মেরিন ড্রাইভ থেকে বিলবোর্ড ঘেঁষে ছোট্ট একটি রাস্তা। একটু এগোলেই দরিয়ানগর সৈকত। এখানে প্যারাসেইলিং করতে টিকিট হাতে নিয়ে অপেক্ষা করছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বেড়াতে আসা ব্যবসায়ী সাইফুদ্দিন আহমেদ। তাঁর ছেলে মেহেদী ও মেয়ে জেরিন সুলতানা প্যারাসেইলিং করবেন। দুজনই জীবনে প্রথম আকাশে উড়ে সমুদ্র দেখবেন।
প্রথমেই মেহেদীর পালা। ফ্লাই এয়ারের দক্ষ কর্মীরা তাঁর শরীরে লাইফ জ্যাকেট ও প্যারাস্যুট পরিয়ে দিচ্ছেন। ৩০০ মিটার দূরে সাগরে প্রস্তুত স্পিডবোট। মেহেদীকে নিয়মকানুন বুঝিয়ে দিয়ে প্রস্তুত করা হলো। সিগন্যাল দেওয়া হলো স্পিডবোটকে। স্বজনেরা তাঁর আকাশে ওড়ার মুহূর্তগুলো ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত।
সব ঠিক আছে কি না, দেখে তদারককারী ইরফানুল হকের ইশারা পেয়ে হ্যান্ডমাইকে ওড়ার ঘোষণা দেন এক যুবক। স্পিডবোটটি দূর সাগরে ছুটতে থাকে। তখনই রশির টানে ধীরে ধীরে প্যারাসেইলিং আকাশে উড়তে থাকে!
সমুদ্রতীরে সতর্ক অবস্থায় আরেকটি স্পিডবোট দুটি দ্রুতগতির জেট স্কি নিয়ে অপেক্ষা করছে। যেতে যেতে দেড়-দুই কিলোমিটার দূরে সাগরে উড্ডয়ন শেষে তীরে ফিরে আসেন মেহেদী।
এরপর একজন সঙ্গী দিয়ে জেরিনকেও পাঠানো হয়।
দরিয়ানগর সৈকতের আকর্ষণ এখন প্যারাসেইলিং। এর মাধ্যমে আকাশে ওড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, সবুজ পাহাড় ও প্রকৃতি, সাগরে ট্রলার দিয়ে মাছ ধরা বা ডলফিনের লাফালাফিসহ বিভিন্ন দুর্লভ দৃশ্য দেখা যায়। এত দিন যাঁরা কক্সবাজারে আলাদা আলাদা করে সমুদ্র, পাহাড় ও প্রকৃতি দেখেছেন, এখন প্যারাসেইলিংয়ের মাধ্যমে সেগুলো একসঙ্গে দেখার দারুণ সুযোগ পাবেন।
দেশে শুধু কক্সবাজারেই প্যারাসেইলিং করার সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে পর্যটকদের কাছে প্যারাসেইলিং ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। তবে ব্যয়বহুল হওয়ায় অনেকে এ সুযোগ নিতে পারেন না। কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে আড়াই কিলোমিটার গেলেই দরিয়ানগর সমুদ্রসৈকত। এখানে ও পাশের হিমছড়ি সৈকতে তিনটি প্যারাসেইলিং স্পট রয়েছে।
শুষ্ক মৌসুমে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় লোকজন এখানে প্যারাসেইলিং করেন। বাতাসের গতিবেগ, ঝড়-বৃষ্টির অবস্থা বুঝে প্যারাসেইলিং করতে হয়। উল্টো বাতাস কিংবা বেশি বা কম বাতাসে প্যারাসেইলিং করা যায় না।
ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের কর্মী ইরফানুল হক জানান, চার বছর ধরে তাঁদের প্রতিষ্ঠান এখানে প্যারাসেইলিং করে আসছে। বাতাসের গতিবেগ ঠিক থাকলে দিনে ২৫ থেকে ৩০ জন উড়তে পারেন। এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি এ স্পটে।
প্যারাসেইলিং করতে আসা অনেকের সামর্থ্য না থাকলে টিকিটে ছাড় দেওয়া হয়।
যাঁদের নিষেধ আছে
হৃদ্রোগে আক্রান্ত মানুষ, গর্ভবতী, হাইট ফোবিয়ায় আক্রান্ত ও বেশি ওজনের মানুষ প্যারাসেইলিং করার উপযুক্ত নন। মোটামুটি সুস্থ-সবল ৮ থেকে ৬০ বছর বয়সী নারী-পুরুষ প্যারাসেইলিং করতে পারেন। তবে যেকোনো কারণে যাঁরা দুর্বল চিত্তের, তাঁদেরও প্যারাসেইলিং না করা ভালো।
উপযুক্ত সময়
প্রতিবছর পর্যটন মৌসুমের নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত প্যারাসেইলিংয়ের সুযোগ বেশি। এ সময়েই পর্যটকেরা প্যারাসেইলিং স্পস্ট ভিড় করেন।
খরচ
একজনের প্যারাসেইলিং করতে খরচ পড়ে ২ হাজার ও ২ হাজার ৫০০ টাকা।

চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
৮ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১৬ ঘণ্টা আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১৭ ঘণ্টা আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
১৮ ঘণ্টা আগে