Ajker Patrika

এবার আর্কটিক অভিযানে সালাহউদ্দিন সুমন ও নিলয়

ফিচার ডেস্ক
এবার আর্কটিক অভিযানে সালাহউদ্দিন সুমন ও নিলয়

চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। এবার উত্তর মেরুর হাই আর্কটিক বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন নামে বিখ্যাত আবু মোহাম্মদ সালাহউদ্দিন। সঙ্গে রয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।

চলমান মেরু অভিযান সিরিজের অংশ হিসেবে এই দুই অভিযাত্রী ইতিমধ্যে পৌঁছেছেন উত্তর মহাসাগরে, নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জে পৃথিবীর সর্ব উত্তরের জনবসতি লংইয়ারবায়েনে। প্রায় ৭৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত স্বালবার্ড পৃথিবীর অন্যতম দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চল হিসেবে বিবেচিত। হিমবাহ, বরফে আবৃত পর্বত, মেরু ভালুক, রেইনডিয়ার, সিলসহ নানা বন্য প্রাণীর জন্য এলাকাটি বিখ্যাত। জুনের শুরুতে সেখানে পৌঁছানোর কারণে তাঁরা ২৪ ঘণ্টা সূর্য দৃশ্যমান থাকার এক অনন্য প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ করছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে আমস্টারডাম ও অসলো হয়ে তাঁরা লংইয়ারবায়েনে পৌঁছান।

অভিযানের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালাহউদ্দিন সুমন বলেন, ‘একই বছরে অ্যান্টার্কটিকা ও আর্কটিক—উভয় মেরু অঞ্চল ঘুরে আমার দর্শকদের জন্য বাংলায় কনটেন্ট তৈরি করা সত্যিই এক অনন্য সুযোগ।’ এই অভিযানের গল্প পরবর্তী সময়ে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। অন্যদিকে নিলয় কুমার বিশ্বাস এই সাফল্যকে বর্ণনা করেছেন স্বপ্ন সত্যি হওয়ার মতো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে।

দুর্গম ও চ্যালেঞ্জিং এই অভিযানে স্পনসর হিসেবে সহযোগিতা করছে ডট ইন্টারনেট। প্রতিষ্ঠানটির সিইও প্রদীপ ঢালী এই যাত্রায় সার্বিক সমর্থন জুগিয়েছেন। বাংলা ভাষায় গল্প বলার মাধ্যমে সুমেরু অঞ্চলের সৌন্দর্য আর রহস্যকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরাই এই দুই অভিযাত্রীর মূল লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত