ফ্লেক্সসিড বা তিসির বীজ একটি অসাধারণ সুপার ফুড। ছোট ছোট এই বীজে ভরপুর পরিমাণে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (আলফা-লিনোলেনিক অ্যাসিড) এবং অ্যান্টিঅক্সিডেন্ট (লিগনানস) থাকে। নিয়মমাফিক পরিমিত পরিমাণে তিসির বীজ খেলে তা শরীরের নানা উপকারে আসে। ফ্লেক্সসিড বা তিসির বীজ সব সময় গুঁড়া করে খেলে শরীর এর পুষ্টি সবচেয়ে সহজে গ্রহণ করতে পারে। ফ্লেক্সসিড বা তিসির বীজে প্রচুর ফাইবার থাকে। তাই এটি খাওয়ার পাশাপাশি সারা দিনে পর্যাপ্ত পানি পান করা জরুরি।
তিসির বীজের প্রধান স্বাস্থ্যগুণ ও উপকারিতা
-এটি প্রচুর ফাইবার থাকায় তা হজমপ্রক্রিয়া উন্নত করে এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূরে সাহায্য করে।
-এটি শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্ট সুস্থ রাখে।
-ফাইবারে ভরপুর হওয়ায় এটি খাওয়ার পর পেট অনেকক্ষণ ভরা থাকে, যা বারবার ক্ষুধা লাগার প্রবণতা ও অপ্রয়োজনীয় খাবার খাওয়া কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
-এতে থাকা ‘লিগনানস’ হরমোনের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে, যা বিশেষ করে নারীদের মেনোপজের সময়ে বেশ উপকারী।
-টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ কার্যকরী। তিসির বীজ ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
-ওমেগা-৩ ও অ্যান্টিঅক্সিডেন্ট চুল ও ত্বকের শুষ্কতা দূর করে ভেতর থেকে পুষ্টি জোগায়।
তিসির বীজ খাওয়ার সহজ ৫ রেসিপি
ফ্লেক্সসিড স্মুদি
উপকরণ: ১ টেবিল চামচ তিসির বীজ গুঁড়া, ১ কাপ কাঠবাদামের দুধ (বা সাধারণ দুধ), ১টি কলা, আধা কাপ পছন্দের ফল।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পানীয় তৈরি করে নিন। ঝটপট সকালের নাশতায় বা শরীরচর্চার পর খাওয়ার জন্য এটি দারুণ।

ফ্লেক্সসিড ওটমিল
উপকরণ: আধা কাপ ওটস, ১ কাপ পানি বা দুধ, ১ টেবিল চামচ তিসির বীজের গুঁড়া, বাদামকুচি ও তাজা ফল।
প্রস্তুত প্রণালি: ওটস দুধ বা পানিতে ফুটিয়ে নরম করে রান্না করে নিন। নামানোর পর তাতে তিসির বীজ গুঁড়া মিশিয়ে ওপরে বাদামকুচি ও তাজা ফল ছড়িয়ে দিন।
ফ্লেক্সসিড এনার্জি বল
উপকরণ: ১ কাপ বীজ ছাড়া খেজুর, আধা কাপ কাজু ও কাঠবাদাম, কোয়ার্টার কাপ তিসির বীজের গুঁড়া, ২ টেবিল চামচ কোকো পাউডার।
প্রস্তুত প্রণালি: খেজুর ও বাদাম ফুড প্রসেসরে পেস্ট করে নিন। এবার তিসির বীজ গুঁড়া ও কোকো পাউডার দিয়ে ভালো করে মেখে ছোট ছোট গোল বল বানিয়ে নিন। পরিবেশনের আগে ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
ফ্লেক্সসিড দই পারফে
উপকরণ: ১ কাপ টক দই বা গ্রিক দই, ১ টেবিল চামচ তিসির বীজের গুঁড়া, আধা কাপ কাটা ফল বা বেরি, ২ টেবিল চামচ গ্রানোলা।
প্রস্তুত প্রণালি: একটি কাচের গ্লাসে দই, কাটা ফল এবং তিসির বীজের গুঁড়ার স্তর তৈরি করুন। ওপরে একটু গ্রানোলা ছড়িয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
ফ্লেক্সসিড স্যালাড ড্রেসিং
উপকরণ: ২ টেবিল চামচ তিসির বীজের গুঁড়া, কোয়ার্টার কাপ অলিভ অয়েল, ২ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার, ১ চা-চামচ মধু, স্বাদমতো লবণ ও গোলমরিচগুঁড়া।
প্রস্তুত প্রণালি: একটি পাত্রে জলপাই তেল, ভিনেগার, মধু, লবণ ও গোলমরিচ ভালো করে মিশিয়ে নিন। শেষে তিসির বীজের গুঁড়া দিয়ে নেড়ে নিন। যেকোনো তাজা সবজির সালাদের ওপরে এই ড্রেসিং ছড়িয়ে পরিবেশন করুন।
সূত্র: হেলথশর্টস









