Ajker Patrika

ফ্রান্সের বিলাসবহুল ব্র‍্যান্ডগুলো সম্পর্কে জেনে নিন একঝলকে

ফিচার ডেস্ক
ফ্রান্সের বিলাসবহুল ব্র‍্যান্ডগুলো সম্পর্কে জেনে নিন একঝলকে
ছবি: সংগৃহীত

ছবি ও কবিতার দেশ বলা হয় ফ্রান্সকে। কিন্তু দেশটিকে ‘ফ্যাশন ব্র্যান্ডের দেশ’ বললেও অত্যুক্তি হয় না। ডিওর, সেন্ট লরেন্ট, শ্যানেলসহ বিভিন্ন বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের সূতিকাগার ফ্রান্স। এসব ফ্যাশন ব্র্যান্ড ফরাসি ফ্যাশনের প্রতি আমাদের মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। সেরা ফরাসি ফ্যাশন ব্র্যান্ডগুলো পুরো বিশ্বের তারকা থেকে শুরু করে স্ট্রিট স্টাইল গুরু—সবার কাছেই আরাধ্য। লাখ লাখ টাকা খরচ করে এসব ব্র‍্যান্ড থেকে পণ্য বিশ্বের স্বনামধন্যরাই কিনতে পারেন। আমরা দেশে প্রতিদিনের ব্যবহারের জন্য যে পোশাক বা অনুষঙ্গ কিনে থাকি, কোনো না কোনোভাবে এগুলো সেসব ব্র্যান্ডের পণ্যের কপি। জেনে নিন বিখ্যাত ফরাসি ব্র্যান্ডগুলো সম্পর্কে।

গিভেঞ্চি

অড্রে হেপবার্নের ভক্তদের কাছে গিভেঞ্চি নামটি খুবই পরিচিত। চলচ্চিত্র বা হেপবার্নের ব্যক্তিগত ব্যবহারের পোশাক ও অনুষঙ্গ তৈরি করত এই ব্র‍্যান্ড। গিভেঞ্চি অড্রে হেপবার্নের জন্য বিশ্বের অন্যতম বিখ্যাত একটি এলবিডি অর্থাৎ লিটল ব্ল্যাক ড্রেস তৈরি করেছিল। বর্তমানে তারা তৈরি করছে ক্ল্যাসিক এলবিবি অর্থাৎ লিটল ব্ল্যাক ব্যাগ। ফ্যাশন আইটেম ছাড়াও দামি সুগন্ধি ও প্রসাধনীর জন্য ফরাসি বিলাসবহুল ফ্যাশনব্র‍্যান্ড হিসেবে এর খ্যাতি রয়েছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্যানেল

শ্যানেল নিয়ে নতুন করে আর কী বলার আছে? শ্যানেল হলো প্যারিসের সেই বিশাল প্রতিষ্ঠান, যা বছরের পর বছর ধরে কোকো শ্যানেল এবং কার্ল ল্যাগারফিল্ড উভয়ের হাত ধরে বহু ফ্যাশনবিলাসী মানুষের সঙ্গী হয়েছে। রেডি টু ওয়্যার পরিধেয় থেকে শুরু করে সুগন্ধি বা ব্যাগ আজও ফ্যাশনপ্রেমীদের কাছে অত্যন্ত চাহিদাপূর্ণ। শ্যানেলের সুগন্ধি অত্যন্ত জনপ্রিয়। এ ব্র্যান্ডের ব্যাগের দাম প্রায় ১২ হাজার ডলার থেকে ২ লাখ ৬১ হাজার ডলার পর্যন্ত হতে পারে। শ্যানেলের সুগন্ধি মাখতে চাইলে বাংলাদেশি টাকায় খরচ হতে পারে ২০-৩০ হাজার টাকা পর্যন্ত।

ডিওর

ফ্রান্সের জনপ্রিয় ও বিলাসবহুল ফ্যাশন হাউস। ১৯৪৬ সালে ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিওর এটি প্রতিষ্ঠা করেন। এই ব্র‍্যান্ড প্রসাধনী, সুগন্ধি, সানগ্লাস, গয়না ও হাই-ফ্যাশন পোশাকের জন্য সেলিব্রিটিদের কাছে অন্যতম পছন্দের। ফলে এর দামও চড়া। ডিওরের আইকনিক ব্যাগগুলো তাদের কারুকার্য ও প্রিমিয়াম চামড়ার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এগুলোর দাম সাধারণত ৩-৭ হাজার ডলার। এ ছাড়া ডিওরের হীরাখচিত ঘড়ি বা জুয়েলারি আইটেমগুলোর মূল্য হাজার থেকে শুরু করে কয়েক লাখ ডলার পর্যন্ত হতে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লুই ভিতোঁ

নিকোলাস গেসকিয়েরের নেতৃত্বে, লুই ভিতোঁ উদীয়মান ট্রেন্ড এবং ট্রেন্ড সেটার ফ্যাশনের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে। ব্র‍্যান্ডটি তাদের অসাধারণ লেদার জ্যাকেট থেকে শুরু করে সিগনেচার নকশার জুতা পর্যন্ত সবকিছু দিয়েই বিশ্ববাজারে নাম কুড়িয়েছে। লুই ভিতোঁর ট্রাঙ্ক থেকে সব ধরনের হ্যান্ডব্যাগ খুবই জনপ্রিয়। এর সিগনেচার নকশা বিলাসবহুল ফ্যাশনে যোগ করেছে ভিন্ন মাত্রা। মজার ব্যাপার হচ্ছে, সারা বিশ্বজুড়ে এই ব্র‍্যান্ডের পণ্য়ের নকল হয় সবচেয়ে বেশি।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেন্ট লরেন্ট

এই প্রতিষ্ঠান তাদের হাই-এন্ড পোশাক, চামড়ার ফ্যাশন অনুষঙ্গ, জুতা এবং বিখ্যাত প্রসাধনসামগ্রীর জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। যাঁরা একই সঙ্গে আধুনিক কিন্তু মার্জিত ও অপরিহার্য ফ্যাশন পণ্যে বিনিয়োগ করতে চান, তাঁরাই সেন্ট লরেন্টের ক্রেতা। ব্র‍্যান্ডটির সোয়েড ব্যাগ এখন বেশ জনপ্রিয়। এই মূল্যবান ফ্যাশন অনুষঙ্গটি সব ঋতুর জন্যই উপযুক্ত।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আরমেস

ক্ল্যাসিক ফরাসি পোশাক ব্র্যান্ড নিয়ে কথা বলতে গেলে আরমেসের নাম না বললেই নয়। ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ড মিনিমাল ও স্বতন্ত্র ডিজাইনের ওপরই বারবার মনোযোগ দিয়েছে। পোশাকের পাশাপাশি ব্যাগ, জুতা ও বেল্টের অনেক জনপ্রিয় স্টাইলের জন্যও বেশ জনপ্রিয় ব্র‍্যান্ডটি। এর আইকনিক ওরান স্যান্ডেল অনেক সেলিব্রিটিরই প্রিয়।

ক্রিশ্চিয়ান লুবোটিন

ব্র‍্যান্ডটি মূলত রেড বটম সিগনেচার স্টিলেটো জুতার জন্য ফ্যাশন বিশ্বে নাম খোদাই করেছে। তবে শুধু নারীদের হাই-হিল বা স্টিলেটোই নয়, বর্তমানে পুরুষদের জুতা, ব্যাগ এবং প্রসাধনসামগ্রীও এই ব্র্যান্ডের অধীনে তৈরি ও বিক্রি হয়।

সূত্র: হু হোয়াট ওয়্যার ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত