কীভাবে কথা বললে আড্ডা কখনোই বোরিং হয় না

ধরুন, কোনো এক কফিশপে প্রথমবার কারও সঙ্গে দেখা করতে গেছেন। শুরুতে আবহাওয়া নিয়ে দু-চার কথা হলো। এরপর আপনি প্রিয় কোনো সিনেমার গল্প তুললেন, অপর পাশের মানুষটিও তাল মেলালেন। কিন্তু একঘেয়েমি আসার আগেই তিনি কথার মোড় ঘুরিয়ে নিয়ে গেলেন ভ্রমণের গল্পে। দুজনেই আবার সেই নতুন গল্পে ডুবে গেলেন। আড্ডা শেষে মনে হলো—বাহ, মানুষটার সঙ্গে কথা বলে তো দারুণ জমল। আড্ডার মধ্যে এমনভাবে কথা বলাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘পিংক নয়েজ’। ফুটবলের ভাষায় যাকে বলে নিখুঁত ‘টিকি-টাকা’ পাসিং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপরিচিতদের মধ্যকার এক হাজারের বেশি কথোপকথন বিশ্লেষণ করেছেন। আন্তর্জাতিক জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত সেই গবেষণায় উঠে এসেছে, কীভাবে কথা বললে আড্ডা কখনোই বোরিং হয় না।
‘পিংক নয়েজ’ আসলে কী
‘পিংক নয়েজ’ শব্দটি মূলত পদার্থবিজ্ঞানের। এর অর্থ হলো চরম বিশৃঙ্খলা আর একদম স্থির অবস্থার মাঝামাঝি এক জাদুকরি ভারসাম্য। গবেষকেরা এআইয়ের মাধ্যমে কথার অর্থ, সুর ও প্রেক্ষাপট মেপে আড্ডাকে তিনটি রঙের ‘নয়েজ’ বা শব্দে ভাগ করেছেন।
হোয়াইট নয়েজ: এটি হলো এলোমেলো আড্ডা। ধরুন, আপনি বলছেন আপনার পোষা বিড়ালের অসুখের কথা, আর উল্টো দিকের মানুষটি হুট করে বলে বসলেন—‘জানেন, কাল বাজারে ইলিশের দাম খুব চড়া ছিল!’ অর্থাৎ আগের কথার কোনো সূত্র না ধরেই প্রসঙ্গ পাল্টে ফেলা। এমন আড্ডা দ্রুত বিরক্তিকর হয়ে ওঠে।
রেড নয়েজ: এটি হলো অতি-মিলের আড্ডা। দুজন মানুষ কেবল একে অপরের কথায় ‘হ্যাঁ-হ্যাঁ, একদম ঠিক’ বলে সায় দিয়ে যাচ্ছেন এবং একই বিষয়ে ঘুরপাক খাচ্ছেন। স্নায়ুবিজ্ঞানী ড. এমিলি ফিনের মতে, সব সময় এক সুরে কথা বলা মারাত্মক একঘেয়ে হতে পারে।
পিংক নয়েজ: এটি হলো আড্ডার ‘গোল্ডিলকস জোন’ বা সেরা জায়গা। এখানে দুজন মানুষ একটি বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ গভীরভাবে আলোচনা করেন, বিষয়টি ভালোমতো বোঝেন, কিন্তু সেটি বাসি বা একঘেয়ে হওয়ার ঠিক আগেই নতুন কোনো আইডিয়া বা প্রসঙ্গ টেনে আনেন। তারপর দুজনে মিলে আবার সেই নতুন বিষয়টি উপভোগ করেন।
এর প্রভাবে আচরণ ও সম্পর্কের রসায়ন কেমন হয়
গবেষণায় দেখা গেছে, যেসব আড্ডায় ‘পিংক নয়েজ’ বেশি থাকে, মানুষ সেই কথোপকথন সবচেয়ে বেশি উপভোগ করে। সেখানে মানুষ অপরজনের সঙ্গে গভীর আত্মিক টান অনুভব করে। এর বাস্তব প্রমাণ মিলেছে ‘স্পিড-ডেটিং’-এর ক্ষেত্রেও। স্বল্প সময়ের পরিচয়ে যেসব জুটির কথার ছন্দে এই ‘পিংক নয়েজ’ ছিল, তাদের মধ্যেই দ্বিতীয়বার ডেটে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। অর্থাৎ কেবল একমত হওয়া নয়, বরং নতুন ভাবনার জায়গা তৈরি করতে পারাটাই মানুষকে একে অপরের কাছে টানে।

ভালো কথক হতে হলে কী করবেন
আড্ডায় ‘পিংক নয়েজ’ ধরে রাখতে হলে দুটি বিষয়ে নজর দিতে হবে। প্রথমত, অপরজন কী বলছেন, তা মন দিয়ে শোনা এবং সেই বিষয়ে যথেষ্ট সময় দেওয়া। দ্বিতীয়ত, কথা যখন একটু ঝিমিয়ে আসছে বলে মনে হবে, তখনই বুদ্ধি করে প্রাসঙ্গিক কোনো নতুন বিষয়ের অবতারণা করা। প্রাচীন রোমান বাগ্মী সিসেরো যেমন বলেছিলেন, কথার সুরে খেয়াল রাখা, বিরক্ত না হওয়া এবং কেবল নিজের ঢোল না পেটানোই ভালো আড্ডার শর্ত।
চর্চার মাধ্যমে কি ভালো কথক হওয়া সম্ভব
অনেকেই ভাবেন, ভালো কথা বলাটা বুঝি জন্মগত প্রতিভা। কিন্তু গবেষকেরা বলছেন, চর্চার মাধ্যমে যে কেউ এই ‘পিংকনেস’ বা কথার ছন্দ রপ্ত করতে পারেন। প্রমাণ হিসেবে তাঁরা দুজন সঞ্চালকের পডকাস্ট বিশ্লেষণ করে দেখেছেন, প্রথম ৫০টি পর্বের মধ্যেই তাঁদের কথোপকথনে এই ভারসাম্য দারুণভাবে বেড়েছে। তবে লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক এলিজাবেথ স্টোকো মনে করিয়ে দিয়েছেন, জীবনের সব গুরুত্বপূর্ণ কথাই কেবল ‘আনন্দদায়ক’ হয় না; অনেক আবেগঘন বা বেদনাদায়ক কথাও সম্পর্কের গভীরতা বাড়ায়। তবুও রোজকার আড্ডা বা প্রথম দেখায় মন জয় করতে চাইলে ‘পিংক নয়েজ’ই হতে পারে আপনার সেরা হাতিয়ার।
সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য চোসুন ইলবো









