‘আমার একমাত্র মেয়ে শারমিন খাতুন। সে গত বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। সে রাজশাহী শহরের একটা কলেজে পড়ালেখা করে। ওর বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল। সব স্বপ্ন শেষ হয়ে গেল।’
কথাগুলো বলছিলেন আবু সাঈদ। নাটোরের গুরুদাসপুর উপজেলার চর কান্তপুর পশ্চিমপাড়া গ্রামের এই বাসিন্দা গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় বাবা, ভাই, বোন, মেয়েকে হারিয়েছেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর মোড়ে গতকাল বেলা আড়াইটার দিকে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ওই দুর্ঘটনায় সাঈদের বাবা ইউনুস আলী (৭৫), ভাই লাবু হোসেন (৩৫), বোন পারভীন বেগম (৩৫), মেয়ে শারমিন খাতুন (১৭) নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক মোখলেসুর রহমান (৪৫) নিহত হন।
দুর্ঘটনার পর গতকাল কান্তপুর গ্রামে ঢুকতেই দেখা গেল, দলে দলে লোকজন আবু সাঈদদের বাড়িতে যাচ্ছেন। আবু সাইদ তখন বিলাপ করছেন। বলছিলেন, ‘রাজশাহী যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ওরা সবাই মারা গেছে। আমরা এখন কাদের নিয়ে বাঁচব? ভাই লাবুর স্ত্রীসহ সাত বছরের এক ছেলে ও দুই বছরের মেয়ে রয়েছে। ওদের আমি কী বুঝ দিব?’
সেখানে পাশেই ছিলেন পারভিনের স্বামী জাহাঙ্গীর হোসেন। বললেন, ‘আমার শ্বশুরের চিকিৎসার পাশাপাশি আমার স্ত্রী নিজেও চিকিৎসা নিতে যাচ্ছিল। কিন্তু দুর্ঘটনায় সুস্থতা তো দূরের কথা, মারাই গেল।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ক্যানসারে ভুগছিলেন ইউনুস আলী (৭৫)। দুই দিন কেমোথেরাপি দেওয়া হয়েছে। তৃতীয় দিনের কেমোথেরাপি নিতে ইউনুসকে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন ছেলে, মেয়ে আর নাতনি। পথে ট্রাকের ধাক্কায় নিহত হন তাঁরা।
এদিকে দুর্ঘটনার সময় অটোরিকশা ও ট্রাকটি একটি দোকানের ওপর উঠে যায়। এতে মুদিদোকানি, ট্রাকেরচালকের সহকারী ও ট্রাকের আরোহী আহত হন। দুর্ঘটনা পর ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের মরদেহ রামেকের মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও ১৭ জন নিহত
এদিকে গতকাল ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় ও এক পুলিশ সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন। এলাকাবাসী, পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আজকের পত্রিকার সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিদের খবর:
রাজশাহীর পবার নওহাটা জুট মিল এলাকায় গতকাল সন্ধ্যায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দিলদার হোসেন (২৪) নিহত হন। তিনি পবার পালোপাড়া গ্রামের বাসিন্দা।
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় গতকাল বিকেলে মোটরসাইকেলের দুই আরোহী রিমন (২২) ও গালিব (২০) নিহত হন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় গতকাল সন্ধ্যায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক রায়হান মল্লিক (২২) নিহত হন।
চট্টগ্রামের মিরসরাইয়ের সুফিয়া রোড (বিসিক) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গতকাল ভোরে লরিচাপায় তিনজন নিহত হন। তাঁরা হলেন পাবনা জেলার সুজানগর থানার আলমগীর হোসেন (৪৫), একই এলাকার শফিকুল ইসলাম (৪২), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের মাসুদ মিয়া (৩৫)। তাঁরা সেখানে গ্যাসলাইন স্থাপনের কাজ করছিলেন।
রংপুরের উপজেলার ৫ নম্বর লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর-কাকিনা সড়কে গতকাল দুপুরে অটোরিকশার ধাক্কায় আবিজ উদ্দিন (৮৫) নামে এক ব্যক্তি নিহত হন। মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকেলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জোহরা বেগম (৫৬) ও তাঁর নাতি ৭ মাস বয়সী আব্দুল্লাহ নিহত হয়।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট দৈহারি সড়কে গতকাল সকালে অটোরিকশার চাপায় রানী সিকদার (৫০) নামে এক নারী মারা যান। তিনি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের রামকৃষ্ণ সিকদারের স্ত্রী।
যশোরের বেনাপোলে গতকাল সকালে যশোর-বেনাপোল মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রাজ ইসলাম (১১) নামে এক পথচারী নিহত হয়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
ফেনীর ফুলগাজী আমজাদহাট ইউনিয়নের জগতপুর সড়কে গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও আট মাসের শিশু আনাস মারা যায়।
গাজীপুর মহানগরীর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল ভোরে লরির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত ও দুই সদস্য আহত হন।
দুই ভারতীয় নিহত
এদিকে গতকাল সকালে সাতক্ষীরার মিলবাজারে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। গুরুতর আহত প্রাইভেট কারের চালক রফিকুল ইসলাম সজীবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার বিশ্বাস (৬০) ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)। অসীম খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে সস্ত্রীক নিজ বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো শিশু ভালো ছবি আঁকতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ গান বা বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে, আবার কেউ নাচ কিংবা কোরআন তিলাওয়াতে পারদর্শী। প্রত্যেক শিশুকে তার পছন্দ ও আগ্রহ অনুযায়ী নিজেকে বিকশিত করার সুযোগ দিতে হবে।’
৩৩ মিনিট আগে
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে ‘প্রধান চ্যালেঞ্জ’ হলো ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের কার্যক্রম। গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
গত ৫ আগস্টের পর থেকে দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে কোনো অনুশোচনা দেখা যায়নি; বরং তিনি হুমকি-ধমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির বার্তা দিয়ে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের আলোচনা বিবেচনা করা কঠিন।
২ ঘণ্টা আগে