
বর্ষা মানেই আকাশে মেঘের আনাগোনা। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। আর এ সময়ে বাতাসে থাকে বাড়তি আর্দ্রতা। ঠিক যেমন প্রকৃতি পায় ভিন্ন রূপ, তেমনই আমাদেরও প্রয়োজন পড়ে বাড়তি সতর্কতা অবলম্বনের। সকালে হয়তো রোদ দেখেই বাইরে বের হলেন, কিন্তু মাঝপথে যেকোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে হালকা কিংবা ভারী বৃষ্টি। এমন দিনগুলোয় সঠিক পোশাক বাছাই ও প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে রাখাসহ কিছু প্রস্তুতি নিয়ে রাখলে বৃষ্টিভেজা দিনটিও হয়ে উঠতে পারে স্বাচ্ছন্দ্যের।
অফিসে যাওয়ার পথেই বৃষ্টিতে ভিজে গেলেন। ভেজা কাপড় দীর্ঘ সময় পরে থাকলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, ঠান্ডা লেগে জ্বরও হতে পারে। তাই বৃষ্টির দিনে দ্রুত শুকিয়ে যায়, এমন কাপড় পরুন। পলিয়েস্টার, নাইলন, ক্রেপ বা জর্জেট কাপড় বৃষ্টির দিনে পরার উপযোগী। কারণ, এ ধরনের কাপড় ভিজলে দ্রুত শুকিয়ে যায়। এই ঋতুতে ভারী ডেনিম বা সুতির মোটা কাপড় দিয়ে তৈরি পোশাক এড়িয়ে চলাই ভালো।
ধরুন সারা দিন টিপটিপ করে বৃষ্টি ঝরেই যাচ্ছে। এমন দিনগুলোতে মেকআপে ভারী ফাউন্ডেশন মানানসই না-ও হতে পারে; বরং হালকা মেকআপ স্বস্তি দিতে পারে। মেকআপে, ক্রিমি প্রোডাক্ট ভিজে গলে বা নষ্ট হয়ে যেতে পারে। তাই ম্যাট বা ওয়াটার-বেজড ফাউন্ডেশন বেছে নিন। কিংবা হালকা সাজের জন্য ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। মেকআপকে ওয়াটারপ্রুফ ও দীর্ঘস্থায়ী করতে ব্যবহার করতে পারেন সেটিং স্প্রে।
বর্ষাকালে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ছাতা। এমন ছাতা সঙ্গে নিন, যা ওজনে হালকা এবং সহজে আপনার যেকোনো ব্যাগে রাখা যায়। সাধারণ ছাতার চাইতে পোর্টেবল ছাতা সহজে ব্যাগে রাখা যায়। চাইলে সুন্দর ডিজাইনের ছাতা বেছে নিতে পারেন। যা আপনার সাজে যোগ করতে পারে বাড়তি আকর্ষণ।
সাধারণত বৃষ্টির দিনে বাইরে বের হলে ব্যাগের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভিজে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ব্যবহার করতে পারেন ওয়াটারপ্রুফ ব্যাগ। এর ফলে আপনার প্রয়োজনীয় সবকিছু থাকবে সুরক্ষিত।
বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় থেকে মুক্তি পেতে সঙ্গে রাখতে পারেন হালকা ও আরামদায়ক রেইনকোট। এটি বৃষ্টি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি আপনার চলাফেরাকে আরও সহজ করবে।
বর্ষায় কাদা ও পানিপূর্ণ রাস্তা পার হতে সঙ্গে রাখতে পারেন ভালো মানের ওয়াটারপ্রুফ জুতা। এতে পা শুকনো থাকবে এবং পিছলে যাওয়ার ঝুঁকিও কমবে। দামি চামড়ার তৈরি জুতা বৃষ্টির দিনে ব্যবহার না করাই ভালো। বাজারে বিভিন্ন ধরনের রাবার বা প্লাস্টিকের জুতা পাওয়া যায়, তবে অনেক দিনের পুরোনো স্যান্ডেল না পরাই ভালো, এতে পিছলে পড়ার আশঙ্কা থাকে।
গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্মার্টফোন, ঘড়ি, অতিরিক্ত কাপড়, চার্জার বা খাবার সুরক্ষিত রাখার জন্য সঙ্গে রাখুন জিপলক ব্যাগ। এটি জিনিসপত্র শুকনো রাখতে বেশ কার্যকর।
মোবাইল ফোন, ট্যাব বা কোনো ডিভাইসকে বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে সঙ্গে রাখতে পারেন একটি ওয়াটারপ্রুফ কেস। এতে হঠাৎ বৃষ্টিতেও আপনার ইলেকট্রনিকস ডিভাইস থাকবে নিরাপদ।
ছোট আকারের মাইক্রোফাইবার তোয়ালে খুব দ্রুত পানি শুষে নেয় এবং দ্রুত শুকিয়ে যায়। বৃষ্টিতে ভিজে গেলে মুখ, হাত বা চুল মুছে নেওয়ার জন্য এটি বেশ কার্যকরী। ভিজে অফিসে গেলে যেন হাত, মুখ ও চুল মুছে নিতে পারেন তাই ড্রয়ারে এ রকম একটি তোয়ালে রাখলে নিজেই উপকৃত হবেন।
বর্ষাকালে ঘন ঘন লোডশেডিং বা রাস্তার দীর্ঘ যানজটের কারণে মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে। তাই একটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা জরুরি মুহূর্তে বুদ্ধিমানের কাজ হতে পারে।
ব্যাগে টিস্যু পেপার রাখুন। এটি আপনাকে পরিচ্ছন্ন থাকতে সাহায্য করবে। রাস্তায় চলতে গিয়ে বৃষ্টির কারণে জমে থাকা কাদা পানি পায়ে বা প্যান্টে লাগলে তা পরিষ্কার করার জন্য এটি কাজে দেবে। এর ফলে বৃষ্টিতে ভিজে গিয়ে রাস্তায় বিব্রতকর অবস্থায় পড়তে হবে না।
বর্ষাকালে যখন-তখন বৃষ্টি নামতেই পারে। তবে বাইরে বের হওয়ার আগে যদি কিছু প্রস্তুতি এবং ব্যাগে ও অফিসের ড্রয়ারে যদি এই প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, তাহলে বৃষ্টি আপনার বিরক্তির কারণ হবে না।
সূত্র: ওয়াইল্ড ক্র্যাফট ও অন্যান্য

মানুষ জ্বর না হলেও যে ‘জ্বরে কাঁপে’, তার নাম বিশ্বকাপ ফুটবল। খুব সম্ভবত, পৃথিবীর সবচেয়ে গোমড়া মুখের মানুষটির মনেও কখনো কখনো দোলা দিয়ে যায় বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। যাঁরা মাঠে খেলা দেখার সুযোগ পাননি, কিংবা খেলাটির প্রতি তেমন কোনো আগ্রহ না থাকলেও ইতিহাসের প্রতি আগ্রহ আছে, বিশ্বকাপের...
৫ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। এবার উত্তর মেরুর হাই আর্কটিক বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন নামে বিখ্যাত আবু মোহাম্মদ সালাহউদ্দিন। সঙ্গে রয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।
৬ ঘণ্টা আগে
পথ চলতে চলতে ফেনীর নিজকুঞ্জরা গ্রামে বন্ধু রাশেদের পরিত্যক্ত বাড়িতে এসে থামতে হলো। পূর্বঘোষিত ডিনার সেখানে শেষ করতে হলো। এরপর ভরা চান্দের মিঠা মিঠা আলোয় ভাইরাল গায়ক হুমায়ূন সরকারের সঙ্গে আমাদের আড্ডা চলল রাত ১১টা পর্যন্ত। তারপর গাড়ি স্টার্ট নিল গন্তব্যের উদ্দেশে।
৭ ঘণ্টা আগে
একা একা ঘুরে বেড়ানোর আনন্দ একেবারেই ভিন্ন। ইদানীং নারীরা একা ভ্রমণ করছেন বিশ্বের বিভিন্ন গন্তব্যে। সম্প্রতি ট্যুর বুকিং প্ল্যাটফর্ম গুরুওয়াক সলো ট্রাভেলারদের জন্য উপযুক্ত শহরগুলোর একটি নতুন তালিকা প্রকাশ করেছে।
৮ ঘণ্টা আগে