একঘেয়ে নাগরিক জীবনের বাইরে ধীরলয়ে প্রকৃতি আবিষ্কার করতে ভালোবাসেন, এমন মানুষ আছেন অসংখ্য। তাঁদের জন্য নভেম্বর ও ডিসেম্বর এক জাদুকরি সময়। এ সময় দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ায় প্রচণ্ড গরম বা অতিবৃষ্টির ঝামেলা থাকে না। সম্প্রতি ভ্রমণপিয়াসিদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের পাহাড়ি জনপদ হা গিয়াং এবং জাপানের প্রাচীন গ্রামীণ ঐতিহ্য শিরামাকোয়া-গো ও তাকায়ামা।
উত্তর-পূর্ব ভিয়েতনামের মেঘ-পাহাড়ের রোমাঞ্চ
ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত হা গিয়াং প্রদেশ। ইউনেসকো স্বীকৃত দং ভান কার্স্ট প্ল্যাটু এবং এশিয়ার উদীয়মান আকর্ষণ হিসেবে পরিচিত এই অঞ্চল নভেম্বর-ডিসেম্বরের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এক অন্য রূপ নেয়। এখানে নভেম্বরের আবহাওয়া থাকে রোদেলা অথচ আরামদায়ক ঠান্ডা। এ সময় পাহাড়ি উপত্যকায় ফোটে রঙিন বাকহুইট বা সরষে ফুল। আর ডিসেম্বরের দিকে শুরু হয় শীত ও কুয়াশার খেলা। মেও ভাক ও দং ভানের মধ্যবর্তী মা পি লেং পাস দিয়ে মোটরসাইকেল রাইড বা ট্রেকিং ভ্রমণপ্রেমীদের রোমাঞ্চের সেরা স্বাদ দেয়। নিচে বয়ে যাওয়া সবুজ নহ কুয়ে নদীতে নৌকায় চড়ে এশিয়ার গভীরতম ক্যানিয়ন তু সান-এর দৃশ্য উপভোগ করা যায়। দেখা মেলে হমং, জাও, তায়সহ ১৭টি ভিন্ন আদিবাসী গোষ্ঠীর। এখানে গিয়ে সা ফিন বাজারে রঙিন পোশাক পরে কেনাকাটার দৃশ্য বা দু গিয়া গ্রামের স্টিল্ট হাউসের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়। তবে ভ্রমণের সময় মনে রাখবেন, হ্যানয় থেকে বাসে ছয় ঘণ্টায় হা গিয়াং গিয়ে সেখান থেকে বাইক রেন্ট বা ট্যুরে ঘুরতে হয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় সাবধানে ও সূর্যাস্তের আগেই গন্তব্যে পৌঁছানো উচিত।
জাপানের রূপকথার দুই বরফঢাকা গ্রাম
জাপানের গিফু প্রিফেকচারের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থিত শিরামাকোয়া-গো গ্রাম এবং কাছের ঐতিহাসিক শহর তাকায়ামা ভ্রমণপিয়াসিদের ফিরিয়ে নিয়ে যায় প্রাচীন জাপানে। শিরামাকোয়া-গো ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর প্রধান আকর্ষণ ২৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গাসশো-জুকুরির খড়ের চালের ঘরগুলো। গাসশো-জুকুরি অর্থ প্রার্থনারত হাত। কোনো পেরেক ছাড়া শুধু কাঠ ও রশি দিয়ে তৈরি এই খাড়া চালযুক্ত বাড়ি ভারী তুষারপাত সহ্য করার জন্য তৈরি। নভেম্বরের দিকে এখানে শরতের শেষ রূপ দেখা গেলেও ডিসেম্বরে এলাকাটি ঢেকে যায় সাদা বরফের চাদরে। তুষারাবৃত ঘর আর পাহাড়ি উপত্যকা তখন মনে হয় রূপকথার বইয়ের দৃশ্য।
এই গ্রামের পাশেই আছে তাকায়ামা শহর। এটি কাঠের তৈরি ঐতিহাসিক পুরোনো বাড়িঘর ও সামুরাই আমলের আমেজের জন্য বিখ্যাত। গ্রামগুলোতে তাকায়ামা বা কানাজাওয়া থেকে সহজে বাসে যাতায়াত করা যায়। তবে এই জায়গার আসল সৌন্দর্য উপভোগ করতে হলে প্রাচীন গাসশো-জুকুরি কুঁড়েঘরে অন্তত এক রাত থাকার অভিজ্ঞতা নেওয়া উচিত। শীতকালীন নাইট লাইট-আপ ইভেন্টে অংশ নিতে চাইলে অবশ্যই আগে থেকে রিজার্ভেশন করতে হয়।
আপনি যদি বাইক রাইড, পাহাড়ি ঝরনা ও উপজাতীয় সংস্কৃতির মেলা চান, তবে ভিয়েতনামের হা গিয়াং আপনার রোমাঞ্চ জোগাবে। আর যদি চান শতাব্দীপ্রাচীন কাঠের বাড়ি, শরতের পাতাঝরা দৃশ্য কিংবা বরফে মোড়ানো কোনো শান্ত নিঝুম রূপকথা, তবে জাপানের শিরামাকোয়া-গো ও তাকায়ামা অপেক্ষা করছে আপনার জন্য।
সূত্র: জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন, ভিএন এক্সপ্রেস, জাপান গাইড ডটকম










