কিউবায় পাচার হওয়ার সময় খাঁচা থেকে পালানোর সুযোগ পায় আফ্রিকান শিশু কিকাজু। পালাতে গিয়ে ক্ষুধার্ত কুকুরের সামনে পড়ে প্রাণভয়ে ছুটে গিয়ে একটি নারকেলগাছে আশ্রয় নেয়।
কুকুরগুলো তাড়িয়ে দিয়ে ওই গাছের নিচে এসে গান গাইতে শুরু করে সংগীতশিল্পী আন্দ্রেস। তার সুরে বিমোহিত হয়ে কিকাজু গাছ থেকে নেমে আসে। দুজনের খাতির হয়। আন্দ্রেসের সঙ্গে থাকতে শুরু করে কিকাজু; ওর নাম রাখা হয় ভিভো।
সময় বয়ে যায়। ভিভো বড় হতে থাকে, আন্দ্রেসের বয়স হয়ে যায়। জীবনের শেষ প্রান্তে এসে নিজের অব্যক্ত ভালোবাসার কথা জানানোর সিদ্ধান্ত নেয় আন্দ্রেস। এবার একটি গান লিখে সে নিজের ভালোবাসার কথা ব্যক্ত করার সিদ্ধান্ত নেয়। তবে তাকে যেতে হবে বহুদূর- মিয়ামি।
আন্দ্রেস তার গানটি নিয়ে মিয়ামি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে ভিভোকে নিতে চায়। কিন্তু ভিভো কিউবা ছেড়ে যেতে রাজি হয় না। আন্দ্রেসের সঙ্গে রাগ করে কয়েক ঘণ্টার জন্য বাসার বাইরে চলে যায় ভিভো। গভীর রাতে বাসায় ফিরে এসে দেখে আন্দ্রেস ঘুমের ভেতরে শেষ নিশ্বাস ত্যাগ করেছে! তাহলে এবার ভিভোর কী হবে? ভিভো কি আন্দ্রেসের লেখা শেষ গানটি নিয়ে মিয়ামি যাবে? কিকাজু হয়ে সে কীভাবে কিউবা থেকে মিয়ামি যাবে?
ভিভোর সে অ্যাডভেঞ্চার সম্পর্কে জানতে হলে দেখতে হবে ‘ভিভো’। অসাধারণ সব গান, বর্ণিল অ্যানিমেশন, বন্ধুত্ব, ভালোবাসা, আবেগ ও সাসপেন্সের মিশেলে নির্মিত ১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের চমৎকার এই ছবিটি ছোট-বড় সবার ভালো লাগবে।










