Ajker Patrika

ভদ্রতা ও উদারতার মধ্যে পার্থক্য বুঝছেন তো?

ফিচার ডেস্ক
ভদ্রতা ও উদারতার মধ্যে পার্থক্য বুঝছেন তো?
উদারতা মানে কারও শোকের ভাগীদার হওয়া বা তাঁর একাকিত্ব দূর করতে দীর্ঘ সময় পাশে বসে থাকা। অন্যদিকে ভদ্রতা মূলত সামাজিক সম্প্রীতি বজায় রাখার একটি কৌশল। ছবি: পেক্সেলস

সচরাচর আমরা ভদ্রতার সমার্থক শব্দ হিসেবে ‘দয়ালু’ বা ‘উদার’ শব্দ দুটি ব্যবহার করি। সমাজ আমাদের অনেক কিছুই শেখায়। অনেক নিয়মের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা মনে করি, কাউকে ‘ধন্যবাদ’ বলা বা কেউ বিপদ পড়লে তাকে ‘শুনে খুব খারাপ লাগল’ বলাটাই ভালো মানুষের লক্ষণ। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, ভদ্রতা এবং উদারতার মধ্যে এক বিশাল ব্যবধান রয়েছে। এ পার্থক্যটি বুঝলে আমরা আমাদের সম্পর্কের গভীরতা এবং কঠিন সময়ে অন্যের পাশে দাঁড়ানোর ধরনে আমূল পরিবর্তন আনতে পারি। ভদ্রতা সমাজকে সুশৃঙ্খল রাখে। কিন্তু জীবন বদলে দেয় উদারতা। ভদ্রতা নিয়ম মেনে চলে, আর উদারতা মানুষের অন্তরের ডাক শোনে।

ভদ্রতা ও উদারতার মূল তফাত

ভদ্রতা মূলত সামাজিক সম্প্রীতি বজায় রাখার একটি কৌশল। সমাজ স্বীকৃত নিয়মকানুন মেনে চলা, সংঘাত এড়িয়ে চলা এবং মুহূর্তটিকে স্বস্তিদায়ক রাখাই ভদ্রতার মূল লক্ষ্য। যখন আমরা ‘প্লিজ’ বলি বা কারও কথায় সায় দিই, তখন আমরা আসলে সামাজিক শিষ্টাচার পালন করি। এটি অনেকটা যন্ত্রে তেল দেওয়ার মতো। এ শিষ্টাচার সামাজিক মিথস্ক্রিয়া সচল রাখে। উদারতা বা দয়া মানে শিষ্টাচারের গণ্ডি ছাড়িয়ে অন্যের প্রকৃত প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া। উদারতা কেবল মুহূর্তটিকে ভালো রাখার চেষ্টা করে না; বরং অন্যের প্রয়োজনে সক্রিয়ভাবে হাত বাড়িয়ে দেয়। ভদ্রতা যেখানে অস্বস্তি এড়িয়ে চলতে চায়, উদারতা সেখানে সত্য বলার জন্য বা প্রকৃত সাহায্যের জন্য প্রয়োজনে অস্বস্তিকর পরিস্থিতিও সৃষ্টি করতে পারে।

মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী কুন ঝাও এবং তাঁর সহকর্মীদের গবেষণা ‘বিগ ফাইভ’ পারসোনালিটি মডেলের মাধ্যমে এ পার্থক্যটি আরও স্পষ্ট করেছেন। তাঁদের মতে, একজন ভালো মানুষের বৈশিষ্ট্যকে দুটি ভাগে ভাগ করা যায়। ভদ্রতা হলো, সামাজিক রীতিনীতিকে শ্রদ্ধা করা এবং নেতিবাচক আবেগ দমন করা। এটি মূলত ‘ক্ষতি না করার’ মানসিকতা। এখানে খেয়াল রাখতে হয়, আপনার আচরণ বা কথা যেন কাউকে আঘাত না করে। সহমর্মিতা বা করুণা হলো অন্যের কল্যাণের জন্য মানসিকভাবে উদ্বিগ্ন হওয়া এবং সক্রিয়ভাবে সাহায্য করা। অর্থাৎ অন্যের কষ্টের মাত্রাটা বুঝে সমব্যথী হওয়া। গবেষণায় দেখা গেছে, যাঁরা খুব ভদ্র, তাঁরা নিয়ম অনুযায়ী অর্থ ভাগ করে দেওয়ার ক্ষেত্রে দারুণ সৎ। কিন্তু যখন তাঁরা কাউকে অন্যায়ের শিকার হতে দেখেন, তখন তাঁরা সব সময় এগিয়ে আসে না। অর্থাৎ এক কথায় গা বাঁচিয়ে চলেন। অন্যদিকে, সহমর্মী ব্যক্তিরা নিয়ম রক্ষার চেয়ে আর্তমানবতার সেবায় নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতেও দ্বিধা করেন না। তাঁরা নিজের শেষ সক্ষমতা পর্যন্ত চেষ্টা করেন সমস্যার সমাধান করার জন্য।

উদারতা কেবল মুহূর্তটিকে ভালো রাখার চেষ্টা করে না, এটি অন্যের প্রয়োজনে সক্রিয়ভাবে হাত বাড়িয়ে দেয়। ছবি: পেক্সেলস
উদারতা কেবল মুহূর্তটিকে ভালো রাখার চেষ্টা করে না, এটি অন্যের প্রয়োজনে সক্রিয়ভাবে হাত বাড়িয়ে দেয়। ছবি: পেক্সেলস

বাস্তব জীবনে এর প্রতিফলন

আমাদের কঠিন সময়ে বন্ধুদের প্রতিক্রিয়া থেকে এ পার্থক্যটি সবচেয়ে ভালো বোঝা যায়। ‘সব ঠিক হয়ে যাবে’, ‘যা হয় ভালোর জন্যই হয়’ বা ‘ইতিবাচক থাক’—এ কথাগুলো সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং নিরাপদ। কিন্তু এগুলো বিপদে পড়া মানুষের মানসিক বা বাস্তব কোনো উপকারে আসে না। এটি কেবল সেই মুহূর্তের অস্বস্তি কাটানোর একটি উপায়, যা ওই পরিস্থিতিতে ভুক্তভোগী নিজেও বোঝেন। ফলে তাঁর মধ্যে একধরনের হীনম্মন্যতার সৃষ্টি হয়। অন্যদিকে ‘বিষয়টি সত্যিই খুব কঠিন’, ‘তোমার এখন কী প্রয়োজন?’ বা কোনো কথা না বলে কেবল পাশে গিয়ে বসা, এগুলো হলো উদারতা। এর মানে হলো, বন্ধু যখন ভুল পথে যাচ্ছে, তখন তাঁকে সোজাসুজি কঠিন সত্যটা জানানো, যা হয়তো ভদ্রতার খাতিরে অন্য কেউ বলবেন না। কিন্তু সেটাও বলতে হবে বুঝিয়ে। আপনি কঠিন সত্য মুখের ওপর বলে দিয়ে তাঁকে কষ্টে ফেলে হেঁটে যেতে পারেন না।

ভদ্রতা আরামদায়ক

এখন মনে হতেই পারে, আমরা কেন উদারতার চেয়ে ভদ্রতা বিষয়টিকে বেশি বেছে নিই? কারণ, ভদ্রতা নিরাপদ। এর একটি নির্দিষ্ট শৈলী আছে, যা আমরা ছোটবেলা থেকে শিখি। জানাজায় গিয়ে ‘আপনার কষ্ট আমি বুঝতে পারছি’ বলাটা সহজ এবং নিরাপদ। কিন্তু কারও শোকের ভাগীদার হওয়া বা তাঁর একাকিত্ব দূর করতে দীর্ঘ সময় পাশে বসে থাকাটা কঠিন এবং সময়সাপেক্ষ। ভদ্রতা অনেক সময় সততার পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ব্যবসায়িক বা পেশাদার ক্ষেত্রে কেবল ‘ভদ্র’ থাকার নেশায় আমরা অনেক সময় প্রয়োজনীয় কঠিন আলোচনা এড়িয়ে যাই, যা দীর্ঘ মেয়াদে তাদের ও আমাদের ক্ষতির কারণ হয়। পরের বার যখন কেউ আপনার সামনে ভেঙে পড়বে বা আপনার সাহায্যের প্রয়োজন হবে, তখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল ‘ভদ্র’ হতে চান, নাকি ‘সদয়’ হতে চান? আপনার উত্তরটি হয়তো কারও জীবনে অর্থবহ প্রভাব ফেলবে।

সূত্র: সিলিকন ক্যানেলস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

ইরানের ইউরেনিয়াম মাটির অনেক গভীরে—বোল পাল্টালেন ট্রাম্প

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক, ট্রাক জব্দ

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত