Ajker Patrika

ভাইভা পরামর্শ: বোর্ডে যাওয়ার আগে করণীয়

প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মুখোমুখি হতে হয় মৌখিক পরীক্ষায়। সঠিক প্রস্তুতি থাকলে এই ধাপই হতে পারে স্বপ্নপূরণের শেষ সোপান। ৫০তম বিসিএসের ভাইভায় বসতে এরই মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৫৫ প্রার্থী। প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট। ভাইভা বোর্ডে যাওয়ার আগের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. মাসুম কামাল

মো. মাসুম কামাল
ভাইভা পরামর্শ: বোর্ডে যাওয়ার আগে করণীয়

কাগজপত্র গুছিয়ে নিন

ভাইভা বোর্ডে যাওয়ার আগের প্রস্তুতি হিসেবে প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন। যেমন এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তরের সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, স্থায়ী বাসিন্দার সনদ, পাসপোর্ট সাইজের ১০ কপি ছবিসহ সব প্রয়োজনীয় কাগজপত্রের কমপক্ষে ৫ কপি সত্যায়িত করে প্রস্তুত রাখুন। চাকরিরত প্রার্থীরা দ্রুত এনওসি সংগ্রহের চেষ্টা করুন। এ ছাড়া নিয়মিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে নজর রাখুন।

পোশাক প্রস্তুত রাখুন

মৌখিক পরীক্ষার দিন কোন পোশাক পরবেন, তা আগেই ঠিক করুন। সম্ভব হলে এক সেট অতিরিক্ত পোশাক প্রস্তুত রাখুন। পোশাক হবে পরিচ্ছন্ন, মার্জিত এবং আরামদায়ক। ছেলেরা মার্জিত রঙের শার্ট, প্যান্ট, টাইয়ের সঙ্গে জুতা-বেল্ট ম্যাচিং করে পরুন। মেয়েরা মার্জিত রঙের শাড়ি পরতে পারেন। তবে শাড়িতে স্বচ্ছন্দবোধ না করলে পরিপাটি সালোয়ার-কামিজ পরুন। গরমের সময় ব্লেজার পরা জরুরি নয়।

নিজের জন্য নোট করুন

প্রস্তুতির শুরু থেকে একটি ছোট নোটবুক বা ডায়েরি রাখুন। সম্ভাব্য প্রশ্ন ও নিজের ভাষায় উত্তর লিখে রাখলে পড়াশোনা অনেক সহজ হয়। বিশেষ করে নিজের পরিচয়, প্রথম ক্যাডার পছন্দের কারণ, নিজের বিশেষ গুণ, শক্তি, দুর্বলতা এবং বিষয়ভিত্তিক কমন বিষয় নোট রাখুন।

বই নির্বাচন

স্বল্প সময়ে গোছানো প্রস্তুতির জন্য ভালো একটি ভাইভা গাইড সহায়ক হতে পারে। প্রথম পছন্দের ক্যাডারভিত্তিক একটি বই এবং সামগ্রিক প্রস্তুতির জন্য আরেকটি বই সংগ্রহ করতে পারেন।

নিয়মিত পত্রিকা পড়ুন

মৌখিক পরীক্ষায় সমসাময়িক বিষয় থেকে প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। তাই প্রতিদিন জাতীয় ও আন্তর্জাতিক খবর পড়ুন। গুরুত্বপূর্ণ তথ্য নোট রাখুন। দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা রাখুন; বিশেষ করে ভাইভার আগের দিনের গুরুত্বপূর্ণ খবর এবং ভাইভার দিনের প্রধান শিরোনাম একবার হলেও দেখে যান।

যেসব প্রশ্ন প্রায়ই আসে

কিছু প্রশ্ন প্রায় সব বোর্ডেই ঘুরেফিরে আসে। যেমন নিজের পরিচয়, কেন এই ক্যাডার বেছে নিয়েছেন, নিজের জেলা ও উপজেলার ইতিহাস, গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশ্ববিদ্যালয়, বিষয়, বিষয়টির সঙ্গে ক্যাডারের সম্পর্ক। এসব বিষয়ে বাংলা ও ইংরেজি উত্তরের প্রস্তুতি রাখুন। আপনার প্রথম ও দ্বিতীয় ক্যাডার পছন্দ সম্পর্কে বিস্তারিত জানুন। পদসোপান, দায়িত্ব, সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং ওই ক্যাডারে সুযোগ পেলে কীভাবে কাজ করতে চান—এসব বিষয়ে নিজের স্পষ্ট মতামত তৈরি করুন। অন্য ক্যাডার সম্পর্কেও সংক্ষিপ্ত ধারণা রাখুন।

অনুশীলনের বিকল্প নেই

ভাইভার প্রস্তুতি শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নয়, নিয়মিত অনুশীলনও সমান জরুরি। প্রতিদিন জোরে জোরে প্রশ্নের উত্তর বলার অভ্যাস করুন। পরিবারের সদস্য, বন্ধু বা ছোট ভাই-বোনকে নিয়ে মক ভাইভা দিতে পারেন। কেউ না থাকলে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন। যত বেশি অনুশীলন করবেন, তত জড়তা কাটবে এবং আত্মবিশ্বাস বাড়বে।

বাংলা ও ইংরেজিতে প্রস্তুতি নিন

কমন প্রশ্নগুলোর উত্তর বাংলার পাশাপাশি ইংরেজিতে প্রস্তুত রাখুন। অনেক বোর্ডে কয়েকটি, আবার কখনো পুরো ভাইভাই ইংরেজিতে নেওয়া হয়। তাই ইংরেজিকে ভয় না পেয়ে নিয়মিত চর্চা করুন।

ভাইভা বোর্ডে করণীয়

ভাইভার দিন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হোন। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করুন। সালাম দিয়ে বসুন। হাসিমুখে প্রশ্ন শুনুন এবং সরাসরি উত্তর দিন। উত্তর জানা না থাকলে ভুল তথ্য বলার চেয়ে ‘দুঃখিত, এই মুহূর্তে মনে করতে পারছি না’—এমন উত্তর দিন। অনেক সময় বোর্ড সদস্যরা পরিস্থিতিভিত্তিক প্রশ্ন করেন। উদ্দেশ্য শুধু তথ্য জানা নয়, আপনার বিচারবোধ, ধৈর্য ও মানসিক স্থিরতা যাচাই করা। তাই পুরো সময়ে শান্ত, আত্মবিশ্বাসী ও ইতিবাচক থাকুন। প্রশ্নোত্তর শেষে ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরিয়ে আসুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত