Ajker Patrika

স্ক্রিনের আসক্তি কাটাতে শুরু করতে পারেন ৫ দিনের সহজ ‘ডিজিটাল ডিটক্স’ চ্যালেঞ্জ

ফিচার ডেস্ক
স্ক্রিনের আসক্তি কাটাতে শুরু করতে পারেন ৫ দিনের সহজ ‘ডিজিটাল ডিটক্স’ চ্যালেঞ্জ
একঘেয়েমি, অস্বস্তি বা মানসিক চাপ অনুভব করলেই আমাদের আঙুল স্বয়ংক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করে। ছবি: পেক্সেলস

টুং করে একটি নোটিফিকেশন এল, আর অমনি হাত চলে গেল স্মার্টফোনে। পাঁচ মিনিটের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে কীভাবে যে এক ঘণ্টা পার হয়ে যায়, তা নিজেরাই টের পাই না। আপনার ক্ষেত্রেও প্রতিদিন এমন ঘটলে সময় হয়েছে ডিজিটাল ডিটক্স শুরু করার। ডিজিটাল ডিটক্স মানেই যে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার পুরোপুরি ছেড়ে বিচ্ছিন্ন দ্বীপে চলে যেতে হবে, তা নয়; বরং কোনো অপরাধবোধ ছাড়াই প্রতিদিনের ছোট ছোট কিছু সচেতন অভ্যাসের মাধ্যমে স্ক্রিনের ক্লান্তি দূর করা, মেজাজ ফুরফুরে রাখা এবং কাজে মনোযোগ ফিরিয়ে আনাই এর মূল লক্ষ্য। মাত্র ৫ দিনের সহজ একটি চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে আপনিও ফিরিয়ে আনতে পারেন আপনার মানসিক প্রশান্তি।

যেভাবে ডিজিটাল ডিটক্স করবেন

প্রথম দিন নিজের মোবাইল ফোনের আসক্তি যাচাই করুন

যেকোনো পরিবর্তনের প্রথম ধাপ হলো সচেতনতা। প্রথম দিনে কোনো কঠোর নিয়মে না গিয়ে শুধু নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করুন, আপনি দিনে কত ঘণ্টা ফোনের পেছনে ব্যয় করছেন। ফোনের ডিজিটাল ওয়েলবিয়িং বা স্ক্রিন টাইম অপশনটি চেক করলে নিজের আসক্তি দেখে নিজেই চমকে উঠবেন। অপ্রয়োজনে কতবার ফোন হাতে নিচ্ছেন এবং কোন অ্যাপে সবচেয়ে বেশি সময় নষ্ট হচ্ছে, তা একটি কাগজে লিখে ফেলুন। নিজের বর্তমান অবস্থাটি পরিষ্কারভাবে বুঝতে পারলেই পরের ধাপগুলো সহজ হয়ে যাবে।

দ্বিতীয় দিন ডিজিটাল আবর্জনা পরিষ্কার করুন

আমাদের বসার ঘর যেমন এলোমেলো থাকলে মন অস্থির লাগে, মোবাইল ফোনের স্ক্রিন বা কম্পিউটারের ডেস্কটপ অগোছালো থাকলেও মস্তিষ্কে চাপ পড়ে। দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ হলো মোবাইল ফোনের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করা, বিরক্তিকর সব নোটিফিকেশন বন্ধ করা এবং ইমেইল ইনবক্স বা গ্যালারির অদরকারি ফাইল মুছে ফেলা। স্ক্রিনে শুধু জরুরি অ্যাপগুলো সাজিয়ে রাখলে বারবার ফোন চেক করার প্রবণতা অনেকটাই কমে আসবে।

দিনে অন্তত ১০ মিনিট উদ্দেশ্যহীন স্ক্রলিং বাদ দিয়ে সেই সময়টুকু নিজের জন্য রাখুন। ছবি: পেক্সেলস
দিনে অন্তত ১০ মিনিট উদ্দেশ্যহীন স্ক্রলিং বাদ দিয়ে সেই সময়টুকু নিজের জন্য রাখুন। ছবি: পেক্সেলস

তৃতীয় দিন স্ক্রলিংয়ের বদলে মাইন্ডফুলনেস

একঘেয়েমি, অস্বস্তি বা মানসিক চাপ অনুভব করলেই আমাদের আঙুল স্বয়ংক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করে। তৃতীয় দিনে সচেতনভাবে এই অভ্যাস বদলে ফেলুন। দিনে অন্তত ১০ মিনিট উদ্দেশ্যহীন স্ক্রলিং বাদ দিয়ে সেই সময়টুকু নিজের জন্য রাখুন। এ সময় গভীরভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, ডায়েরিতে জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন কিংবা জানালার পাশে বসে চুপচাপ এক কাপ চা উপভোগ করতে পারেন।

চতুর্থ দিন ঘুমের আগে এক ঘণ্টা স্ক্রিন ফ্রি সময়

ডিজিটাল ডিটক্সের সবচেয়ে কার্যকর ও প্রভাবশালী ধাপ হলো রাতের ঘুমের রুটিন ঠিক করা। চতুর্থ দিনে ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন, ল্যাপটপ বা টিভি বন্ধ রাখুন। ফোনটি বিছানা থেকে হাতের নাগালের বাইরে ডু নট ডিস্টার্ব মোডে রেখে দিন। স্ক্রিনের নীল আলোর বদলে এ সময় গল্পের বই পড়ুন, হালকা স্ট্রেচিং করুন বা মৃদু কোনো প্রকৃতির সুর শুনুন। এতে মস্তিষ্ক পূর্ণ বিশ্রাম পাবে এবং আপনার ঘুম হবে গভীর ও প্রশান্তিদায়ক।

পঞ্চম দিন আত্মমূল্যায়ন ও নতুন পরিকল্পনা

চ্যালেঞ্জের শেষ দিনে মাত্র ১০ মিনিট সময় নিয়ে নিজের পরিবর্তনগুলো পর্যালোচনা করুন। গত চার দিনে আপনার মেজাজ, ঘুম এবং কাজের মনোযোগে কোন ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে, তা ভেবে দেখুন। ডিজিটাল ডিটক্স মানে শতভাগ নিখুঁত হওয়া নয়, বরং প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখা। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিনগুলোর জন্য নিজের মতো করে একটি টেকসই ও স্বাস্থ্যকর রুটিন তৈরি করে ফেলুন।

প্রযুক্তির কাজ দৈনন্দিন জীবন সহজ করা, মূল্যবান সময় ও মানসিক শান্তি কেড়ে নেওয়া নয়। মাত্র ৫ দিনের এই ছোট্ট চ্যালেঞ্জ আপনাকে স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তি দিয়ে বাস্তব জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে সাহায্য করবে।

সূত্র: ওপেন আপ ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত