Ajker Patrika

সকাল নাকি রাতের পরিচ্ছন্নতা: কোনটি আপনার জীবনযাত্রার জন্য সেরা

ফিচার ডেস্ক, ঢাকা 
সকাল নাকি রাতের পরিচ্ছন্নতা: কোনটি আপনার জীবনযাত্রার জন্য সেরা
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। ছবি: পেক্সেলস

ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার উপযুক্ত সময় কোনটি? সকালে ঘুম থেকে উঠে দিনের শুরুতে, নাকি রাতে কাজ শেষে ঘুমোতে যাওয়ার ঠিক আগে? নিজস্ব একচিলতে ঘর কিংবা ব্যস্ত গৃহস্থালি—যেখানেই হোক, এই প্রশ্ন প্রায় প্রতিটি পরিবারেই ঘুরেফিরে আসে।

বিষয়টি সহজ মনে হলেও গৃহস্থালি ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সকাল বনাম রাত—এই প্রতিযোগিতায় কোনো একটি সময়কে এককভাবে সেরা হিসেবে বিজয়ী ঘোষণা করা কঠিন। কারণ, প্রত্যেকের জীবনযাত্রা, কাজের সময়সূচি, কর্মশক্তি এবং ব্যক্তিগত পছন্দ ভিন্ন। কোনো নির্দিষ্ট নিয়ম সবার জীবনের সঙ্গে সমানভাবে খাপ খায় না। তাই ‘কোনটি সর্বজনীন সেরা’, তা খোঁজার চেয়ে আপনার বর্তমান ব্যস্ততা ও জীবনযাত্রার সঙ্গে কোনটি সুন্দরভাবে মানিয়ে যায়, সেটা নিয়ে ভাবা বুদ্ধিমানের কাজ।

সকালে ঘর পরিষ্কারের সুফল ও মনস্তাত্ত্বিক ইতিবাচকতা

প্রতিদিনের জীবনের মানসিক চাপ কমাতেও সকালের পরিচ্ছন্নতার একটি বড় মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। ছবি: পেক্সেলস
প্রতিদিনের জীবনের মানসিক চাপ কমাতেও সকালের পরিচ্ছন্নতার একটি বড় মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। ছবি: পেক্সেলস

অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ দ্রুত ও কার্যকরভাবে শেষ করা সম্ভব হয়।

সকালের পরিচ্ছন্নতার রুটিনে সাধারণত যে কাজগুলো বেশি মানানসই, সেগুলোর মধ্যে রয়েছে ঘুম থেকে উঠে প্রথমেই বিছানা পরিপাটি করে গুছিয়ে ফেলা, ঘরের জানালাগুলো খুলে দিয়ে তাজা আলো-বাতাস চলাচলের সুযোগ করে দেওয়া, সকালের নাশতার পর রান্নাঘর দ্রুত মুছে নেওয়া এবং ঘরের জমিয়ে রাখা ময়লার ঝুড়ি খালি করা। প্রতিদিনের জীবনের মানসিক চাপ কমাতেও সকালের পরিচ্ছন্নতার একটি বড় মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। সুন্দর ও গোছানো কক্ষ থেকে দিনের শুরুটা করলে সারা দিনের কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং মানসিক বিভ্রান্তি দূর হয়।

রাতে ঘর গুছিয়ে রাখার সুবিধা ও শান্তির ঘুম

বর্তমান যুগের ব্যস্ত জীবনযাত্রায় রাতের পরিষ্কার-পরিচ্ছন্নতা বা নাইট রিসেট নামক ধারণাটি বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। সারা দিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে রাতের বেলা খানিকটা সময় নিয়ে চারপাশ গুছিয়ে রেখে ঘুমাতে যাওয়ার অনেক ইতিবাচক দিক রয়েছে। দিনের কাজ বা রাতের খাবার শেষ করার পর রান্নাঘরের সিঙ্কে বাসি থালাবাসন জমিয়ে না রেখে তা মেজে রাখা, ধোয়া কাপড় ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় তুলে রাখা কিংবা বাথরুমের বেসিন এবং মেঝে একবার মুছে নেওয়ার মতো অভ্যাসগুলো পরের দিনের কাজের চাপ অনেকটা হালকা করে দেয়। সিঙ্কে রাতভর নোংরা থালাবাসন পড়ে থাকলে যে ক্ষতিকর জীবাণুর জন্ম ও দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা থাকে, রাতে পরিষ্কারের অভ্যাসে তা-ও পুরোপুরি দূর হয়।

চিকিৎসা ও মনস্তত্ত্ব বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশ মানুষের মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে। ঘুমোতে যাওয়ার আগে ঘরের অগোছালো ভাব দূর করলে মস্তিষ্ক হালকা হয় এবং এটি ভালো ঘুমে পরোক্ষভাবে দারুণ সহায়তা করে। সকালে ঘুম থেকে উঠে বাসি থালাবাসন কিংবা ছড়ানো-ছিটানো ঘরের মুখোমুখি না হওয়ার নিশ্চয়তা মানুষকে নিশ্চিন্তে ঘুমাতে সাহায্য করে। যাঁরা চাকরিজীবী, যাঁদের দিনে পর্যাপ্ত সময় থাকে না, তাঁরা রাতে পরিবারের সবাই মিলে এই সংক্ষিপ্ত গোছানোর কাজটি খুব সহজে অভ্যাসে পরিণত করতে পারেন।

সকাল ও রাতের কাজের একটি ভারসাম্যপূর্ণ বিভাজন

কোনো একটি সময়কে কঠোরভাবে বেছে না নিয়ে নিজের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী সকাল বা রাতে কাজ ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে। একে বলা হয় হাইব্রিড ক্লিনিক রুটিন।

সকালের উপযুক্ত কাজ

  • বিছানা পরিপাটি করা ও চাদর সোজা করা।
  • জানালা খুলে ঘরে তাজা বাতাস ও রোদ আসতে দেওয়া।
  • সকালের নাশতার পর রান্নাঘর ও টেবিল মোছা।
  • ডাস্টবিনের ময়লা বাইরে ফেলার ব্যবস্থা করা।
  • সারা দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক জায়গায় গুছিয়ে রাখা।

রাতের উপযুক্ত কাজ

  • রাতের খাবার পর সব থালাবাসন ধুয়ে সিঙ্ক পরিষ্কার রাখা।
  • কাপড় ধোয়া এবং শুকনো কাপড় ভাঁজ করে আলমারিতে রাখা।
  • ঘরের মেঝে ঝাড়ু দেওয়া।
  • বাথরুমের কাউন্টার ও বেসিন দ্রুত একবার মুছে ফেলা।
  • আগামীকালের জন্য প্রয়োজনীয় পোশাক ও ব্যাগ গুছিয়ে রাখা।

আপনার জন্য সেরা নিখুঁত রুটিন কোনটি

তাহলে চূড়ান্ত বিচারে কোনটি বেশি কার্যকরী—সকালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নাকি রাতের গুছিয়ে রাখা? উত্তরটি একক কোনো শব্দে দেওয়া সম্ভব নয়; এটি নির্ভর করছে আপনার নিজস্ব দৈনন্দিন রুটিন ও অভ্যাসের ওপর। আপনি যদি একজন আর্লি বার্ড বা ভোরে ওঠা মানুষ হন এবং পরিপাটি সূচনা নিয়ে কাজ শুরু করতে ভালোবাসেন, তবে সকালের রুটিনটিই আপনার জন্য ভালো। আপনি যদি নিশাচর প্রকৃতির হন; মানে, রাত জাগতে ভালোবাসেন এবং সকালে তাড়াহুড়ো না করে শান্তিতে উঠে ঝকঝকে রান্নাঘর ও পরিচ্ছন্ন ঘর দেখতে চান, তবে রাতের রিসেট রুটিনই হবে আপনার জন্য উপযুক্ত।

অধিকাংশ সুসংগঠিত গৃহস্থালির ক্ষেত্রে দুটি রুটিনের সঠিক ও ভারসাম্যপূর্ণ সমন্বয়ই চমৎকার ফল দেয়। প্রতিদিন সকালে মাত্র ৫ থেকে ১০ মিনিটের দ্রুত গুছিয়ে নেওয়ার পর্ব এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ১০ থেকে ১৫ মিনিটের একটি ছোট নাইট রিসেট আপনার পুরো ঘরকে দীর্ঘ মেয়াদে পরিচ্ছন্ন রাখতে পারে।

সূত্র: ক্লিন ফ্যানাটিকস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত