
মাত্র সাত বছরে যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি ব্যবহারকারী পেয়েছিল টিকটক। কিন্তু শেষ পর্যন্ত এই প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মুছে ফেলা হয়েছে মার্কিন ব্যবহারকারীদের অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকেও।
শনিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে যুক্তরাষ্ট্রে কাজ করা বন্ধ করে দেয় টিকটক। এর আগে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে এই অ্যাপ নিষিদ্ধ করতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সোমবার অফিসে যোগ দেওয়ার পর নিষেধাজ্ঞা থেকে টিকটককে ৯০ দিনের একটি সাময়িক ছাড় দেওয়ার কথা বিবেচনা করবেন।
টিকটক ট্রাম্পের এই প্রতিশ্রুতিকে উদ্ধৃত করে ব্যবহারকারীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর হয়েছে। দুঃখজনকভাবে এর অর্থ, আপনি এখন টিকটক ব্যবহার করতে পারবেন না। তবে আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে একটি সমাধানে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। দয়া করে আমাদের সঙ্গে থাকুন।’
রোববার যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রই প্রথম এবং প্রধান বাজার নয়, যেখানে টিকটক বন্ধ হয়েছে। এর আগে ২০২০ সালে এই অ্যাপের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। এতে প্রায় ২০ কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের সরকার অ্যাপটির গোপনীয়তার সমস্যাগুলো এবং এটির মালিক প্রতিষ্ঠান বাইটডান্সের সঙ্গে চীনা সরকারের সম্পর্ককে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছিল।
এদিকে ইউরোপীয় ইউনিয়নসহ আরও কিছু দেশ ও অঞ্চল এই অ্যাপের ওপর আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞা সরকারি কর্মকর্তা এবং সামরিক কর্মীদের ডিভাইসে অ্যাপটি ইনস্টল করা থেকে বিরত রাখে।
দেখা গেছে, টিকটকের বিষয়ে জাতীয় নিরাপত্তার উদ্বেগ থাকার পরও মার্কিন বাজারে টিকটকের বৃদ্ধিকে থামানো সম্ভব হয়নি। ২০২৩ সালে টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে ৫ কোটি ২০ লাখ বার ডাউনলোড হয়েছে এবং বিশ্বব্যাপী ডাউনলোড হয়েছে ৭৩ কোটি ৩০ লাখ বার।
বিশ্বজুড়ে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ২০০ কোটির বেশি। তবে ভারতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে এর বৃদ্ধি কিছুটা কমিয়ে দিয়েছিল।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই দাবি করেছে, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটডান্সের সঙ্গে চীনা সরকারের সম্পর্ক অ্যাপটির মাধ্যমে ক্ষতিকর প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ তৈরি করতে পারে।
তবে এ ধরনের নিরাপত্তা আশঙ্কার অজুহাত দেখিয়ে সেন্সরশিপের প্রশ্নও উঠেছে। ডিজিটাল অধিকার রক্ষা সংস্থা ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্বেগের সঙ্গে সেন্সরশিপের মোটা স্তর দিয়ে মোড়ানো’ বলে অভিহিত করেছে।
টিকটক দাবি করেছে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা এবং যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যমকে থামিয়ে দেবে।
২০২৩ সালে কংগ্রেসে পাস হওয়া এবং শুক্রবার সুপ্রিম কোর্টে অনুমোদিত একটি আইনের আওতায় টিকটককে চীনভিত্তিক মূল প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হতে বলা হয়েছিল। তা না হওয়ায় যুক্তরাষ্ট্রে আইনিভাবে নিষিদ্ধ হয়ে যায় অ্যাপটি।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় আছে সবাই। টিকটকের পাশাপাশি বাইটডান্সের মালিকানাধীন অন্যান্য অ্যাপ; যেমন ভিডিও এডিটিং অ্যাপ ‘ক্যাপকাট’ এবং ‘লেমন৮’ নামে একটি লাইফস্টাইল সোশ্যাল অ্যাপও যুক্তরাষ্ট্রে অফলাইনে চলে গেছে।
প্রযুক্তির ইতিহাসে কোনো অ্যাপ নিয়ে এমন বিতর্ক এর আগে হয়নি বলেও মনে করেন গবেষকেরা। এই পরিস্থিতি টিকটক এবং অন্যান্য চীনা মালিকানাধীন অ্যাপের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে, যা প্রযুক্তি এবং রাজনীতির এক নতুন অধ্যায় উন্মোচন করছে।

বন্ধুদের সঙ্গে কিংবা ভার্চুয়াল দুনিয়ার অচেনা মানুষদের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকে একধরনের ‘ডেটিং বার্ন আউট’ বা ক্লান্তির শিকার হচ্ছেন। তবে ২০২৬ সালের এই সময়ে দেখা দিয়েছে সম্পর্কের নতুন ট্রেন্ড ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’। এ জন্য বদলে যাচ্ছে জেন-জি প্রজন্মের ভালোবাসার ধরন। সম্পর্কের শুরুতে কোনো রকমের...
৯ ঘণ্টা আগে
কোরবানির ঈদে এই রান্না প্রায় প্রতি বাড়িতেই হয়। যাঁরা প্রথমবার রান্না করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে
ঈদে গরুর মাংস তো নানাভাবে রান্না করা হয়। যাঁরা ঝাঁজালো খাবার খেতে পছন্দ করেন, তাঁরা ঈদের ছুটিতে এক দিন রান্না করতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে
চলছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। সামনের দিনগুলোতে আরও গরম পড়বে। সঙ্গে মাঝেমধ্যে থাকবে গুমোট পরিবেশ। থাকবে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। অতিরিক্ত গরমের সময় ঘর ঠান্ডা রাখতে আমরা সাধারণত ফ্যান বা এয়ারকন্ডিশনারের ওপর নির্ভর করি। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব।
১৯ ঘণ্টা আগে