
রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। এটি অত্যন্ত মৌলিক ও আদিম অনুভূতি, যা বিবর্তনের ধারায় লাখ লাখ বছর ধরে আমাদের মস্তিষ্কে প্রোথিত হয়েছে। বিপদ থেকে আত্মরক্ষা, সম্পদের জন্য প্রতিযোগিতা করা এবং সামাজিক নিয়মকানুন বজায় রাখতে আমাদের মস্তিষ্ক এই আবেগকে একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করে।
কিন্তু এই অনুভূতি যখন তীব্র ও অনিয়ন্ত্রিত হয়ে ওঠে, তখন তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। রাগের মুহূর্তে মস্তিষ্কের অভ্যন্তরীণ রসায়ন ও কার্যপ্রণালিতে ব্যাপক পরিবর্তন ঘটে। আমাদের মস্তিষ্কে যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন মূলত একটি অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়। এই প্রক্রিয়ায় মস্তিষ্কের তিনটি অংশ এবং কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থ মূল ভূমিকা পালন করে।
মস্তিষ্কের বাদাম আকৃতির অংশ অ্যামিগডালা অ্যালার্ম বা সতর্কঘণ্টার মতো কাজ করে। যখনই আমরা কোনো হুমকির সম্মুখীন হই, অ্যামিগডালা তাৎক্ষণিকভাবে বিপদসংকেত পাঠায়। অ্যামিগডালা সতর্কঘণ্টা বাজানোর পর হাইপোথ্যালামাস আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে তোলে। ফলে অ্যাড্রেনালিন, নর-অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন রক্তে ছড়িয়ে পড়ে। ফলে আমাদের হৃৎস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বাড়ে, পেশি শক্ত হয়ে যায় এবং শ্বাসপ্রশ্বাস দ্রুত ও অগভীর হয়ে আসে। আমাদের কপালের ঠিক পেছনে অবস্থিত প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি যুক্তি, বিচারবুদ্ধি এবং আবেগ নিয়ন্ত্রণের কাজ করে। অ্যামিগডালা যখন হুট করে রেগে ওঠার সিগন্যাল দেয়, প্রিফ্রন্টাল কর্টেক্স তখন পরিস্থিতি মূল্যায়ন করে আমাদের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
ঝামেলাটি ঘটে তখনই, যখন রাগের মাত্রা অনেক বেড়ে যায়। রাগ তীব্র হলে অ্যামিগডালা দ্রুত মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং যুক্তিভিত্তিক ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’-এর কার্যকারিতা সাময়িকভাবে কমিয়ে দেয়। এর ফলে মানুষ রাগের মাথায় এমন কিছু করে বা বলে ফেলে, এ জন্য পরে তাকে অনুশোচনা করতে হয়।
রাগ আমাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং চিন্তাভাবনাকে বড় ধরনের প্রভাবিত করে। রাগান্বিত মানুষ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কোনো কাজের ক্ষতিকর পরিণতি সম্পর্কে ভুল হিসাব কষেন। রাগ মানুষকে তুলনামূলকভাবে বেশি সাহসী কিংবা বেপরোয়া করে তোলে। এ ছাড়া রেগে থাকা অবস্থায় মানুষ অন্যের ওপর দোষ চাপাতে বেশি পছন্দ করে এবং বাইরের মানুষ বা দলের প্রতি অতিরিক্ত আস্থাহীন ও কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে।

সাধারণত সমাজে ধরে নেওয়া হয় যে পুরুষেরা নারীদের চেয়ে বেশি রাগী। কারণ, পুরুষদের মধ্যে বাহ্যিক আগ্রাসন বা সহিংসতা বেশি দেখা যায়। তবে বৈজ্ঞানিক গবেষণা বলছে ভিন্ন কথা। বিজ্ঞানীদের মতে, নারী ও পুরুষ উভয়েই সমান ঘন ঘন এবং সমান তীব্রতায় রাগ অনুভব করেন। পার্থক্যটি থাকে মূলত রাগ প্রকাশের উপায়ে। পুরুষেরা রাগ হলে তা আগ্রাসনের মাধ্যমে প্রকাশ করতে বেশি পছন্দ করেন এবং রাগ চেপে রাখতে কষ্ট পান। অন্যদিকে, নারীরা রাগের প্রাথমিক ধাক্কা বা আবেগ সংবরণ করতে বেশি পারদর্শী। এর পেছনে মস্তিষ্কের গঠনগত ভূমিকা থাকতে পারে। মস্তিষ্কের যে অংশ আগ্রাসী আবেগ নিয়ন্ত্রণ করে (অরবিটাল ফ্রন্টাল কর্টেক্স), সেটি নারীদের ক্ষেত্রে তুলনামূলক বড়। তবে শুধু মস্তিষ্কের গঠনই নয়, সমাজ ও সামাজিক লালনপালনও নারী-পুরুষের এই আচরণগত পার্থক্যে বড় ভূমিকা রাখে।
ইতিহাসজুড়ে রাগকে একটি ক্ষতিকর বা পাপ কাজ হিসেবে দেখা হলেও সীমিত মাত্রায় রাগের কিছু সুফলও রয়েছে। এটি শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। রাগের মাথায় মানুষ নিজের লক্ষ্য অর্জনে আরও বেশি কঠোর পরিশ্রম করতে পারে। তবে রাগ সব সময় যে ভালো কিছু বয়ে আনে, এমন নয়। এমনকি ইতিবাচক দিকগুলো মূলত পুরুষদের ক্ষেত্রে যেভাবে গৃহীত হয়, নারীদের ক্ষেত্রে সমাজ সব সময় একইভাবে দেখে না। তবে নারী কিংবা পুরুষ—রাগ নিয়ন্ত্রণে রাখার উপায় সবার জানা থাকা ভালো।
সূত্র: দ্য গার্ডিয়ান, ভেরি ওয়েল মাইন্ড, সাইকোলজি টুডে

আমরা অনেকে পুরোনো জিনিস সহজে ফেলে দিতে পারি না। অনেকের কাছে ছোটবেলার পুরোনো জামা পরম আদরে আলমারিতে তুলে রাখা থাকে। একটা সময় এই ধরনের জিনিসে ভরে যায় আলমারি, ওয়ার্ডরোব কিংবা ঘরের একটা কোনা। এই জিনিসগুলো স্মৃতি ধরে রাখে কিন্তু প্রয়োজনীয় নয়। তখন আমরাই আবার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র....
৪ ঘণ্টা আগে
বিকেলের অলস আড্ডা কিংবা চায়ের সঙ্গে একটু মুচমুচে আর মুখরোচক নাশতা খেতে অনেকে ভালোবাসেন। চাইলেই সাধারণ পেঁয়াজির বদলে বিকেলের নাশতায় বানিয়ে নিতে পারেন এক দারুণ টুইস্ট। বাইরে থেকে ধোঁয়া ওঠা মচমচে, আর ভেতরে মিষ্টি ভুট্টার রসাল স্বাদ ও কাঁচা মরিচের হালকা ঝাল—
৬ ঘণ্টা আগে
ল্যাপটপে কাজ করার সময় সেখানে একসঙ্গে অনেকগুলো ট্যাব খোলা থাকলে ল্যাপটপটির গতি ধীর হয়। তেমনি জীবনের নানান কাজ জমিয়ে রাখলে আমাদের মস্তিষ্ক একইভাবে ক্লান্ত বা ধীরগতির হয়ে পড়ে। এভাবে কোনো কাজ জমিয়ে রাখাকে সমাজে আমরা আখ্যা দিই আলসেমি বলে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ ভ্রমণের পর অবশেষে হোটেলে পৌঁছানো। হাতে ভারী ব্যাগ, শরীরে ক্লান্তি, মাথায় একটাই চিন্তা—এবার একটু বিশ্রাম। রিসেপশনে চেক-ইন শেষ। হাতে রুমের কার্ড। দরজা খুলে ঘরে ঢোকার পর ব্যাগটা মেঝেতে রাখার আগেই চোখ ঘুরে বেড়ায় ঘরের এদিক-ওদিক।
২০ ঘণ্টা আগে