
রমজান মাস আত্মশুদ্ধি, সংযম এবং আধ্যাত্মিক উন্নতির সময়। তবে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকা এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় কর্মক্ষেত্রে মনোযোগ বজায় রাখা বা সারা দিন প্রাণবন্ত থাকা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সঠিক পরিকল্পনা এবং জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলে এই পবিত্র মাসেও আপনি কর্মক্ষেত্রে সফল হওয়ার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন।
মানসিক দৃঢ়তা ও সঠিক পরিকল্পনা
যেকোনো কাজের সাফল্য নির্ভর করে মানুষের ইচ্ছাশক্তির ওপর। রমজানের চ্যালেঞ্জগুলোকে হাসিমুখে গ্রহণ করার মানসিক প্রস্তুতি নিন। পরিকল্পনা করুন ইফতারের পর থেকে। সারা দিন রোজা রাখার পর মস্তিষ্ক কিছুটা ক্লান্ত থাকে। তাই পরদিন কী কী কাজ করবেন, সেগুলোর তালিকা ইফতারের পর তৈরি করে ফেলুন। এতে সকালে ঘুম থেকে উঠেই ‘আজ কী করব’ জাতীয় বাড়তি চিন্তা করে মস্তিষ্কের শক্তি ব্যয় করতে হবে না। প্রত্যেকের শরীরে শক্তির মাত্রা দিনের একেক সময় একেক রকম থাকে। কারও শক্তি সকালে বেশি থাকে, কারও আবার বিকেলে। আপনার শরীরের পাওয়ার আওয়ার বা সবচেয়ে বেশি কর্মক্ষম থাকার সময়টি খুঁজে বের করুন। গুরুত্বপূর্ণ ও কঠিন কাজগুলো সেই সময়ের জন্য জমিয়ে রাখুন।
খাদ্যাভ্যাস ও শারীরিক সুস্থতা
রোজা রেখে সুস্থ থাকতে হলে সেহরি ও ইফতারের খাবারে ভারসাম্য আনা জরুরি। সেহরিতে অতিরিক্ত না খেয়ে পুষ্টিকর ও পরিমিত খাবার খান। আঁশযুক্ত খাবার, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের সমন্বয় রাখুন। শাকসবজি ও ফলমূল বেশি খান, যা আপনাকে দীর্ঘক্ষণ তৃপ্ত রাখবে। চা বা কফি সেহরি বা ইফতারে পান করা এড়িয়ে চলুন। এটি পাকস্থলীতে অস্বস্তি তৈরি এবং শরীর পানিশূন্য করে তুলতে পারে। ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টাতে পানি পানের পরিমাণ লিখে রাখুন বা মেপে পান করুন। শরীরে পানির ঘাটতি পূরণের জন্য পানির পরিমাণ বেশি থাকে, তেমন ফল খেতে পারেন ইফতারে। আর সেহরিতে খেতে পারেন কম তেল মসলায় রান্না করা ঝোলজাতীয় খাবার। শরীর সতেজ থাকলে মেজাজ ফুরফুরে থাকে এবং ক্লান্তি কম লাগে।
ঘুমের রুটিন সমন্বয়
রমজানে ঘুমের সময় অনেকটা কমে যায়, তাই এর সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস বদলে ফেলুন। সেহরিতে উঠতে হয় বলে রাতে দ্রুত ঘুমানো জরুরি। সেহরি ও ফজরের নামাজের পর আবার ঘুমিয়ে না পড়ে হালকা শরীরচর্চা বা সৃজনশীল কাজে সময় দিতে পারেন। এতে অলসতা দূর হয়। কাজের ফাঁকে দুপুরে ২০ থেকে ৩০ মিনিটের একটি ছোট ঘুম বা পাওয়ার ন্যাপ নিন। এটি মস্তিষ্ক রিফ্রেশ করতে জাদুর মতো কাজ করে।
কর্মক্ষেত্রে প্রাণবন্ত থাকার কৌশল
অফিসে কাজের চাপে যেন ক্লান্তি ভর না করে, সেদিকে খেয়াল রাখুন। একটানা কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন। অফিসে সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ গল্প করুন বা অফিসের আশপাশে একটু হাঁটাহাঁটি করুন। এটি একঘেয়েমি কাটাতে সাহায্য করবে। যদি অবসাদ বেশি লাগে, তবে কিছুক্ষণ ঘরের বাইরে গিয়ে মুক্ত বাতাস থেকে ঘুরে আসুন। পরিবারের সঙ্গে সময় কাটান। নিজেকে শুধু কাজের রোবট বানিয়ে ফেলবেন না।
মানসিক স্বাস্থ্য ও আধ্যাত্মিকতা
মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক স্বাস্থ্যের গভীর সংযোগ রয়েছে। মন ভালো থাকলে শরীরও সায় দেয়। সালাত এবং দোয়ার মাধ্যমে মনের শান্তি খুঁজুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে প্রতিকূলতা সহ্য করার শক্তি বাড়ে। রমজান মাস ভালো অভ্যাস গড়ার মাস। অন্যকে সাহায্য করা, দান-সদকা করা বা কারও মুখে হাসি ফোটানোর মতো কাজগুলো মানসিক চাপ কমায় এবং মনে প্রশান্তি আনে। প্রত্যেকের জীবন ও সক্ষমতা আলাদা। অন্য কেউ বেশি ইবাদত করছে কিংবা বেশি কাজ করছে দেখে নিজের ওপর চাপ নেবেন না। নিজের সাধ্যমতো বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন।
আত্মরূপান্তর ও জ্ঞানার্জন
রমজানকে নিজের উন্নতির একটি সুযোগ হিসেবে দেখুন। কোরআনের অর্থ নিয়ে ভাবুন এবং বেশি বেশি জিকির করুন। এটি আপনাকে অনর্থক কথা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে। এই মাসে নতুন কিছু শেখার মানসিকতা রাখুন। ইসলামিক পডকাস্ট শোনা বা শিক্ষামূলক ভিডিও দেখার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বাড়ান। আপনার প্রতিদিনের উপলব্ধি বা ভালো লাগার মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখতে পারেন। এটি নিজের আত্মিক উন্নতি বুঝতে সাহায্য করবে।
সূত্র: মিডিয়াম, মেন্টাল হেলথ

শাড়ি বাঙালি নারীর প্রিয় পোশাক। এর সঙ্গেও হিজাব পরা যায়। হিজাব আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো পর্দা বা আবরণ। ইসলামি পরিভাষায়, এটি সাধারণত মুসলিম নারীদের পোশাক ও আচরণের একটি অংশ বোঝাতে ব্যবহৃত হয়, যা তাদের শরীর ঢেকে রাখতে এবং শালীনতা বজায় রাখতে সহায়তা করে। এটা বলে রাখা ভালো, হিজাবের ধারণা শুধু...
৭ দিন আগে
সেহরিতে মুখরোচক কিন্তু সাধারণ খাবার খেতেই বেশি ভালোবাসেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। পটোল ও আলু দিয়ে রুই মাছেরর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ দিন আগে
সুন্দর ও পরিপাটি নখ ফ্যাশন-সচেতন নারীর ব্যক্তিত্বে আনে ভিন্নমাত্রা। কিন্তু সবার নখ প্রাকৃতিকভাবে লম্বা বা মজবুত হয় না। বর্তমানে এই সমস্যার সহজ সমাধান হলো নেইল এক্সটেনশন। এখন কৃত্রিমভাবে নখ বড় করার এই পদ্ধতি জনপ্রিয়। তবে নখ সাজানোর আগে আপনার জন্য কোন পদ্ধতিটি সেরা, তা জানা জরুরি। তাই নেইল...
৭ দিন আগে
রমজান মাসে, ইরানিরা ইফতারিতে কোনো না কোনো মিষ্টিজাতীয় খাবার রাখেন। নির্দিষ্ট ধরনের মিষ্টি, কুকিজ এবং মিষ্টিজাতীয় খাবার তৈরি করতে তারা বড্ড ভালোবাসে। ইরানের অধিবাসীরা এককথায় মিষ্টিপ্রিয়। যেখানে যাবেন, সেখানেই তাদের পেস্ট্রি এবং মিষ্টির প্রতি ভালোবাসা চোখে পড়বে। ইরানিরা জিলাপি, বেমিয়েহ্, রেশতে...
৭ দিন আগে