Ajker Patrika

বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫১
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীতে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে মনোহরদী উপজেলা অডিটরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে, ডিসেম্বরে নাকি তাদের রানী দেশে আসবে। আর রাজাকাররা বলছে, ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।’

জনসংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। স্বাভাবিক প্রসবের জন্য নতুন নতুন ওষুধ ও মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পড়ে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না।

হামের টিকাদান কার্যক্রম প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। যারা শিশুদের টিকা দেননি, সবাই গিয়ে শিশুদের টিকা দেবেন।’

জ্বালানি প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। আমরা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করব, যাতে আরও বিদ্যুৎ উৎপাদন করতে পারি।’

জ্বালানিসংকট নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে সব খাতের ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কারও ওপর নির্ভর করতে চাই না।’

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত