
জীবনযাত্রার চাপে আমরা অনেক সময় বিষণ্ন বোধ করি। তখন মন ভালো করতে পছন্দের খাবার খুঁজি। কিন্তু আপনারা হয়তো জানেন, কিছু নির্দিষ্ট খাবার সরাসরি মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহকের সঙ্গে যুক্ত হয়ে আমাদের আনন্দিত করে। পুষ্টিবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় ‘ডোপামিন ফুড’। এই বিশেষ খাবারগুলো শরীরে প্রাকৃতিক উপায়ে ডোপামিন উৎপাদন বাড়িয়ে দেয়, যা আপনার মনকে মুহূর্তে ফুরফুরে করে তুলতে কার্যকর ভূমিকা রাখে।
ডোপামিন কী এবং কেন দরকার
ডোপামিন হলো একধরনের নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক বার্তাবাহক, যা আমাদের মস্তিষ্কে সংকেত আদান-প্রদান করে। একে মূলত ‘ফিল গুড’ বা ‘ভালো লাগার’ হরমোন বলা হয়। কারণ, মস্তিষ্কের পুরস্কার এবং আনন্দদায়ক অনুভূতি নিয়ন্ত্রণের ব্যবস্থায় ডোপামিন বড় ভূমিকা পালন করে। ডোপামিন আসলে আমাদের ভালো থাকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু আনন্দ দেয় না, বরং মনোযোগ বৃদ্ধি এবং স্মৃতিশক্তি ভালো রাখতেও এর প্রভাব অপরিসীম।
খাবার কীভাবে ডোপামিন বাড়ায়
খাবার মূলত দুভাবে আমাদের শরীরে ডোপামিন নিঃসরণ ঘটাতে পারে। প্রথমত, আপনার পছন্দের কোনো খাবার খাওয়ার চিন্তা করলেই বা প্রথম কামড় দিলেই মস্তিষ্ক আনন্দিত হয় এবং ডোপামিন ছড়ায়। তবে অতিরিক্ত চর্বি বা চিনিযুক্ত প্রক্রিয়াজাত খাবার (যেমন ডোনাট বা ক্যান্ডি) থেকে পাওয়া ডোপামিনের প্রভাব খুব অল্প সময় থাকে। এই ‘সুগার রাশ’ সাময়িকভাবে ভালো লাগা দিলেও তা দীর্ঘ মেয়াদে আপনার প্রাকৃতিক ডোপামিন স্তরের ভারসাম্য নষ্ট করতে পারে এবং মেজাজ খিটখিটে করে তুলতে পারে।
দ্বিতীয়ত, কিছু খাবারে ‘টাইরোসিন’ ও ‘ফেনিল্যালানিন’ নামক অ্যামিনো অ্যাসিড থাকে। এগুলো শরীরে প্রবেশের পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ডোপামিন তৈরি করে। এই প্রাকৃতিক উপাদানগুলো মস্তিষ্ককে ডোপামিন উৎপাদনে উৎসাহিত করে। তবে এই পুরো প্রক্রিয়া কার্যকর হতে শরীরে ভিটামিন বি-৬, আয়রন, ফোলেট এবং কপারের পর্যাপ্ত উপস্থিতি প্রয়োজন। তাই আপনার ডায়েটে শুধু প্রোটিন নয়, বরং ফলমূল ও শাকসবজির সমন্বয় থাকা জরুরি।
সেরা কিছু ডোপামিন বৃদ্ধিকারী খাবার
আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় নিচের এই খাবারগুলো যোগ করলে তা প্রাকৃতিক উপায়ে ডোপামিন বৃদ্ধিতে সহায়তা করবে:
মাংস: গরু বা খাসির মাংস টাইরোসিনের ভালো উৎস।
পোলট্রি: মুরগি বা টার্কির মাংস খাদ্যতালিকায় রাখা বেশ কার্যকর।
মাছ: বিশেষ করে চর্বিযুক্ত মাছ; যেমন স্যামন বা টুনা মাছ ডোপামিন বাড়াতে সাহায্য করে।
ডিম: পূর্ণ ডিম বা শুধু সাদা অংশ—উভয়ই অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ।
দুগ্ধজাত পণ্য: দুধ, দই এবং বিভিন্ন ধরনের চিজ (যেমন পনির বা মোজারেলা) মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।
ডাল ও শিম: কালো বিনস, মটরশুঁটি বা মসুর ডাল নিরামিষাশীদের জন্য সেরা বিকল্প।
সয়া পণ্য: টফু বা এডামাম ডোপামিন বাড়াতে সহায়ক।
বাদাম: কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা বা আখরোট টাইরোসিনের চমৎকার উৎস।
বিভিন্ন বীজ: কুমড়ার বীজ, তিল বা সূর্যমুখীর বীজ নিয়মিত খেলে মন-মেজাজ ফুরফুরে থাকে।
সতর্কতা ও ভারসাম্য
পুষ্টিবিদদের মতে, শুধু খাবার খেয়ে ডিপ্রেশন বা মানসিক স্বাস্থ্য পুরোপুরি ভালো করা সম্ভব নয়। খাবার কোনো জাদুকরি ওষুধ নয় যে এটি আপনার মানসিক স্বাস্থ্যকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেবে। সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ ব্যবস্থাপনা এবং সামাজিক যোগাযোগ বজায় রাখা সমান গুরুত্বপূর্ণ। ডোপামিন বৃদ্ধিকারী খাবারগুলো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে মাত্র, কিন্তু এটি পেশাদার মানসিক স্বাস্থ্যসেবার বিকল্প নয়।
শুধু মজার খাবার নয়, বরং পুষ্টিগুণসম্পন্ন ‘ডোপামিন খাবার’ বেছে নিন। সুস্থ ও আনন্দময় জীবনের জন্য শরীর ও মনের যত্ন নিতে এই ছোট ছোট খাদ্যাভ্যাসের পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে। প্রতিদিনের খাদ্যতালিকায় বৈচিত্র্য রাখা এবং প্রাকৃতিক উপাদানের ওপর গুরুত্ব দেওয়া মানসিক প্রশান্তি অর্জনের একটি দীর্ঘস্থায়ী পথ হতে পারে।

বন্ধুত্ব আমাদের জীবনে অক্সিজেনের মতো। কিন্তু কখনো কখনো এই সুন্দর সম্পর্কটিও স্থবির হয়ে যায়। ফ্রিজে রাখা মৃত পতঙ্গের মতো; যা দেখতে আছে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। সমাজ আমাদের শেখায় ‘প্রকৃত বন্ধুরা সব পরিস্থিতিতেই পাশে থাকে’, কিন্তু বাস্তবতা হলো, কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা হারায়।
৭ মিনিট আগে
আজ আপনার তেজ দেখে লোকে ভাববে আপনি বোধহয় সকালে চায়ের বদলে রকেট ফুয়েল খেয়েছেন! আপনার আত্মবিশ্বাস আজ এভারেস্টের উচ্চতায়। অফিসে আপনার দাপট বাড়বে। কিন্তু সাবধান! বসের সঙ্গে ‘আইনস্টাইন’ সাজার চেষ্টা করবেন না। তিনি এখনো আপনার গত সপ্তাহের সেই ই-মেইলের ভুলটা ভোলেননি।
২ ঘণ্টা আগে
সকালের তাড়াহুড়োয় চটজলদি নাশতা হিসেবে কলার চেয়ে সহজ বিকল্প আর কী হতে পারে? পুষ্টিগুণ আর সহজে বহনযোগ্য হওয়ার কারণে সারা বিশ্বেই সকালের নাশতায় কলার জনপ্রিয়তা তুঙ্গে। তবে পুষ্টিবিদদের মতে, শুধু একটি কলা খেয়ে দিন শুরু করা আপনার স্বাস্থ্যের জন্য সব সময় ভালো নাও হতে পারে।
৪ ঘণ্টা আগে
রাজা-রানির গল্প এখনো পৃথিবীতে আছে? হ্যাঁ, আছে। এখনো তাঁদের রাজপ্রাসাদ আর রাজকীয় জৌলুশ আছে বিভিন্ন দেশে। আছে রাজকীয় সেনা আর তাদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ। এমনকি আপনার ভীষণ পছন্দের কোনো কোনো দেশেও কিন্তু চালু আছে রাজতন্ত্র, মানে রাজাদের শাসন। সেসব দেশের নাম শুনে হয়তো আপনার চোখ কপালে উঠবে।
১৬ ঘণ্টা আগে