চাকরির ভাইভা মানেই কিছুটা নার্ভাসনেস। কী প্রশ্ন আসবে, কীভাবে উত্তর দেবেন—এসব ভাবনা মাথায় ঘুরতেই থাকে। অজানা প্রশ্ন আত্মবিশ্বাসেও চিড় ধরাতে পারে। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা বোর্ডে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখানো কঠিন হয়ে পড়ে।
তবে প্রস্তুতি, অনুশীলন ও আত্মবিশ্বাস অনেক কিছুই বদলে দিতে পারে। কিছু বিষয় আগে থেকে মাথায় রাখলে ভাইভা বোর্ডে নিজেকে আলাদা করে তুলে ধরা সম্ভব।
যে প্রতিষ্ঠানে ভাইভা দিতে যাচ্ছেন, সেটি সম্পর্কে ভালোভাবে জানুন। প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘুরে দেখুন। জানুন তাদের কাজ, লক্ষ্য ও মূল্যবোধ সম্পর্কে। কোন বিষয়গুলো তারা গুরুত্ব দেয়, সেদিকেও নজর দিন। আপনার দক্ষতা ও আগ্রহের সঙ্গে প্রতিষ্ঠানের কাজ কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিও ভাবুন। এই প্রস্তুতি বোর্ডে আপনার আগ্রহ ও আন্তরিকতা প্রকাশ করবে। একই সঙ্গে নিজের ক্যারিয়ার নিয়েও তৈরি হবে পরিষ্কার ধারণা।
ভাইভার ভয় কাটানোর ভালো উপায় অনুশীলন। তাই আসল ভাইভার আগে মক ইন্টারভিউ দিন। কোনো প্রশিক্ষক, বন্ধু বা পরিবারের সদস্যের সাহায্য নিতে পারেন। তাঁর সামনে নিজের পরিচয় দিন। সম্ভাব্য প্রশ্নের উত্তর দিন। নিজের কথা বলার ধরন খেয়াল করুন। কোথায় থেমে যাচ্ছেন, কোথায় জড়তা তৈরি হচ্ছে, সেগুলোও চিহ্নিত করুন। তবে উত্তর মুখস্থ করবেন না; বরং বারবার উচ্চ স্বরে বলার অভ্যাস করুন। এতে জড়তা কমবে, আত্মবিশ্বাস বাড়বে। মনে রাখবেন, ভাইভার উত্তর যেন মুখস্থ বক্তৃতার মতো না শোনায়। স্বাভাবিক থাকুন। নিজের ভাষায় কথা বলুন।
ভাইভা ফোনে, অনলাইনে কিংবা সরাসরি যেভাবেই হোক, সিভি হাতের নাগালে রাখুন। সরাসরি ভাইভা হলে একাধিক কপি সঙ্গে নেওয়া ভালো। এতে বোর্ডের সদস্যদের প্রয়োজন অনুযায়ী কপি দেওয়া যাবে। সিভি থেকে প্রশ্ন করা হলে সেটি হুবহু পড়ে শোনানোর প্রয়োজন নেই। সাক্ষাৎকার গ্রহণকারীরা আপনার সিভি দেখেছেন; বরং সিভিতে থাকা তথ্যের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার যোগসূত্র তুলে ধরুন। সিভির প্রতিটি তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। কারণ, সেখানে লেখা ছোট একটি তথ্যও ভাইভা বোর্ডের বড় প্রশ্ন হয়ে উঠতে পারে।
প্রতিটি ভাইভা আলাদা। নিয়োগকারীরাও আলাদা। তাই সব প্রশ্ন আগে থেকে জানা সম্ভব নয়। তবে কিছু প্রশ্ন প্রায় সব ভাইভাতেই ঘুরেফিরে আসে। এসব প্রশ্নের উত্তর আগে থেকে ভেবে রাখলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।
পরিচিত প্রশ্ন হলেও অনেক প্রার্থী এখানেই আটকে যান। উত্তর দিতে গিয়ে সিভির প্রতিটি লাইন পড়ে শোনানোর দরকার নেই; বরং নিজের গল্পটি তুলে ধরুন। কী আপনাকে অনুপ্রাণিত করে, কোন অর্জন আপনাকে এগিয়ে নিয়েছে কিংবা কোন অভিজ্ঞতা আপনাকে এই কাজের জন্য প্রস্তুত করেছে, সেসব বলুন। উত্তর হোক সংক্ষিপ্ত, কিন্তু মনে রাখার মতো।
এই প্রশ্নের উত্তর দিতে প্রতিষ্ঠান সম্পর্কে আপনার গবেষণা কাজে আসবে। শুধু ‘প্রতিষ্ঠানটি ভালো’ বললেই হবে না। প্রতিষ্ঠানের কাজ বা মূল্যবোধের কোন দিকটি আপনাকে আকর্ষণ করে, তা নির্দিষ্ট করে বলুন। আপনার দক্ষতা কীভাবে প্রতিষ্ঠানের কাজে যুক্ত হতে পারে, সেটিও তুলে ধরুন। এতে বোঝা যায়, আপনি শুধু একটি চাকরি খুঁজছেন না; বরং কাজটির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখেছেন।
এখানে নিজের দক্ষতা ও অর্জনকে কাঙ্ক্ষিত পদের সঙ্গে মিলিয়ে তুলে ধরুন। কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কী সমস্যা হয়েছিল, কীভাবে সেটি সামলেছেন এবং এর ফলে কী অর্জিত হয়েছে। এসব বোঝাতে স্টার মেথড ব্যবহার করতে পারেন। শুধু যোগ্যতার তালিকা দেবেন না। দেখান, আপনার দক্ষতা কীভাবে প্রতিষ্ঠান ও পদটির জন্য কাজে আসবে।
ভাইভায় নিজের শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন আসতে পারে। তাই বিষয়গুলো আগেই ভেবে রাখুন। তবে শক্তির কথা বলার সময় চাকরির ধরন মাথায় রাখুন। যেমন প্রজেক্ট ম্যানেজারের পদে আবেদন করলে সাংগঠনিক দক্ষতা, সময় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার সক্ষমতাকে গুরুত্ব দিতে পারেন। দুর্বলতার প্রশ্নে মিথ্যা বলবেন না। এমন একটি দুর্বলতার কথা বলুন, যেটি আপনি বুঝতে পেরেছেন এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। শুধু দুর্বলতার কথা বলেই থেমে যাবেন না। সেটি কাটিয়ে উঠতে কী করছেন, সেটিও বলুন।
ভাইভা শেষ মানেই প্রস্তুতি শেষ নয়। সাক্ষাৎকার গ্রহণকারীদের ধন্যবাদ জানাতে ভুলবেন না। সম্ভব হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি সংক্ষিপ্ত ধন্যবাদ ই-মেইল পাঠাতে পারেন। কথোপকথনের কোনো নির্দিষ্ট বিষয় সেখানে উল্লেখ করুন। এতে আপনার আগ্রহ ও মনোযোগের বিষয়টি স্পষ্ট হবে। একই সঙ্গে নিয়োগকারীর মনে আপনার উপস্থিতিও আবার মনে করিয়ে দেবে।
ভাইভায় সব প্রশ্নের উত্তর জানা থাকবে, এমন নয়। কোনো প্রশ্নের উত্তর না জানলে কিছুটা সময় নিয়ে ভাবুন। প্রয়োজনে বিনয়ের সঙ্গে বলুন, বিষয়টি সম্পর্কে আপনি পুরোপুরি নিশ্চিত নন। মনে রাখবেন, ভাইভা শুধু আপনার যোগ্যতা যাচাইয়ের জায়গা নয়; এটি আপনার ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, চিন্তার ধরন ও আত্মবিশ্বাস দেখানোরও সুযোগ। তাই ভয় নয়, প্রস্তুতিই হোক আপনার সঙ্গী। নিজের গল্পটি জানুন। নিজের দক্ষতায় বিশ্বাস রাখুন। কারণ, ভালো প্রস্তুতি অনেক সময় খুলে দিতে পারে কাঙ্ক্ষিত চাকরির দরজা।

বর্তমান সময়ে ইংরেজি শেখার জন্য শুধু শ্রেণিকক্ষ, বই কিংবা কোচিংয়ের ওপর নির্ভর করতে হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে শেখার সুযোগ এখন অনেকটাই হাতের মুঠোয়। এর মধ্যে চ্যাটজিপিটি হতে পারে ইংরেজি শেখার ব্যক্তিগত অনুশীলনসঙ্গী। তবে শুধু অনুবাদ বা উত্তর পাওয়ার জন্য এটি ব্যবহার না করে সঠিক...
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস বিভাগে ‘এজিএম (ক্লাস্টার হেড)’ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন বিভাগে ‘করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজার/এজিএম’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে