিলটি প্রত্যাহার করেন। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই তিনি বিল প্রত্যাহার করছেন।

মদ ও জুয়া নিষিদ্ধকরণ বিলও প্রত্যাহার

এদিকে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) বিল’ উত্থাপনের পর আইনমন্ত্রী বলেন, জুয়া প্রতিরোধ আইন ইতিমধ্যে জাতীয় সংসদে পাস হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও কার্যকর রয়েছে। তাই তিনি শাহজাহান চৌধুরীকে বিলটি প্রত্যাহারের অনুরোধ জানান। পরে তিনি এ বিলটিও প্রত্যাহার করে নেন।

বেসরকারি বিল কী

জাতীয় সংসদে মন্ত্রী ছাড়া অন্য সব সদস্যকে বেসরকারি সদস্য বলা হয়। সাধারণত সরকার প্রণীত বিল সংশ্লিষ্ট মন্ত্রীরা উত্থাপন করেন। তবে মন্ত্রী ছাড়া যেকোনো সংসদ সদস্যও আইন প্রণয়নের উদ্দেশ্যে বিল আনতে পারেন। মন্ত্রী ছাড়া জাতীয় সংসদের কোনো সাধারণ সদস্য কোনো বিল আনলে সেটিকে বেসরকারি বিল বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত