Ajker Patrika

পার্কে ঘুরে ভিন্নভাবে ইংরেজি শিখছে হা নগক হিউ

ফিচার ডেস্ক
পার্কে ঘুরে ভিন্নভাবে ইংরেজি শিখছে হা নগক হিউ
পর্যটকেরাও এই ছোট্ট ছেলের বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হন। কেউ কেউ ভালোবেসে তাকে কোলে তুলে নেন। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক হ্রদ হয়ান কিয়েম। সকালের নরম আলোয় সেখানে অন্য রকম দৃশ্য দেখা যায়। কৌতূহলী চোখে এদিক-ওদিক তাকিয়ে থাকা একটি ছোট্ট শিশু হঠাৎ এগিয়ে যায় একদল বিদেশি পর্যটকের দিকে। একটুও ভয় না পেয়ে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলে ওঠে, ‘হ্যালো, আই অ্যাম হিউ। আই অ্যাম ফ্রম ভিয়েতনাম।’ ছোট্ট সেই ছেলের বয়স মাত্র ছয় বছর, নাম হা নগক হিউ। কয়েক মাস ধরে সে ভিয়েতনামের হ্যানয়ের এই বিখ্যাত পর্যটন কেন্দ্রকে পরিণত করেছে তার এক জীবন্ত ও উন্মুক্ত ইংরেজি শেখার ক্লাসরুমে।

হিউর এই অনন্য ইংরেজি শেখার গল্প এখন শুধু ভিয়েতনামেই সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথা বলা এবং আত্মবিশ্বাসী ভঙ্গির ভিডিওগুলো মুহূর্তে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এমনকি আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি প্রাকৃতিকভাবে ভাষা শেখার এই আনন্দে মজে থাকা হিউ প্রতি সপ্তাহের এই আড্ডা শেষে মায়ের কাছ থেকে পুরস্কার হিসেবে পায় তার প্রিয় আইসক্রিম।

অথচ এই অর্জনের পেছনের গল্পটি বেশ অন্য রকম। হিউর মা হোয়াং নগক আন নিজে ইংরেজি জানেন না বললেই চলে। হিউর বয়স যখন মাত্র সাড়ে পাঁচ বছর, তখন পরিবারের ইচ্ছায় তাকে স্থানীয় একটি ইংরেজি ক্লাসে ভর্তি করানো হয়েছিল। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। মা হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন, ছেলের ভাষার প্রতি এই আগ্রহ থামতে দেওয়া যাবে না। যেহেতু তিনি নিজে ইংরেজি বলতে পারতেন না, তাই ইন্টারনেট এবং বিভিন্ন এআই টুলসের সাহায্য নিয়ে নিজেই উচ্চারণ শিখতে শুরু করেন। এ ছাড়া তিনি ছেলেকে ঘরে বসেই কার্টুন এবং বিভিন্ন ইংরেজি মাধ্যমের সাহায্যে ভাষাটির সঙ্গে অভ্যস্ত করে তোলেন।

হা নগক হিউ ও তার মা হোয়াং নগক আন। ছবি: সংগৃহীত
হা নগক হিউ ও তার মা হোয়াং নগক আন। ছবি: সংগৃহীত

ভাষা শেখার একপর্যায়ে হিউর প্রয়োজন পড়ে অনুশীলনের। একদিন মা তার কাছ থেকে জানতে চান, বিদেশিদের সঙ্গে কথা বলতে তার ভয় করে কি না। ছোট্ট হিউর সহজ উত্তর ছিল, ‘ওরা কি ভূত নাকি? ভয় পাব কেন!’ ব্যস, ছেলের এই কথায় মায়ের সব চিন্তা দূর হয়ে যায়। গত জুন মাস থেকে প্রতি শনি ও রোববার সকালে মা-ছেলে হাজির হতে শুরু করেন হুয়ান কিয়েম হ্রদের পাড়ে। মা প্রথমে অনুবাদ অ্যাপের সাহায্যে পর্যটকদের বুঝিয়ে বলতেন যে তার ছেলে ইংরেজি প্র্যাকটিস করতে চায়। আর হিউ প্রথমে নাম, বয়স, জাতীয়তা দিয়ে শুরু করলেও ধীরে ধীরে নিজের কৌতূহল থেকে আলোচনা ছড়িয়ে দেয় বিভিন্ন দেশের ভূগোল, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও বন্য প্রাণীর গল্পে।

ইসরায়েল, তিউনিসিয়া, আমেরিকা কিংবা জার্মানি—বিভিন্ন দেশের পর্যটকদের সঙ্গে কথা বলতে বলতে হিউ এখন শুধু ইংরেজিই শিখছে, এমন নয়। এর সঙ্গে সে বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করছে। কোনো বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলার পর বাড়িতে ফিরে মা ও ছেলে মিলে সেই দেশ সম্পর্কে আরও পড়াশোনা করেন, যেন পরেরবার দেখা হলে কথা আরও জমে ওঠে। পর্যটকেরাও এই ছোট্ট ছেলের বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হন। কেউ কেউ ভালোবেসে তাকে কোলে তুলে নেন। আবার কেউ কেউ তার সঙ্গে ১০ মিনিট ধরে আলাপে মেতে ওঠেন। বিদায়বেলায় হিউ তার দেশের প্রতীক হিসেবে তাঁদের হাতে তুলে দেয় কাঠের তৈরি ছোট ড্রাগন বা সুন্দর কোনো স্যুভেনির।

বর্তমানে টিকটক ও ইউটিউবে মা-ছেলের এই ভিডিওগুলোর অনুসারীর সংখ্যা লাখ লাখ! তবে এত সাফল্যের পরও হিউর মা কোনো ধরাবাঁধা লক্ষ্য রাখেননি। তিনি চান না তাঁর ছেলে শৈশব হারিয়ে শুধু পড়াশোনার চাপে পিষ্ট হোক। তিনি শুধু চান, ছেলেটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠুক, বিশ্বকে নিজের মতো করে আবিষ্কার করুক। প্রতি সপ্তাহের ছুটির দিনগুলোতে এই দারুণ প্রচেষ্টা শেষে ছোট্ট হিউর জন্য পুরস্কার হিসেবে থাকে এক স্কুপ আইসক্রিম। শত শত মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠা এই ছয় বছরের শিশু প্রমাণ করেছে, শেখার কোনো বয়স হয় না। দরকার শুধু একটু সাহস আর কৌতূহল।

ঝামেলা আর সাফল্যের গল্প

অবশ্য সবার কাছ থেকে সমান উষ্ণ অভ্যর্থনা জোটে না। হ্যানয়ের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্লাব বা স্কুল থেকে পড়ুয়ারা নিয়মিত ইংরেজি চর্চার জন্য এই হ্রদের পাড়ে আসে বলে অনেক পর্যটক মাঝেমধ্যেই বিরক্ত হন এবং হিউ ও তার মাকেও অনেকবার ‘না’ শুনতে হয়েছে। তবে মা হোয়াং সব সময় খেয়াল রাখেন, পর্যটকদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, যাতে জোর করে কারও বিরক্তির কারণ না হতে হয়। মার্কিন পর্যটক কেন্ডাল স্টেম্পেল ও ক্লোই স্টার্ন (যাঁদের ভিডিওটি ভাইরাল হয়েছিল) ‘ওয়াল স্ট্রিট জার্নাল’কে জানিয়েছেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন, ছেলেটি হয়তো কিছু বিক্রি করতে এসেছে। কিন্তু পরে তার আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে কথা বলেন।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ভিএন এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত