Ajker Patrika

জেনে নিন, প্রসবের পর বলিউড তারকারা যেভাবে ওজন ঝরিয়েছেন

ফিচার ডেস্ক
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ৩৯
জেনে নিন, প্রসবের পর বলিউড তারকারা যেভাবে ওজন ঝরিয়েছেন
প্রসবের ১২ সপ্তাহ পর চিকিৎসকের পরামর্শ নিয়ে যোগব্যায়াম, পিলাটিস এবং হালকা কার্ডিও শুরু করেন আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং সন্তান জন্মদানের পর বাড়তি ওজন নিয়ে অনেক মাকে দুশ্চিন্তায় পড়তে হয়। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। পর্দায় নিজেদের ফিট রাখতে এবং সুস্থ থাকতে তাঁরা বেছে নিয়েছেন প্রাকৃতিকভাবে কার্যকরী কিছু উপায়। ক্র্যাশ ডায়েট বা অস্বাস্থ্যকর শর্টকাট উপায়ের বদলে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দিয়েছেন আলিয়া ভাট, কারিনা কাপুর থেকে শুরু করে গওহর খানের মতো বলিউড তারকারা। যাঁরা নতুন মা হয়েছেন, তাঁরা এই তারকাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতেই পারেন।

তাড়াহুড়ো নয়, প্রাকৃতিক প্রক্রিয়ায় আস্থা রেখেছেন আলিয়া ভাট

কন্যা রাহার জন্মের পর খুব দ্রুতই ছিপছিপে গড়নে ফিরে এসে সবাইকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। তবে কোনো ওষুধ বা স্বল্পমেয়াদি উপায় নয়; বরং ধৈর্য ধরে প্রাকৃতিক উপায়েই ওজন কমিয়েছেন তিনি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে আলিয়া জানিয়েছেন, সন্তানকে নিয়মিত স্তন্যপান করানোর ফলে প্রচুর ক্যালরি পোড়ানো সম্ভব হয়, যা তাঁকে প্রাকৃতিকভাবে ওজন কমাতে বেশি সাহায্য করেছে। ওজন কমানোর জন্য তিনি কখনোই না খেয়ে থাকেননি। পরিমিত পরিমাণে পুষ্টিকর ঘরোয়া খাবার এবং প্রসবের পর শক্তি জোগাতে বাদাম, কিশমিশ, নারকেল ও অন্যান্য পুষ্টি উপাদানসমৃদ্ধ লাড্ডু রেখেছিলেন খাদ্যতালিকায়। এ ছাড়া সন্তান জন্মের প্রথম দুই সপ্তাহ তিনি শুধু ১৫ মিনিট হাঁটা এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করেছেন। ১২ সপ্তাহ পর চিকিৎসকের পরামর্শ নিয়ে যোগব্যায়াম, পিলাটিস এবং হালকা কার্ডিও শুরু করেন।

পুষ্টিবিদের পরামর্শে কারিনা কাপুর খান ভাত, ডাল, ঘি এবং মৌসুমি ফলমূল খেয়েই ওজন কমিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
পুষ্টিবিদের পরামর্শে কারিনা কাপুর খান ভাত, ডাল, ঘি এবং মৌসুমি ফলমূল খেয়েই ওজন কমিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম

ঘরোয়া খাবার ও যোগব্যায়ামই প্রসবের পর ওজন ঝরাতে কার্যকরী বলে ভাবেন কারিনা কাপুর খান

দুই সন্তানের মা কারিনা কাপুর খানের গর্ভাবস্থায় প্রায় ১৮ কেজি ওজন বেড়েছিল। তবে তাঁর ফিটনেস জার্নিতে কখনোই অস্বাভাবিক তাড়াহুড়ো ছিল না। সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের পরামর্শে কারিনা ভাত, ডাল, ঘি এবং মৌসুমি ফলমূল খেয়েই ওজন কমিয়েছেন। তিনি মনে করেন, না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে, যা নতুন মায়েদের জন্য মোটেও ঠিক নয়। শরীরচর্চার ক্ষেত্রে জিমের ভারী যন্ত্রপাতির বদলে তিনি প্রতিদিন নিয়ম করে হাঁটা এবং যোগব্যায়াম, বিশেষ করে সূর্য নমস্কারের ওপর ভরসা রেখেছিলেন।

রাত জেগে সন্তানের দেখাশোনা করা এবং ঘরের স্বাভাবিক কাজকর্মের কারণেই বাড়তি ওজন ঝরেছে গওহর খানের। ছবি: ইনস্টাগ্রাম
রাত জেগে সন্তানের দেখাশোনা করা এবং ঘরের স্বাভাবিক কাজকর্মের কারণেই বাড়তি ওজন ঝরেছে গওহর খানের। ছবি: ইনস্টাগ্রাম

দৈনন্দিন কর্মব্যস্ততা এবং পরিমিত খাবার গওহর খানকে কাঙ্ক্ষিত ওজনে ফিরিয়ে আনে

অভিনেত্রী গওহর খান সন্তান জন্মের মাত্র ১০ দিনের মাথায় প্রায় ১০ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি জানান, এর পেছনে আলাদা কোনো জাদু ছিল না; বরং রাত জেগে সন্তানের দেখাশোনা করা, প্রতি দুই ঘণ্টা পরপর বুকের দুধ খাওয়ানো এবং ঘরের স্বাভাবিক কাজকর্মের কারণেই তাঁর প্রচুর ক্যালরি ক্ষয় হয়েছে।

রাস্তা হোক বা ট্রেডমিল—যখন যেখানে সম্ভব হেঁটে নিতেন অমৃতা অরোরা। ছবি: ইনস্টাগ্রাম
রাস্তা হোক বা ট্রেডমিল—যখন যেখানে সম্ভব হেঁটে নিতেন অমৃতা অরোরা। ছবি: ইনস্টাগ্রাম

মাতৃত্বের পর ওজন ঝরাতে সঠিক রুটিনই বেশি জরুরি ছিল অমৃতা অরোরার কাছে

২০১০ ও ২০১২ সালে সন্তান জন্মের সময়ে প্রতিবার ৩০ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। কিন্তু তাড়াহুড়ো করে রোগা হওয়ার চেষ্টা করেননি অমৃতা। সঠিক সময় আসার পরেই নিজের রূপ পাল্টে নিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ফিট থাকা কোনো জাদু নয়। এর পেছনে রয়েছে নিয়মিত প্রচেষ্টা, ধৈর্য এবং নিজের প্রতি যত্ন। রাস্তা হোক বা ট্রেডমিল—যখন যেখানে সম্ভব, তিনি হেঁটে নিতেন। তবে নিয়মিত জিমেও যাওয়ার অভ্যাস রয়েছে অমৃতার। কার্ডিও এবং শক্তিবর্ধক ব্যায়ামই মূলত করতেন তিনি।

নতুন মায়েদের জন্য তারকাদের ফিটনেস মন্ত্র

সবার শরীর একভাবে কাজ করে না। কারও ওজন কয়েক সপ্তাহে কমে, আবার কারও এক বছরও লাগতে পারে। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের শরীর সুস্থ হওয়ার জন্য সময় দেওয়া জরুরি। প্রসবের পর শরীরের ক্ষয়পূরণ এবং শিশুর পুষ্টির জন্য মায়ের সুষম খাবারের প্রয়োজন হয়। তাই ক্যালরি একদম কমিয়ে না দিয়ে স্বাস্থ্যকর খাবার পরিমিত খাওয়া উচিত; বিশেষ করে সিজারিয়ান ডেলিভারির পর ভারী ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত