Ajker Patrika

আপনার জিজ্ঞাসা

ইশরাকের নামাজ আদায় করতে হয় যেভাবে

মুফতি শাব্বীর আহমদ
ইশরাকের নামাজ আদায় করতে হয় যেভাবে

প্রশ্ন: ইশরাকের নামাজ কত রাকাত? বিশেষ এই নামাজ কখন, কীভাবে আদায় করতে হয়? ইশরাকের নামাজের বিষয়ে ইসলামের নির্দেশনা কী?

তুষার তালুকদার, শরীয়তপুর

উত্তর: ইশরাক শব্দের অর্থ হলো আলোকিত হওয়া। সূর্য ওঠার পর জগৎ যখন আলোকিত হয়, তখন এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল ইশরাক বলা হয়। এটি নফল নামাজ এবং সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ ঐচ্ছিক সুন্নত। মহানবী (সা.) নিজে এই নামাজ আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও উৎসাহিত করতেন।

ইশরাকের নামাজের ওয়াক্ত

সূর্যোদয়ের ১৫ থেকে ২০ মিনিট পর, যখন সূর্য দিগন্তের ওপরে বেশ কিছুটা উঠে যায় (প্রায় দেড় মিটার বা এক বর্শা পরিমাণ), তখন ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়। ধরা যাক, আপনার এলাকায় সূর্যোদয় হয় সকাল ৫টা ৪৫ মিনিটে। তাহলে আপনি সকাল ৬টা থেকে ইশরাকের নামাজ আদায় করতে পারবেন। এ নামাজ সাধারণত জোহরের ওয়াক্ত শুরুর আগপর্যন্ত আদায় করা যায়। তবে ওয়াক্ত হওয়ার পর প্রথম এক থেকে দেড় ঘণ্টার মধ্যে আদায় করা উত্তম।

ইশরাকের নামাজের নিয়ম ও রাকাত সংখ্যা

ইশরাকের নামাজ আদায়ের জন্য আলাদা কোনো জটিল নিয়ম নেই। এটি সাধারণ নফল নামাজের মতোই আদায় করতে হয়। এ নামাজ সর্বনিম্ন দুই রাকাত। তবে নবীজি (সা.) সাধারণত দুই রাকাত দুই রাকাত করে মোট চার রাকাত আদায় করতেন। অনেক আলেম ৮ বা ১২ রাকাত পর্যন্ত আদায়ের পরামর্শ দিয়েছেন।

আর নিয়তের ক্ষেত্রে, মনে মনে এই সংকল্প থাকলেই হবে—‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইশরাকের দুই রাকাত নফল নামাজ আদায় করছি।’

ইশরাকের নামাজের অবিশ্বাস্য ফজিলত

হাদিস শরিফে এই নামাজের চমৎকার কিছু পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং এরপর দুই রাকাত নামাজ আদায় করে, সে একটি পূর্ণাঙ্গ হজ ও একটি পূর্ণাঙ্গ ওমরাহর সওয়াব পাবে।’ (জামে তিরমিজি)। অন্য হাদিসে এসেছে, সকালে এই নামাজ আদায় করলে শরীরের প্রতিটি জোড়ার সদকা আদায় হয়ে যায়। (সুনানে আবু দাউদ)।

এ ছাড়া হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ‘হে আদমসন্তান, দিনের শুরুতে আমার জন্য চার রাকাত নামাজ আদায় করো, আমি দিনের শেষ পর্যন্ত তোমার সব কাজের জন্য যথেষ্ট হব।’ (সুনানে আবু দাউদ)

ইশরাকের নামাজ আদায়ের মাধ্যমে একজন মুমিন দিনের শুরুতেই আধ্যাত্মিক শক্তি অর্জন করেন। এটি মানসিক শান্তি আনে এবং কাজে বরকত দান করে। ব্যস্ততার মাঝে মাত্র ৫-১০ মিনিট সময় বের করে এ নামাজ আদায়ের মাধ্যমে আমরা বিশাল সওয়াবের অধিকারী হতে পারি।

উত্তর দিয়েছেন: মুফতি শাব্বীর আহমদ, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত