Ajker Patrika

বাড়িতেই বানিয়ে নিন পর্তুগালের খাবার বাবা দ্য কেমেলো

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৬
বাড়িতেই বানিয়ে নিন পর্তুগালের খাবার বাবা দ্য কেমেলো
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা। ছবি: সংগৃহীত

পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই।

অদ্ভুত নামের রহস্য

এই অদ্ভুত নামের পেছনে এক মজার লোকগাথা রয়েছে। বিশ শতকের শুরুর দিকে লিসবনের বাসিন্দা ভ্যালেন্টিনা নামের এক গৃহিণী বাড়িতে হঠাৎ আসা অতিথিদের জন্য ঝটপট কিছু তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু ঘরে উপাদান বলতে ছিল শুধু ডিম আর কনডেন্সড মিল্ক। তাই দিয়ে তিনি চটজলদি এক ক্রাফট মুস তৈরি করে ফেলেন। তবে মিষ্টির পরিমাণ কম থাকায় সব অতিথি যেন পুরোটা শেষ করে না ফেলে, সেই ভয়ে তিনি কৌশল করে এর নাম দেন ‘উটের লালা’। গল্পটি সত্য হোক বা না হোক, এই মিষ্টিটি পরে পর্তুগালে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

রেসিপি

মাত্র দুটি উপাদান এবং ১০ মিনিটের প্রস্তুতিতেই তৈরি করা যায় হালকা, তুলতুলে ও ক্যারামেল স্বাদের এই পর্তুগিজ মিষ্টি।

উপকরণ (৬ জনের জন্য)

১ ক্যান কনডেন্সড মিল্ক এবং ৪টি ডিম।

প্রস্তুত প্রণালি

প্রথমে কনডেন্সড মিল্ক ক্যারামেলাইজড করে নিন। এ জন্য কনডেন্সড মিল্কের ক্যানটি না খুলে প্রেশার কুকারে রেখে ক্যানের অর্ধেক পর্যন্ত পানি দিন। কুকারের ঢাকনা আটকে ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা সেদ্ধ করুন। এরপর প্রেশার রিলিজ করে ক্যানটি বের করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। সেদ্ধ করার ফলে এটি ঘন ক্যারামেলে পরিণত হবে। এবার ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে রাখুন। প্রস্তুত করা ঠান্ডা ক্যারামেলাইজড কনডেন্সড মিল্ক এবং ডিমের কুসুমগুলো একসঙ্গে একটি হ্যান্ড বিটার দিয়ে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। অন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ সামান্য এক চিমটি লবণ দিয়ে বিট করতে থাকুন যতক্ষণ না তা একদম শক্ত সাদা ফোমে পরিণত হয়। ডিমের সাদা অংশের ফেনা ধীরে ধীরে ক্যারামেল ও কুসুমের মিশ্রণে হালকা হাতে মিশিয়ে দিন, যাতে ভেতরের বাতাস বের হয়ে না যায়।

পরিবেশন

মিশ্রণটি ছোট ছোট গ্লাস বা রেমেকিনে ঢেলে নিয়ে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দিন। পরিবেশনের সময় ওপর দিয়ে কাঠবাদাম বা পেস্তাবাদামকুচি ছড়িয়ে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করার ১০ মিনিট পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু পর্তুগিজ ডেজার্ট বাবা দ্য কেমেলো।

সূত্র: ইএন ভলস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত