Ajker Patrika

এক ছাদের নিচে থেকেও আলাদা? ‘ইন-হাউস সেপারেশন’ যখন বাস্তবতার নাম

ফিচার ডেস্ক  
এক ছাদের নিচে থেকেও আলাদা? ‘ইন-হাউস সেপারেশন’ যখন বাস্তবতার নাম
ছবি: পেক্সেলস

সম্পর্ক ভাঙার গল্প মানেই আমরা সাধারণত বুঝি তুমুল ঝগড়া, বাক্সপেটরা গুছিয়ে ঘর ছে‍ড়ে চলে যাওয়া কিংবা আলাদা দুটি ঠিকানায় দুজনের নতুন জীবন শুরু করা। কিন্তু আধুনিক নাগরিক জীবনে এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক দম্পতি, যেখানে শারীরিক ও মানসিক সম্পর্ক টিকে না থাকলেও তাঁরা একই ছাদের নিচে বছরের পর বছর বসবাস করছেন। সম্পর্কের এই বিশেষ অবস্থাকে মনস্তত্ত্ব ও সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় ইন-হাউস সেপারেশন বা লিভিং সেপারেশন আন্ডার ওয়ান রুফ। যেখানে বাইরে থেকে দেখলে মনে হতে পারে, তাঁরা একসঙ্গেই আছেন। কিন্তু ঘরের ভেতরের গল্পটা একেবারেই ভিন্ন। সেখানে কোনো দাম্পত্য নেই, কোনো ভাগাভাগি নেই; আছে শুধু দুজন মানুষের নীরব সহাবস্থান।

কেন একই ছাদের নিচে আলাদা থাকা

একটি মৃত সম্পর্ককে টেনে নিয়ে একই বাড়িতে থাকার পেছনে কোনো রোমান্টিকতা থাকে না, থাকে কিছু কঠিন সামাজিক ও বাস্তব কারণ।

সন্তানের মানসিক সুরক্ষা

অধিকাংশ দম্পতির ক্ষেত্রে মূল কারণটি হলো সন্তান। বাবা-মা চান না, তাঁদের ডিভোর্স বা দূরত্বের কারণে সন্তানের পড়াশোনা ব্যাহত হোক কিংবা তারা কোনো সামাজিক ট্রমার শিকার হোক। সন্তানের সামনে তাঁরা একনিষ্ঠ বাবা-মা, কিন্তু নিজেদের ঘরে তাঁরা শুধুই অচেনা।

অর্থনৈতিক হিসাব-নিকাশ

বর্তমান সময়ে একটি সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে হুট করে আলাদা ফ্ল্যাট নেওয়া, দ্বিগুণ খরচ বহন করা অনেকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। বিশেষ করে যৌথভাবে কেনা ফ্ল্যাটের ইএমআই বা লোন থাকলে পরিস্থিতি আরও জটিল হয়।

সামাজিক লোকলজ্জা

দক্ষিণ এশীয় সমাজে ডিভোর্স বা সেপারেশন এখনো পুরোপুরি সহজভাবে নেওয়া হয় না। আত্মীয়স্বজন বা সমাজের কৌতূহলী চোখ এড়াতে অনেকে এই মধ্যপন্থা বেছে নেন।

ঘর যখন এক, জীবন যখন আলাদা

ইন-হাউস সেপারেশনে থাকা দম্পতিদের জীবনযাপন আর সাধারণ দম্পতিদের মতো হয় না। তাঁরা মূলত একই ফ্ল্যাটের দুজন রুমমেট হিসেবে বাস করেন। তাঁরা সাধারণত আলাদা শোয়ার ঘর ব্যবহার করেন। সংসারের খরচ, সন্তানের স্কুলের বেতন বা ইউটিলিটি বিলগুলো তাঁরা নিজেদের চুক্তি অনুযায়ী সুনির্দিষ্টভাবে ভাগ করে নেন। একে অপরের ব্যক্তিগত জীবন, ফোন বা যাতায়াত নিয়ে কোনো প্রশ্ন তোলেন না।

সম্পর্কের এই টানাপোড়েনে মানসিক চাপ

প্রথম দিকে এই সিদ্ধান্তকে খুব বাস্তবসম্মত মনে হলেও দীর্ঘ মেয়াদে এটি বিশাল মানসিক বোঝায় পরিণত হতে পারে। একই ডাইনিং টেবিলে বসেও কথা না বলা, কিংবা ঘরের ভেতর থেকেও অন্য মানুষটির শূন্যতা অনুভব করা তীব্র একাকিত্বের জন্ম দেয়। বিশেষ করে সন্তানদের সামনে সারাক্ষণ ভালো থাকার অভিনয় করা চরম ক্লান্তিকর হয়ে ওঠে।

ছবি: পেক্সেলস
ছবি: পেক্সেলস

ইন-হাউস সেপারেশন কি দীর্ঘ মেয়াদে স্থায়ী সমাধান হয়ে উঠতে পারে

এটি স্থায়ী বা চিরস্থায়ী সমাধান হয়ে উঠতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে এটি একটি সাময়িক মধ্যপন্থা বা ট্রানজিশন পিরিয়ড হিসেবে কাজ করে। এই অবস্থা দম্পতিদের চূড়ান্ত বিচ্ছেদ বা ডিভোর্সের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে। এর বাইরে এটি নানান জটিলতার সৃষ্টি করতে পারে। যেমন—

নতুন করে জীবন শুরুর বাধা

মানুষ হিসেবে সবারই জীবনে নতুন করে ভালোবাসা পাওয়ার, নতুন সঙ্গী খোঁজার কিংবা স্বাধীনভাবে বাঁচার অধিকার থাকে। একই ছাদের নিচে সাবেক বা সেপারেটেড পার্টনারের সঙ্গে থাকলে আইনগত বা সামাজিকভাবে নতুন কোনো সম্পর্কে জড়ানো অসম্ভব হয়ে পড়ে। এমনকি নতুন কারও সঙ্গে ডেটিং করা বা কথা বলাও একই বাড়িতে থাকা অন্য মানুষটির জন্য অস্বস্তিকর ও মানসিক কষ্টের কারণ হতে পারে।

মানসিক ক্লান্তি

সন্তান বা সমাজের সামনে প্রতিদিন ‘আমরা ভালো আছি’ কিংবা ‘আমরা শুধু রুমমেট’—এই অভিনয় করাটা চরম ক্লান্তিকর। একই ড্রয়িংরুম বা রান্নাঘর শেয়ার করার সময় অবচেতনভাবেই পুরোনো ক্ষোভ, দুঃখ বা অভিমান সামনে চলে আসে। এই নীরব মানসিক চাপ দিনের পর দিন বহন করা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

সন্তানদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব

অনেকে সন্তানের কথা চিন্তা করে এটিকে স্থায়ী সমাধান বানাতে চান। কিন্তু সন্তানেরা যখন একটু বড় হয়, তারা বাবা-মায়ের মধ্যকার এই অস্বাভাবিক নীরবতা, ভালোবাসাহীনতা এবং দূরত্ব ঠিকই টের পায়। একটি অসুখী, ভালোবাসাহীন ও কৃত্রিম পারিবারিক পরিবেশ সন্তানদের মনে সুস্থ সম্পর্কের ধারণা তৈরিতে বাধা দেয়। তারা দীর্ঘ মেয়াদে বিষণ্নতা বা সম্পর্কে জড়ানোর ভীতিতে ভুগতে পারে।

সূত্র: সাইকোলজি টুডে ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত