Ajker Patrika

এআই ব্যবহার না করলেও ফাঁস হতে পারে আপনার গোপন তথ্য

ফিচার ডেস্ক
এআই ব্যবহার না করলেও ফাঁস হতে পারে আপনার গোপন তথ্য
চ্যাটবট বা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে নিজের, পরিবারের সদস্য বা বন্ধুদের একান্ত ব্যক্তিগত কথা, ঠিকানা বা স্পর্শকাতর তথ্য না দেওয়াই নিরাপদ। ছবি: পেক্সেলস

আজকাল অনেকেই একাকিত্ব কাটাতে, মনের কথা বলতে কিংবা সম্পর্কের জটিলতা নিয়ে পরামর্শ নিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের শরণাপন্ন হচ্ছেন। অনেক চ্যাটবটকে মানুষ বন্ধু, পরামর্শদাতা এমনকি মনোরোগ বিশেষজ্ঞের মতো করে দেখে। কিন্তু সাম্প্রতিক সময়ে জনপ্রিয় চ্যাটবট কোম্পানি ‘ক্যারেক্টার ডট এআই’ দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনায় সামনে এসেছে। আর এর সঙ্গে সামনে এসেছে এক বড় অজানা ঝুঁকি। আর সেটা হলো, আপনার জীবনের গোপন কথা বা ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়ার শঙ্কা। এর চেয়ে উদ্বেগের বিষয় হলো, আপনি নিজে এআই চ্যাটবট ব্যবহার না করলেও এই ঝুঁকির বাইরে নন।

অন্যের কথায় যেভাবে ফাঁস হতে পারে আপনার তথ্য

গোপনীয়তা-বিষয়ক বিশেষজ্ঞদের মতে, মানুষ যখন কোনো চ্যাটবটের সঙ্গে কথা বলে, তখন অনেক সময় নিজের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সম্পর্কেও স্পর্শকাতর তথ্য দিয়ে ফেলে। যেমন কেউ হয়তো চ্যাটবটকে বলছেন তাঁর মা বা পরিবারের অন্য সদস্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা, কিংবা কোনো বন্ধুর ব্যক্তিগত সিদ্ধান্ত বা গোপন বিষয় নিয়ে কীভাবে কথা বলবেন, তার পরামর্শ চাইছেন। এভাবেই অজান্তে তৃতীয় কোনো ব্যক্তির তথ্যও চ্যাটবটের কথোপকথনে জড়িয়ে পড়ে। আর কোনো এআই কোম্পানি আর্থিক সংকটে পড়ে বন্ধ হয়ে গেলে বা দেউলিয়া ঘোষণা করলে ব্যবহারকারীদের কথোপকথনের বিপুল তথ্যভান্ডার ব্যবসায়িক সম্পদ হিসেবে বিক্রি হওয়ার ঝুঁকি তৈরি হয়। অনেক প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিমালায় এমন শর্তও থাকে, কোম্পানি বিক্রি বা দেউলিয়া হলে আগের সুরক্ষা-প্রতিশ্রুতিগুলো আর কার্যকর না-ও থাকতে পারে।

কেন এটি নিয়ে বাড়তি সতর্কতা জরুরি

আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা এমনিতেই নানাভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে। অনলাইন হয়রানি, ব্ল্যাকমেল বা ছবি বিকৃতির মতো ঘটনায় যখন ভুক্তভোগীদেরই অনেক সময় সমাজে দোষারোপ করা হয়, তখন ব্যক্তিগত কথা বা সংবেদনশীল তথ্য অচেনা কারও বা কোনো অজানা প্রতিষ্ঠানের হাতে যাওয়া বড় ধরনের মানসিক ও সামাজিক বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণেরা যখন চ্যাটবটের সঙ্গে নিজেদের একান্ত অনুভূতি বা সংকটের কথা ভাগ করে নেয়, তখন সেই তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

যেসব অ্যাপ বা এআই সেবা আর ব্যবহার করছেন না, সেগুলোর প্রাইভেসি সেটিংস থেকে নিজের অ্যাকাউন্ট বা ডেটা মুছে ফেলার চেষ্টা করুন। ছবি: পেক্সেলস
যেসব অ্যাপ বা এআই সেবা আর ব্যবহার করছেন না, সেগুলোর প্রাইভেসি সেটিংস থেকে নিজের অ্যাকাউন্ট বা ডেটা মুছে ফেলার চেষ্টা করুন। ছবি: পেক্সেলস

‘এআই বাবল’ ও কোম্পানি বন্ধ হওয়ার শঙ্কা কেন বাড়ছে?

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগ ও ব্যয় চলছে। যাকে অর্থনীতিবিদদের অনেকে ‘এআই বাবল’ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বাজার বিশ্লেষকদের সতর্কতা হলো, তুলনামূলক কম খরচের নতুন এআই মডেলের প্রতিযোগিতায় বড় ও ছোট অনেক এআই কোম্পানি তাদের বিপুল ব্যয়ের তুলনায় পর্যাপ্ত আয় করতে পারবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞ ও এআই খাতের কর্মীদের অনেকের মতে, শেয়ারবাজারে বড় ধরনের দরপতন বা বিনিয়োগে ধস নামলে অনেক এআই স্টার্টআপ ও প্রতিষ্ঠান টিকতে পারবে না। আর কোনো কোম্পানি আর্থিক সংকটে পড়ে দেউলিয়া বা বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের বিশাল তথ্যভান্ডার ব্যবসায়িক সম্পদ হিসেবে তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়ার ঝুঁকি তৈরি হয়। অনেক প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিমালায় এমন শর্তও থাকে, কোম্পানি বিক্রি বা দেউলিয়া হলে আগের সুরক্ষা-প্রতিশ্রুতিগুলো আর কার্যকর না-ও থাকতে পারে।

সুরক্ষিত থাকতে যা করবেন

সংবেদনশীল তথ্য এড়িয়ে চলুন: চ্যাটবট বা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে নিজের, পরিবারের সদস্য বা বন্ধুদের একান্ত ব্যক্তিগত কথা, ঠিকানা বা স্পর্শকাতর তথ্য না দেওয়াই নিরাপদ।

পরিবারের সঙ্গে কথা বলুন: ঘরের কেউ কোন ধরনের অনলাইন টুল বা চ্যাটবট ব্যবহার করছে এবং সেখানে কী ধরনের তথ্য শেয়ার করছে, সে বিষয়ে খোলামেলা ও সচেতন আলোচনা রাখুন। বিশেষ করে শিশু বা তরুণ সদস্যদের দিকে নজর রাখুন।

প্রয়োজনে ডেটা মুছে ফেলুন: যেসব অ্যাপ বা এআই সেবা আর ব্যবহার করছেন না, সেগুলোর প্রাইভেসি সেটিংস থেকে নিজের অ্যাকাউন্ট বা ডেটা মুছে ফেলার চেষ্টা করুন।

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করলেও গোপনীয়তার প্রশ্নে সতর্ক থাকা জরুরি। কারণ, ডিজিটাল দুনিয়ায় নিজের তথ্য সামলানোর পাশাপাশি কাছের মানুষদের অসাবধানতা থেকেও অনেক সময় আমাদের গোপন কথা ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত