Ajker Patrika

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফের কমল এলএনজি সরবরাহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৭
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফের কমল এলএনজি সরবরাহ
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুটের বেশি সরবরাহক্ষমতা কার্যত অর্ধেকে নেমে আসে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সূচি মেনে নির্ধারিত সময়ে আসা একটি এলএনজিবাহী কার্গো ২৪ ঘণ্টার চেষ্টায়ও টার্মিনালে যুক্ত হতে পারেনি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১০ দিনের মাথায় ফের এলএনজি সরবরাহ কমেছে। সেই সঙ্গে কমেছে জাতীয় সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহও।

পেট্রোবাংলার সবশেষ হিসাব অনুযায়ী, গতকাল বুধবার এলএনজি থেকে পাওয়া ৯৮২ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে দেশীয় কূপের ১ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট মিলিয়ে মোট ২ হাজার ৫৮৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। তবে এলএনজি টার্মিনালের সরবরাহ কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার সরবরাহ কমে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে।

আজ এক বার্তায় পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমেছে। অনিবার্য কারণে সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি সাপেক্ষে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

এলএনজি পরিচালনায় নিয়োজিত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কর্তৃপক্ষ আরপিজিসিএলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার দিনের বেলায় সামিট এলএনজি টার্মিনালের জন্য নির্ধারিত সূচির একটি এলএনজি কার্গো এসেছিল। কিন্তু টার্মিনাল এলাকায় বাতাসের গতিবেগ বেশি থাকায় তিনবারের চেষ্টায়ও কার্গো বার্থিং বা টার্মিনালে সংযুক্ত করা যায়নি। ফলে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এক্সিলারেটের টার্মিনাল থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

কখন কার্গো বার্থিং সম্ভব হতে পারে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলের দিকে বাতাসের গতিবেগ কিছুটা কমে এসেছে। ফলে রাতে আরেকবার বার্থিংয়ের চেষ্টা করা হবে। আশা করছি রাতেই আমরা সফল হব।’

নানা কারণে প্রায় দুই মাস এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটার পর ১১ সেপ্টেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ফলে গত টানা ১০ দিন ধরে দৈনিক প্রায় ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ হচ্ছিল। এর মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফের এলএনজি সরবরাহ কমল।

গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে আজ বৃহস্পতিবার দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সিএনজি ফিলিং স্টেশনগুলোয় সরবরাহ কমে যাওয়ার খবর পাওয়া গেছে। বাসবাড়িতে লাইনের গ্যাসের চুলায়ও সরবরাহ কম রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত