চলছে কাঞ্চনজঙ্ঘা দেখার কাল। পঞ্চগড়ের যেকোনো জায়গায় দাঁড়িয়ে সোজা উত্তর দিকে তাকালে যে পাহাড় চূড়া দেখা যায়, সেটিই কাঞ্চনজঙ্ঘা। এই শুভ্র চূড়াটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
ভিক্টোরিয়ান ধাঁচে কোচবিহার রাজার বানানো পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব ভালো। অবশ্য এটি দেখার অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখার ভালো সময় সাধারণত সূর্যোদয়ের পর থেকে দুপুর ১২টা পর্যন্ত। আলো বাড়ার সঙ্গে এর রূপের বদল হতে থাকে বলে বেশ কয়েকটি রূপে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, পুরো পঞ্চগড়ে দেখার আছে অনেক কিছু। দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম রকস মিউজিয়াম, বাংলাবান্ধা স্থলবন্দর, ভিতরগড়, মহারাজার পুকুর, মির্জাপুর শাহি মসজিদ ইত্যাদি।
ভারত-পাকিস্তানের ওয়াগা বর্ডার দুই দেশের সীমান্তরক্ষীদের প্যারেডের জন্য বিখ্যাত। বাংলাবান্ধা স্থলবন্দরেও তেমন প্যারেড দেখা যায় প্রতি সোম ও মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে। কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে এই প্যারেড দেখা বাদ দেবেন না। সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় পঞ্চগড়ের অন্যতম প্রত্নতাত্ত্বিক এলাকা। একই ইউনিয়নের চাওয়াই ব্রিজের পাশে পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক চালু হয়েছে এ বছর।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে আছে শাহি মসজিদ এবং বারো আউলিয়ার মাজার। জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এ মসজিদটি মোগল আমলের নিদর্শন। শাহি মসজিদ ১৬৫৬ সালে নির্মাণ করা হয় বলে ধারণা করেন গবেষকেরা। প্রচলিত আছে, দুটি বাঘ ও দুটি সাপ পাহারা দিত বারো আউলিয়ার মাজার। মির্জাপুরের বারো আউলিয়ার মাজারে গেলে তাঁদের আধ্যাত্মিক ক্ষমতার অনেক চিত্তাকর্ষক গল্প শুনতে পাওয়া যায়। কথিত আছে, সতেরো শতকে মধ্যপ্রাচ্য থেকে হেমায়েত আলী শাহ (র.), নিয়ামত উল্লাহ শাহ (র.), কেরামত আলী শাহ (র.), আজহার আলী শাহ (র.), হাকিম আলী শাহ (র.), মনসুর আলী শাহ (র.), মমিনুল শাহ (র.), শেখ গরীবুল্লাহ (র.), আমজাদ আলী মোল্লা (র.), ফরিদউদ্দিন আখতার (র.), শাহ্ মোক্তার আলী (র.) ও শাহ্ অলিউল্লাহ (র.) চট্টগ্রাম শহরে এসে আস্তানা গড়েন। পরে তাঁরা ইসলাম প্রচার করতে উত্তরবঙ্গে এসে মির্জাপুরেও একটি আস্তানা গড়ে তোলেন। মৃত্যুর পর সেই বারোজন সুফি সাধককে সেখানেই সমাহিত করা হয়। তাঁদের সমাধিকে কেন্দ্র করে মাজার গড়ে উঠেছে। প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার তাঁদের স্মরণে এখানে অনুষ্ঠান হয়।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে আছে দেশের একমাত্র পাথরের জাদুঘর বা রকস মিউজিয়াম। ১৯৯৭ সালে অধ্যক্ষ নাজমুল হক এই জাদুঘর গড়ে তোলেন। জাদুঘরে বিভিন্ন রং, আকৃতি ও বৈশিষ্ট্যের পাথর সংরক্ষিত আছে। হাজার বছরের পুরোনো পাথর ছাড়াও এখানে প্রাচীন ইমারতের ইট এবং পোড়ামাটির বিভিন্ন মূর্তি আছে। জাদুঘরের জাতিতাত্ত্বিক সংগ্রহশালায় আছে বিভিন্ন নৃগোষ্ঠীর ব্যবহৃত জিনিসপত্র। এখানে আছে শালগাছ দিয়ে তৈরি ২২ ফুট দৈর্ঘ্যের ৩০০ বছর পুরোনো দুটি নৌকা।
কীভাবে যাবেন
দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে যেতে হবে পঞ্চগড়। সেখান থেকে তেঁতুলিয়া। ঢাকা থেকে সরাসরি এসি ও নন-এসি বাসে তেঁতুলিয়া যাওয়া যায়। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ট্রেনও আছে। ট্রেনে গেলে সেখানে নেমে তেঁতুলিয়া যেতে হবে। দুই দিনের সাশ্রয়ী ভ্রমণে জনপ্রতি ১০ হাজার টাকার মতো ব্যয় হবে।
কোথায় থাকবেন
তেঁতুলিয়া ডাকবাংলোয় থাকতে চাইলে আগে অনুমতি নিতে হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা পঞ্চগড়ের এনডিসি এই অনুমতি দেন। এ ছাড়া পঞ্চগড় শহরে বেশ কিছু হোটেল পাবেন থাকার জন্য।

বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিকে খাদ্য কীভাবে প্রভাবিত করে, তা ক্যামেরাবন্দী করার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা হলো ‘ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি’। সম্প্রতি ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এর সেরা দশটি বিজয়ী ছবির তালিকা প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
‘এস্তাদিও আজতেকা’র অর্থ অ্যাজটেক স্টেডিয়াম। এবারের বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হবে মেক্সিকোর এই স্টেডিয়াম থেকে। মেক্সিকো আর অ্যাজটেক শব্দ দুটি শুনলে মনে ভাসে ‘অ্যাপোক্যালিপ্টো’ সিনেমাটির কথা। মনে আছে নিশ্চয়, সেই অপার্থিব নিসর্গের মাঝে নরবলির বীভৎসময় সিনেমাটির কথা। সেসব ভিন্ন গল্প।
১৫ ঘণ্টা আগে
ভ্রমণে বরাবরই ট্রেন্ডে থাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। নাম শুনলেই চিনবেন সেসব দেশকে। দেশগুলো হলো—কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। বরাবরই বিশ্বজুড়ে ভ্রমণপিয়াসিদের পছন্দের শীর্ষে থাকে এসব দেশ। এই অঞ্চলে ভ্রমণের আনন্দ ষোলো আনা উপভোগ করতে চাইলে কোন দেশে...
১৭ ঘণ্টা আগে
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত অস্থিতিশীল অবস্থার কারণে মধ্য়প্রাচ্য়ে ভ্রমণ করা থেকে প্রায় বিরত রয়েছে পর্যটকেরা। ড্রোন হামলা, আকাশপথের অস্থিরতা এবং সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পর্যটকদের জন্য ইরান, ইসরায়েল, ইয়েমেন, সিরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি...
১৮ ঘণ্টা আগে