বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর। উড়োজাহাজে চড়া ছাড়াই ২০৩টি দেশ ভ্রমণ শেষে ২০২৩ সালে ঘরে ফেরেন তিনি। প্রতিটি দেশে তিনি কমপক্ষে ২৪ ঘণ্টা অবস্থান করেছিলেন। জাতিসংঘ ১৯৫টি সার্বভৌম রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও থর পেডারসেন তাঁর তালিকায় কিছু বিতর্কিত অঞ্চলকেও অন্তর্ভুক্ত করেছেন দেশ হিসেবে।
আক্ষেপ ছিল থরের। তিনি মনে করেন, ১০০ বছর দেরিতে জন্ম হয়েছে তাঁর। একটা সময় ছিল, যখন পৃথিবীর ওপর দিয়ে স্যাটেলাইট ছুটে বেড়াত না এবং অনেক কিছুর আবিষ্কার বাকি ছিল। তাঁর মনে হতো, পৃথিবীতে সব বড় অ্যাডভেঞ্চার তাঁর জন্মের আগেই ঘটে গেছে। কিন্তু ২০১৩ সালে তিনি বুঝতে পারেন, বিমানে না চড়ে পৃথিবীর সব দেশ ঘুরে বেড়ানোর কাজটা এখনো বাকি আছে। আর সেই রোমাঞ্চকর কাজটা শেষ করা তাঁর দায়িত্ব।
২০১৩ সালের অক্টোবর মাস। মাত্র চার বছরের পরিকল্পনা নিয়ে থর শুরু করলেন তাঁর রোমাঞ্চকর যাত্রা। কিন্তু বাস্তবতা হলো, সেই অভিযান শেষ হতে সময় লাগে ৩ হাজার ৫১২ দিন। এই দীর্ঘ সময়ে থর কোনো বিমান ব্যবহার করেননি। হেঁটে, গাড়িতে, বাসে, ট্রেনে ও জাহাজে করে পথ পাড়ি দিয়েছেন। এমনকি ৩৭টি কনটেইনার জাহাজেও যাত্রা করেছেন তিনি। সেই যাত্রায় থরের প্রতিদিনের বাজেট ছিল মাত্র ২০ মার্কিন ডলার। এর কিছু গেছে তাঁর ব্যক্তিগত সঞ্চয়, কিছু করপোরেট স্পনসর এবং ক্রাউডফান্ডিং থেকে।
১০ বছরের এই বিশ্বভ্রমণের অভিজ্ঞতায় প্রতিটি দেশে মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন বলে জানান থর। এ বিষয়গুলো নিয়ে তিনি সম্প্রতি একটি লেখা প্রকাশ করেন ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে’। তার কিছু অংশ তুলে ধরা হলো।
মানুষের উদারতা কখনো কখনো অবাক করে দেয়
ডিসেম্বরের বরফে ঢাকা এক ঠান্ডা রাত। আমি তখন পোল্যান্ডের সবচেয়ে ঠান্ডা শহর সুভাওয়কিতে পৌঁছেছি ট্রেনে চড়ে। চারদিক নিস্তব্ধ, শুধু হালকা বরফ ঝরছে। হাতে একটা কাগজে লেখা একটি নাম, ফোন নম্বর আর ঠিকানা; যেখানে আমার থাকার কথা। কিন্তু সিমকার্ড না থাকায় কারও সঙ্গে যোগাযোগের উপায় নেই। হাঁটতে শুরু করলাম সাহায্যের খোঁজে। হঠাৎ একটি বাড়ির দরজা খুলে এক নারী বেরিয়ে এলেন। ছুটে গেলাম তাঁর কাছে। ভাগ্য ভালো, তিনি ইংরেজি জানতেন এবং বললেন, এই ঠান্ডায় বাইরে ঘোরাঘুরির কোনো মানে নেই। এ বলে তাঁর বাসায় থাকতে দিলেন। পরদিন সকালে আমাকে নাশতা করিয়ে লিথুয়ানিয়া যাওয়ার বাসে তিনি তুলে দিলেন।
হংকংয়ে করোনার সময় দুই বছর আটকে থাকা
কোভিড-১৯ মহামারির সময় আমি দুই বছর হংকংয়ে আটকে পড়েছিলাম। পরিস্থিতি এতটাই অনিশ্চিত ছিল, তখন ভ্রমণ প্রকল্পই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম। তখন তো ভ্যাকসিনও ছিল না। জানতাম না এই রোগ কতটা ভয়ানক হতে পারে, কবে শেষ হবে। শুধু দেখছিলাম, সময় যেন ক্রমেই সব পরিকল্পনা গিলে খাচ্ছে। এই সময়েই জীবনের আরেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। দীর্ঘদিনের প্রেমিকা লে-কে বিয়ে করি। যখন বিশ্ব আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, একটি জাহাজে চেপে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হই।

ভাষা ছাড়াও সম্পর্ক গড়া যায়
বেলারুশ থেকে মস্কো যাওয়ার ১২ ঘণ্টার ট্রেনে আমার আশপাশে ইংরেজি জানা তেমন কেউ ছিল না। তবু সবাই আমার সঙ্গে কথা বলল রাশিয়ান ভাষায়, খাবার ভাগ করে খেল, এমনকি ভদকা পর্যন্ত। ভাষা না জানলেও মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা কঠিন নয়। কখনো শুধু ইশারায়, কখনো শুধু হাসিতে মানুষ আপন হয়ে গেছে। অনেকবার দুঃখ-কষ্টের সময়েও একটা শিশুর হাসিই আমাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দিয়েছে।
ভ্রমণ শেখায়, পৃথিবী কত বড়
লন্ডন থেকে নিউইয়র্ক—বিমানে গেলে সেটা শুধু কয়েক ঘণ্টার পথ। কিন্তু আমি গিয়েছি সাতটি জাহাজ আর কয়েকটি বাসে চড়ে। তখন বুঝেছি, দূরত্ব মানে কী। দেখেছি মরুভূমি থেকে সবুজ বনভূমি হয়ে উঠতে, ছোট ঝোপ কেমন করে বড় গাছে পরিণত হয়, গ্রামের ভেতর শহর গড়ে ওঠে আর নদী কেমন করে সাগরে মিশে যায়। এক দেশ থেকে অন্য দেশে পার হলেও অনেক সময় কিছুই বদলায় না; মানুষ একই রকম পোশাক পরে, একই খাবার খায়, একই ভাষায় কথা বলে। পৃথিবী কত বিশাল, তা বুঝতে হলে ধীরগতিতে ভ্রমণ করতে হবে।
এবিসি নিউজ ও দ্য গার্ডিয়ান অবলম্বনে

ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১ ঘণ্টা আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
২ ঘণ্টা আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
৩ ঘণ্টা আগে
কারও বাড়িতে বেড়াতে গিয়ে ফ্রিজ দেখলে বোঝা যায় যে বাড়ির সদস্যরা কোথায় কোথায় ঘুরতে গেছেন। বেড়াতে গেলে মানুষ স্মারক হিসেবে ফ্রিজ ম্যাগনেটই বেশি কেনে। এগুলো ছোট, সুন্দর ও কাজে লাগে। আবার ভ্রমণের স্মৃতি হিসেবেও থাকে। সব সময় ম্যাগনেট কিনবেন কেন? স্যুভেনির হিসেবে বেছে নিতে পারেন আরও কয়েকটি দারুণ জিনিস।
৪ ঘণ্টা আগে