এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার। তিনি বলেছেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে মাহদী আমিন বলেন, দেশকে আর কেউ যেন তাঁবেদার রাষ্ট্র বানাতে না পারে, সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ রয়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।
বেলা ১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির শীর্ষ নেতারা। প্রায় এক ঘণ্টা চলে এই বৈঠক।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক ঐক্যের জন্য সরকারকেই জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।
চলমান সহিংসতা ও আওয়ামী লীগের ফেরার বিষয়ে ভারতের হাত রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পরে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।









