কোরবানির ঈদে গরুর মাংস রান্না হবে, এটাই স্বাভাবিক। ঐতিহ্যবাহী রান্নার পাশাপাশি রেঁধে ফেলুন চমকজাগানো ভিন্ন স্বাদের নতুন নতুন খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।

জিরা ফোড়নে কলিজা
উপকরণ
গরুর কলিজা ১ কেজি, সয়াবিন তেল ২০০ মিলিলিটার, জিরাবাটা ১০ গ্রাম, দারুচিনি কয়েক টুকরা, এলাচি ৩টি, লবঙ্গ ৭টি, তেজপাতা ২টি, পেঁয়াজকুচি ৩০০ গ্রাম, আদাবাটা ৪০ গ্রাম, রসুনবাটা ৩০ গ্রাম, হলুদগুঁড়া ১০ গ্রাম, ধনেগুঁড়া ১০ গ্রাম, মরিচগুঁড়া ১৫ গ্রাম, রসুন ৬ কোয়া, লবণ স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ কয়েকটি, ভাজা জিরার গুঁড়া ১০ গ্রাম, মাংসের মসলা ১০ গ্রাম।
প্রণালি
প্রথমে কলিজা বড় টুকরা করে কেটে নিন। গরম পানিতে সামান্য হলুদ দিয়ে ৫ মিনিট সেদ্ধ করুন। এতে কলিজার ভেতরে থাকা ময়লা বেরিয়ে আসবে। বার কয়েক ভালো করে ধুয়ে কলিজার ওপরের পাতলা আবরণ উঠিয়ে নিন। এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিন।
প্যানে তেল গরম করে জিরা ও গরমমসলা দিয়ে ফোড়ন দিন। ২ মিনিট জ্বাল দেওয়ার পর পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে সব বাটা ও গুঁড়া মসলা দিন। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে কলিজার টুকরাগুলো দিয়ে দিন। রসুনের কোয়া এবং স্বাদমতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। ৬-৭ মিনিট নেড়েচেড়ে রান্না করুন। তারপর আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ও আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। কম আঁচে ৫ মিনিট ঢেকে রাখুন প্যান বা কড়াই। তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন কলিজা ভুনা।

পোচড ফিলে বিফ
উপকরণ
হাড় ছাড়া বিফ স্টেক ফিলে ৩৫০ গ্রাম, গোলমরিচ, আদা ও রসুনগুঁড়া আধা চা-চামচ করে, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লেবুর রস, ভিনেগার ও ব্রাউন সুগার ১ চা-চামচ করে, তেজপাতা ২টি, লেবু স্লাইস ৩ টুকরা, লবঙ্গ ৫টি, লবণ স্বাদমতো।
প্রণালি
বিফ ফিলেগুলোর সঙ্গে লেবুর রস, আদা, রসুন ও গোলমরিচের গুঁড়া, লবণ এবং অলিভ অয়েল মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
এবার একটি হাঁড়িতে ৫০০ মিলিলিটার পানি নিয়ে তাতে ভিনেগার, লেবুর স্লাইস, লবঙ্গ, তেজপাতা, ব্রাউন সুগার ও লবণ দিয়ে জ্বাল দিন। পানি ফুটে উঠলে আগে থেকে মেরিনেট করা বিফ ফিলে দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। এরপর ফিলেগুলো হাঁড়ি থেকে তুলে ছুরির সাহায্যে স্লাইস করে রঙিন সবজির সঙ্গে পরিবেশন করুন মজাদার পোচড ফিলে বিফ।

বিফ কোয়াব
উপকরণ
হাড় ছাড়া গরুর বড় পিস করা মাংস ১ কেজি, আদাবাটা ১৫ গ্রাম, রসুনবাটা ১০ গ্রাম, পেঁয়াজবাটা ২৫ গ্রাম, মরিচগুঁড়া ২০ গ্রাম, হলুদগুঁড়া ১০ গ্রাম, মাংসের মসলা ১৫ গ্রাম, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল ৩৫০ মিলি।
প্রণালি
সামান্য তেল দিয়ে সব মসলাসহ মাংস ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে রান্না করতে হবে। প্রয়োজনে সামান্য গরম পানি ব্যবহার করা যেতে পারে। তবে ভাজার আগে অবশ্যই সব পানি শুকিয়ে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে অল্প অল্প করে মাংস ভেজে নিতে হবে। মাংসের রং গাঢ় বাদামি হয়ে এলে তুলে তেল ঝরিয়ে নিন। তৈরি হলো মজাদার বিফ কোয়াব।

হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
৬ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৭ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
৭ ঘণ্টা আগে
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মধ্যবিত্তকে অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এবং ডেস্টিনেশন ওয়েডিং এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিদেশি মুদ্রার রিজার্ভ রক্ষা, জ্বালানি আমদানির চাপ কমানো এবং বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা রাখার প্রেক্ষাপটেই...
৮ ঘণ্টা আগে