
শাহীন আকন, জাপানের আইএইচজি গ্রুপের এএনএ ইন্টারকনটিনেন্টাল মানজা বিচ রিসোর্টের রেস্টুরেন্ট সার্ভিস সুপারভাইজার। জাপানে দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। তাঁর সঙ্গে কথা বলেছেন নাদিম মজিদ।
প্রশ্ন: আপনি কী ধরনের ভিসায় জাপানে কাজ করছেন? আপনার কাজ কী?
উত্তর: আমি জাপানে এসএসডব্লিউ (স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার) ভিসা নিয়ে ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে কাজ করছি। আমার কাজের মধ্যে রয়েছে অতিথিদের স্বাগত জানানো, মেন্যু ও খাবারের ব্যাখ্যা দেওয়া, অর্ডার নেওয়া এবং খাবার সঠিকভাবে পরিবেশন করা।
প্রশ্ন: বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করে জাপানে কেন পাঠানো উচিত?
উত্তর: তিনটি কারণে বাংলাদেশের তরুণদের জাপানে যাওয়া উচিত। প্রথমত, জাপানে জনসংখ্যা বৃদ্ধির হার কম এবং শ্রমশক্তির ঘাটতি বেশি। ফলে বিভিন্ন খাতে বিদেশি দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। দ্বিতীয়ত, জাপানের কর্মপরিবেশ অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ এবং দক্ষতা বাড়ানোর জন্য সহায়ক। তৃতীয়ত, যাঁরা ভাষা ও কারিগরি দক্ষতা নিয়ে এখানে আসেন, তাঁরা শুধু চাকরি পান না; আন্তর্জাতিক মানের অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ারও শক্তিশালী হয়।
এই কারণে বাংলাদেশি তরুণদের জন্য জাপান একটি অত্যন্ত সম্ভাবনাময় কর্মক্ষেত্র।
প্রশ্ন: জাপানে দক্ষ জনশক্তির জন্য কী ধরনের ভিসা রয়েছে?
উত্তর: জাপান বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসা বা স্ট্যাটাস অব রেসিডেন্স দিয়ে থাকে। যেমন
⬤ স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ): নির্দিষ্ট শিল্প খাতে স্কিল ও ভাষা পরীক্ষার মাধ্যমে আসা।
⬤ ইঞ্জিনিয়ার/স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস/ইন্টারন্যাশনাল সার্ভিসেস: প্রযুক্তি, অফিসভিত্তিক কাজ, অনুবাদ, মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্টসহ পেশাগত ক্ষেত্রে।
⬤ হাইলি স্কিলড প্রফেশনাল: উচ্চ যোগ্যতা ও বিশেষ দক্ষতার জন্য।
বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসডব্লিউ ভিসা সবচেয়ে সম্ভাবনাময়। এটি তুলনামূলকভাবে সহজভাবে দক্ষ জনশক্তি হিসেবে জাপানে আসার সুযোগ দেয়।
প্রশ্ন: এসএসডব্লিউ ভিসার আওতায় কোন খাতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়?
উত্তর: জাপান ১৬টি খাতে এসএসডব্লিউ ভিসায় কর্মী নিয়োগ দেয়। যেমন নির্মাণ, নার্সিং, কৃষি, এভিয়েশন, হোটেল-রিসোর্ট, ফুড সার্ভিস, ফুড ম্যানুফ্যাকচারিং, বিল্ডিং ক্লিনিং, অটোমোবাইল রিপেয়ার, শিপ বিল্ডিং ইত্যাদি। বাংলাদেশ থেকে স্কিল টেস্টের মাধ্যমে যাওয়া যায় কিছু খাতে, যেমন নির্মাণ, নার্সিং, কৃষি, এভিয়েশন। ধীরে ধীরে আরও খাতে সুযোগ বাড়ছে।
প্রশ্ন: জাপানে দক্ষ জনশক্তি হিসেবে যেতে হলে কী প্রস্তুতি নেওয়া উচিত?
উত্তর: সবার আগে জাপানি ভাষা শেখা অত্যন্ত জরুরি। ভাষা না জানলে কাজ ও দৈনন্দিন জীবন কঠিন হয়। অন্তত N4 লেভেল শেষ করা ভালো। পাশাপাশি সংশ্লিষ্ট খাতের স্কিল টেস্ট এবং জাপানের কর্মসংস্কৃতি সম্পর্কেও প্রস্তুতি থাকা প্রয়োজন।
প্রশ্ন: ভাষা ও স্কিল টেস্টে উত্তীর্ণ হলে সরাসরি কোম্পানিতে আবেদন করা যায় কি?
উত্তর: হ্যাঁ, কিন্তু এটি নির্ভর করে সেক্টর, ভিসা ক্যাটাগরি এবং নিয়োগ পদ্ধতির ওপর। জাপান সরকার সাধারণত কোম্পানি, অনুমোদিত এজেন্সি, রেজিস্টার্ড সাপোর্ট অর্গানাইজেশন বা জব-ম্যাচিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগ দেয়। তবে বাংলাদেশে এখনো সব খাতে স্কিল টেস্ট চালু হয়নি, তাই দেশের প্রস্তুতি ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।
প্রশ্ন: দক্ষ জনশক্তি হিসেবে জাপানে গেলে কী সুবিধা পাওয়া যায়?
উত্তর: বৈধভাবে কাজ করার সুযোগ, স্থিতিশীল আয়, স্বাস্থ্যবিমা, পেনশন এবং শ্রম আইনের সুরক্ষা। এ ছাড়া কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ে। বিশেষ করে এসএসডব্লিউ সিস্টেমে ১ থেকে ২ পর্যায়ে উন্নতি করলে অনির্দিষ্টকালের কাজ ও বসবাস সম্ভব।
প্রশ্ন: জাপানের কোন শহরে বাংলাদেশিদের সংখ্যা বেশি?
উত্তর: বর্তমানে জাপানে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৪০ থেকে ৪২ হাজার। এরা প্রধানত টোকিও, সাইতামা, গুনমা, তোচিগি, ওসাকা, কিয়োতো অঞ্চলে বেশি বসবাস করছে। টোকিওর শিন-ওকুবো এলাকায়কে অনেক সময় মনে হয় যেন ঢাকার কোনো পুরোনো গলি।
প্রশ্ন: জাপানি ভাষা কীভাবে শেখা যায়?
উত্তর: অনলাইনে সহজে শেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল, বিএমইটি টিটিসি, জেইউএএবির মাধ্যমে জাপানি ভাষা শেখার সুযোগ রয়েছে। এ ছাড়া ইউটিউব চ্যানেল যেমন শিক্কারি নিহোঙ্গো গাক্কো বাংলা ভাষায় চমৎকার জাপানি শিক্ষা দেয়। অনলাইনে শেখার ক্ষেত্রে শিক্ষকের মান যাচাই করা জরুরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৩ ক্যাটাগরির পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১১ ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ১৪ ক্যাটাগরির পদে মোট ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে (বিএসসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিএসসিএলের দুই ক্যাটাগরির পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে। ৯ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১০ ঘণ্টা আগে