শীতের আগমনী বার্তা নিয়ে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। রাতে চাঁদের আলো আর ভোরের কুয়াশা প্রকৃতিকে সাজিয়ে তুলছে নতুন রূপে। প্রকৃতির এই ঋতুবদলের সময়টাতেই আমাদের জীবনে এসেছে নতুন অধ্যায়। সাগরপারের মানুষ আমি। সমুদ্র, পাহাড়, ঝরনা কিংবা হ্রদের সৌন্দর্য উপভোগের সুযোগ হয়েছে বিভিন্ন সময়ে। তারপরেও আমার ভালোবাসার জায়গা সেন্ট মার্টিন। পর্যটকদের জন্য দ্বীপটি বন্ধ থাকায় ভেবেছিলাম, এবার হয়তো আর যাওয়া হবে না। কিন্তু হানিমুনের প্রস্তুতির মধ্যেই এল কাঙ্ক্ষিত খবর, ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন। মুহূর্তেই স্থির করে ফেললাম গন্তব্য হবে সেটিই।
যাত্রার প্রস্তুতি ও সমুদ্রপথে ছয় ঘণ্টা
সেন্ট মার্টিনের স্থানীয় খবরাখবর নেওয়া এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ১২ তারিখ দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বলে রাখা ভালো, এখন সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ে কক্সবাজার থেকে। সমুদ্রপথে যেতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। তাই দ্বীপে গিয়ে এক দিনের মধ্যে ফিরে আসার পরিকল্পনা না করে অন্তত দুই দিন থাকার সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আমরাও দুই দিনের জন্য স্থানীয় রিসোর্টের একটি কক্ষ বুক করলাম। রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারাই জাহাজের ট্রাভেল পাস ও টিকিটের ব্যবস্থা করে দেয়। আমরাও কর্ণফুলী শিপে যাওয়া-আসার জন্য একটি কেবিন বুক করে রাখলাম। সকাল ৯টায় কক্সবাজার থেকে জাহাজ ছাড়বে। তাই রাতের দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়াতে আগেই কক্সবাজার পৌঁছালাম। প্রথম দিন কাটালাম ইনানীতে। পরদিন চলে এলাম কলাতলী বিচ এলাকায়। কারণ, কলাতলী থেকে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটের দূরত্ব খুব বেশি নয়। ঘাটের কাছেই স্বল্প খরচের একটি হোটেলে রাত কাটানোর ব্যবস্থা করলাম।
নির্ধারিত দিনে সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরে সকাল ৮টার মধ্যেই পৌঁছে গেলাম নুনিয়ারছড়া ঘাটে। টিকিট যাচাই শেষে জাহাজে উঠে পড়লাম। শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত সমুদ্রযাত্রা। জাহাজ ছাড়ার পর ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিল কক্সবাজার। সামনে শুধু বিস্তীর্ণ জলরাশি। কখনো নীল সমুদ্র, কখনো দূরে পাহাড়ের রেখা, আবার কখনো ঢেউয়ের দোলায় জাহাজের ওঠানামা। ছয় ঘণ্টার এই যাত্রায় চোখ ফেরানোর সুযোগ ছিল না। সমুদ্রের একেকটি দৃশ্য নতুন করে মুগ্ধ করছিল আমাদের। অবশেষে পৌঁছে গেলাম সেন্ট মার্টিনে। জেটিতে পা রেখে একটু ভালো করে তাকিয়ে দেখলাম চারদিকের নীল জলরাশি। মনে হলো, এতক্ষণ যে সৌন্দর্য দূর থেকে দেখছিলাম, এবার তারই অংশ হয়ে গেলাম আমরা!
সমুদ্রঘেঁষা রিসোর্টে প্রথম সন্ধ্যা
জেটিঘাট থেকে আমাদের গন্তব্য গলাচিপার দ্বীপান্তর বিচ রিসোর্ট। অটোরিকশায় জনপ্রতি নয়, পুরো গাড়ির জন্য ২৫০ টাকা ভাড়া ঠিক করে রওনা হলাম। দুই পাশে সমুদ্র, মাঝখানে ইটের রাস্তা। পথজুড়ে সমুদ্রের বাতাস আর গানের সুর। এমন পরিবেশে রিসোর্টে পৌঁছানোর পথটুকুও হয়ে উঠেছিল আলাদা এক অভিজ্ঞতা। রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তাই আর দেরি না করে খাওয়াদাওয়া সেরে নিলাম। আমাদের কক্ষটি ছিল একেবারে সমুদ্রঘেঁষা। রুমের ভেতর থেকেও শোনা যাচ্ছিল সমুদ্রের গর্জন। জানালার ওপাশে যেন বিরামহীন ঢেউয়ের আনাগোনা।
রিসোর্টের সামনের সৈকতে বসে উপভোগ করলাম সূর্যাস্ত। দিনের শেষ আলো যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যাচ্ছিল, তখন আকাশে দেখা দিল চাঁদ। সন্ধ্যা পেরিয়ে রাত যত গভীর হচ্ছিল, সমুদ্র যেন ততই কাছে চলে আসছিল। রাতের একপর্যায়ে ঢেউ আছড়ে পড়ছিল আমাদের কক্ষের পাশেই। প্রিয় মানুষটিকে পাশে নিয়ে সমুদ্রের সেই গর্জন শোনা, রাতে চাঁদের আলোয় ঢেউয়ের ওঠানামা দেখা—প্রথম দিনের সেই মুহূর্তগুলো আমাদের কাছে ছিল সত্যিই অন্য রকম। রিসোর্টের মনোরম পরিবেশ আর সমুদ্রের অনবরত ডাকের মধ্যে কখন যে রাত কেটে গেল, টেরই পেলাম না।
ছেঁড়াদ্বীপের পথে, আগন্তুক বিচে মুগ্ধতা
পরদিন সকালে নাশতা সেরে দুই ঘণ্টার জন্য একটি স্কুটি ভাড়া নিলাম। আমাদের প্রথম গন্তব্য দ্বীপের দক্ষিণ দিকের সুন্দরবনসংলগ্ন এলাকা, ছেঁড়াদ্বীপের কাছাকাছি। সেন্ট মার্টিনের অন্যতম আকর্ষণ ছেঁড়াদ্বীপ। জোয়ার-ভাটার সঙ্গে দ্বীপটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। প্রবাল, স্বচ্ছ জলরাশি আর সামুদ্রিক জীববৈচিত্র্যের কারণে জায়গাটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। তবে পরিবেশ সংরক্ষণের বিধিনিষেধের কারণে এবার ছেঁড়াদ্বীপে যাওয়া হলো না। দূর থেকেই এর আশপাশের সৌন্দর্য উপভোগ করে ফিরে আসতে হলো।
তবে ছেঁড়াদ্বীপে যেতে না পারার আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, আমাদের অপেক্ষায় ছিল আগন্তুক বিচ।
সেন্ট মার্টিনের এই সৈকতে পৌঁছে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। চারদিকে সাদা বালুর বিস্তীর্ণ সৈকত, নীলাভ জলরাশি আর প্রবালঘেরা উপকূল। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ মিলেমিশে তৈরি করছিল এক অন্য রকম আবহ। কিছুক্ষণ দাঁড়িয়ে মনে হচ্ছিল, প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। আমাদের কাছে জায়গাটি ছিল স্বর্গের মতো। দীর্ঘ সময় প্রবাল আর সমুদ্রের সঙ্গে কাটিয়ে ফিরলাম রিসোর্টে।
নীল শাড়িতে নীল সমুদ্রের সামনে
বিকেলের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, তখন স্ত্রী নীল শাড়ি পরে আমার হাত ধরে সৈকতে নেমে এল। নীল সমুদ্রের সামনে নীল শাড়িতে তাকে দেখে মুহূর্তটি যেন আরও রঙিন হয়ে উঠল। চারপাশে ঢেউয়ের শব্দ, মৃদু বাতাস আর অস্তগামী সূর্যের আলো, সব মিলিয়ে বিকেলটি ছিল আমাদের ভ্রমণের অন্যতম সুন্দর সময়। আমরা সৈকত ধরে হাঁটলাম। কখনো ঢেউয়ের কাছে গিয়ে দাঁড়ালাম, কখনো দূর থেকে সূর্যের বিদায় দেখলাম। সূর্য ধীরে ধীরে সমুদ্রের দিগন্তে হারিয়ে যাচ্ছিল, আমাদের মনে হচ্ছিল, সময়টা যদি আরেকটু থেমে থাকত! সন্ধ্যা নামার পর ফিরে এলাম রিসোর্টে। সেখানে গানের সুর আর সমুদ্রের গর্জন মিলেমিশে তৈরি করেছিল অন্য রকম এক পরিবেশ। এ দিন সমুদ্র ছিল ভীষণ সুন্দর, আবার কিছুটা ভয়ংকরও। ঢেউয়ের তীব্রতা আর রাতের অন্ধকারে সমুদ্রের বিশালতা সবাইকে মুগ্ধ করছিল। রিসোর্টের অনেকেই রাতভর সমুদ্র উপভোগ করেছেন।
নোনা জলে শেষ সকাল
পরদিন সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরে নেমে পড়লাম সমুদ্রে। দ্বীপে এসে এতক্ষণ শুধু সমুদ্র দেখেছি, তার ঢেউয়ের সঙ্গে খেলেছি; এবার নোনা জলে না নামলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। দীর্ঘ সময় ঢেউয়ের সঙ্গে মেতে থাকলাম দুজন। কখনো ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছিল, কখনো আবার সরে গিয়ে রেখে যাচ্ছিল সাদা ফেনা। সমুদ্রের নোনা জলের সেই আনন্দ উপভোগ করে রুমে ফিরে গোসল সেরে নিলাম। বেলা ১১টায় রিসোর্ট থেকে চেকআউট করার কথা। তবে আমাদের জাহাজ ছাড়বে বিকেল ৫টায়। তাই ব্যাগপত্র রিসোর্টেই রেখে আবার বেরিয়ে পড়লাম। যেহেতু সেন্ট মার্টিনে দক্ষিণপাড়া, দারুচিনি দ্বীপসহ রয়েছে অনেক জায়গা। আমাদের হাতে সময় না থাকায় আমরা দুপুরের খাবার শেষে স্কুটি নিয়ে আরেকবার চলে গেলাম প্রিয় আগন্তুক বিচে। জায়গাটির প্রতি ভালো লাগা যেন কিছুতেই শেষ হচ্ছিল না। তবে এবার সেখানে বেশি সময় কাটালাম না। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত সমুদ্রবিলাস। সেন্ট মার্টিনে তাঁর তৈরি সেই বাড়িটি দেখার আগ্রহ ছিল আগে থেকে। দ্বীপে এসে সেটি না দেখে ফিরে যাওয়ার ইচ্ছা হলো না। সমুদ্রবিলাস ঘুরে আবার রিসোর্টে ফিরে এলাম। ব্যাগ নিয়ে অটোরিকশায় রওনা হলাম জেটিঘাটের দিকে।
বিদায়ের মুহূর্তেও সমুদ্রের টান
বিকেল ৫টায় জাহাজ ছাড়ার কথা। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। জাহাজে উঠে সেন্ট মার্টিনকে বিদায় জানাতে জানাতে আবারও চোখে পড়ল সেই নীল জলরাশি। সূর্য তখন পশ্চিম আকাশে ডুবতে শুরু করেছে। সমুদ্রের বুক থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা একেবারে ভিন্ন রকম। মনে হচ্ছিল, দ্বীপটির সঙ্গে আমাদের কাটানো সময়গুলো যেন একে একে স্মৃতির পাতায় জমা হচ্ছে। কেবিন আগে থেকেই বুক করা ছিল। রাতের সমুদ্রযাত্রা শুরু হলো। তবে কেবিনে বসে থাকার চেয়ে জাহাজের খোলা জায়গায় বসে সমুদ্র দেখতেই আমাদের বেশি ভালো লাগছিল। রাতের অন্ধকারে সমুদ্রের বিশালতা, দূরের আলো আর ঢেউয়ের শব্দ—সবকিছুই ছিল নতুন এক অভিজ্ঞতা। রাত সাড়ে ১১টার দিকে পৌঁছালাম নুনিয়ারছড়া ঘাটে। সেখান থেকে আগে থেকেই বুক করা কলাতলী এলাকার হোটেলে চলে এলাম।
যেভাবে যাবেন
সেন্ট মার্টিন যেতে প্রথমে কক্সবাজার পৌঁছাতে হবে। সেখানকার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। ২০২৬-২৭ মৌসুমে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস এবং এমভি টেকনাফ চলাচল করছে। জাহাজে আসনভেদে যাওয়া-আসার ভাড়া ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৮০০ টাকা। কেবিনের ভাড়া ৭ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। জাহাজ ও আসনের শ্রেণিভেদে ভাড়ার পার্থক্য রয়েছে। সমুদ্রপথে যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘণ্টা। ভ্রমণের আগে জাহাজের টিকিট ও ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। টিকিট বুকিংয়ের সময় পরিবেশ সংরক্ষণ ফি এবং অন্যান্য নির্দেশনা সম্পর্কে জেনে নিন। জাহাজের সময়সূচি ও ভাড়া পরিবর্তিত হতে পারে। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য নিশ্চিত করুন।
কোথায় থাকবেন
সেন্ট মার্টিনে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। সৈকতসংলগ্ন রিসোর্টে থাকতে চাইলে আগে থেকেই বুকিং দেওয়া ভালো। ছুটির দিন ও পর্যটনের ব্যস্ত সময়ে কক্ষের চাহিদা বেড়ে যায়। আবাসনের মান ও সুযোগ-সুবিধাভেদে ভাড়া কমবেশি হয়। প্রিমিয়াম হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া ৮ থেকে ১২ হাজার টাকা, স্ট্যান্ডার্ড হোটেল ও রিসোর্টে সাড়ে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা এবং ইকোনমি হোটেল ও রিসোর্টে ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বুকিংয়ের আগে কক্ষের ছবি, ভাড়া, খাবারের ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জেনে নিন।
যা খাবেন
সেন্ট মার্টিনে খাবারের অন্যতম আকর্ষণ সামুদ্রিক মাছ। দ্বীপের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও স্থানীয় খাবারের দোকানে সামুদ্রিক মাছের নানা পদ পাওয়া যায়। বিশেষ করে মাছের বারবিকিউ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। রিসোর্টগুলোতে সাধারণত তিন বেলার খাবারের প্যাকেজ থাকে। চাইলে আলাদাভাবেও খাবার অর্ডার করতে পারবেন। পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বা নিষিদ্ধ সামুদ্রিক প্রাণী খাওয়া থেকে বিরত থাকুন।
ভ্রমণে যেসব বিষয় মনে রাখবেন
- জাহাজের টিকিট, ট্রাভেল পাস ও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখুন।
- সৈকতে বা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলুন।
- প্রবাল, শামুক, ঝিনুক ও সামুদ্রিক জীব সংগ্রহ বা ক্ষতি করবেন না।
- সৈকতে উচ্চ শব্দ, রাতের বেলা আলো জ্বালানো এবং নিষিদ্ধ বিনোদনমূলক কার্যক্রম থেকে বিরত থাকুন।
- মোটরসাইকেল, সি-বাইকসহ যেসব যানবাহন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো ব্যবহার করবেন না।
- ছেঁড়াদ্বীপসহ সংরক্ষিত ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় প্রবেশের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলুন।
- সমুদ্রে নামার আগে আবহাওয়া, জোয়ার-ভাটা ও পানির অবস্থা সম্পর্কে জেনে নিন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পানিতে নামবেন না।










