Ajker Patrika

সুন্নত কাকে বলে, কত প্রকার ও কী কী

ইসলাম ডেস্ক
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬: ২৫
সুন্নত কাকে বলে, কত প্রকার ও কী কী
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত মসজিদ ‘জামিউল জাজাইর’। ছবি: সংগৃহীত

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবেও প্রেরণ করেছেন। পবিত্র কোরআনের পর শরিয়তের দ্বিতীয় প্রধান উৎস হলো তাঁর সুন্নাহ। কোরআন আমাদের জীবনযাপনের মৌলিক নীতিমালা দিয়েছে, আর সুন্নাহ হলো সেই নীতির প্রাণবন্ত ব্যাখ্যা ও বাস্তব রূপ।

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন—

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَة

অর্থ: নিশ্চয়ই আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। (সুরা আহজাব: ২১)

সুন্নত কাকে বলে?

সুন্নাহ বা সুন্নত (السُّنَّةُ) শব্দের আভিধানিক অর্থ হলো পথ, পদ্ধতি, রীতি বা অনুসৃত পন্থা। হাদিস শাস্ত্রের পরিভাষায়, রাসুলুল্লাহ (সা.)-এর কথা, কাজ, মৌনসম্মতি এবং তাঁর শারীরিক ও চারিত্রিক গুণাবলিকে সম্মিলিতভাবে সুন্নাহ বলা হয়।

কোরআন কারিমে রাসুলের অনুসরণের নির্দেশ দিয়ে বলা হয়েছে—

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا

অর্থ: রাসুল তোমাদের যা দেন, তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন, তা থেকে বিরত থাকো। (সুরা হাশর: ৭)

সুন্নতের প্রকারভেদ: কত প্রকার ও কী কী?

হাদিস শাস্ত্রে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতকে মূলত চারটি প্রধান ভাগে ভাগ করা হয়। নিচে তা বিস্তারিত তুলে ধরা হলো:

১. সুন্নাহ কাওলিয়্যাহ (বাণী)

রাসুলুল্লাহ (সা.) যা মুখে বলেছেন—অর্থাৎ তাঁর উপদেশ, আদেশ, নিষেধ, ফতোয়া ও সুসংবাদ—তাকে সুন্নাহ কাওলিয়্যাহ বলা হয়। যেমন—

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

অর্থ: নিশ্চয়ই সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল। (সহিহ বুখারি: ১; সহিহ মুসলিম: ১৯০৭)

২. সুন্নাহ ফি’লিয়্যাহ (কর্ম)

রাসুলুল্লাহ (সা.) নিজে যেসব ইবাদত, দৈনন্দিন কাজ ও আমল করেছেন এবং সাহাবিদের শিখিয়েছেন, তাকে সুন্নাহ ফি’লিয়্যাহ বলে। যেমন—

صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي

অর্থ: তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ, সেভাবে নামাজ পড়ো। (সহিহ বুখারি: ৬৩১)

একইভাবে হজের বিধান সম্পর্কেও তিনি ইরশাদ করেছেন, ‘তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মাবলি শিখে নাও।’ (সহিহ মুসলিম: ১২৯৭)

৩. সুন্নাহ তাকরিরিয়্যাহ (মৌনসম্মতি)

কোনো সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কোনো কাজ করলে বা কোনো কথা বললে, তিনি যদি তাতে আপত্তি না করে নীরব থাকেন বা সমর্থন জানান, তবে সেটি ‘সুন্নাহ তাকরিরিয়্যাহ’ হিসেবে গণ্য হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, সংশ্লিষ্ট কাজটি শরিয়তে বৈধ। যেমন—

খালিদ বিন ওয়ালিদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর সামনে ‘দাব্ব’ বা সান্ডা (গুই সাপজাতীয় প্রাণী) খেয়েছেন। রাসুলুল্লাহ (সা.) নিজে তা খাননি, কিন্তু খালিদ (রা.)-কে তা খেতে নিষেধও করেননি। (সহিহ বুখারি: ৫৩৯১; সহিহ মুসলিম: ১৯৪৬)

৪. সুন্নাহ খালকিয়্যাহ ও খুলুকিয়্যাহ (শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য)

সুন্নাহ খালকিয়্যাহ: এর মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর দৈহিক গঠন, অবয়ব ও শারীরিক বৈশিষ্ট্য বোঝানো হয়। যেমন—

নবীজি সম্পর্কে আনাস (রা.) বর্ণনা করেন, ‘তিনি অতি দীর্ঘ ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না।’ (সহিহ বুখারি: ৩৫৪৭; সহিহ মুসলিম: ২৩৪৭)

সুন্নাহ খুলুকিয়্যাহ: এর মাধ্যমে প্রিয় নবীর উত্তম চরিত্র, আখলাক ও আচরণকে বোঝানো হয়। যেমন—

আনাস (রা.) বলেন, ‘তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।’ (সহিহ বুখারি: ৬২০৩; সহিহ মুসলিম: ২৩১০)

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) তাঁর চরিত্রের পূর্ণতা বর্ণনা করে বলেছেন—

كَانَ خُلُقُهُ الْقُرْآنَ

অর্থ: তাঁর চরিত্র ছিল কোরআন। (সহিহ মুসলিম: ৭৪৬)

একনজরে সুন্নাহর প্রকারভেদ

 ক্রমিক  প্রকার  মূল বিষয়বস্তু
 ০১ কাওলিয়্যাহ  রাসুলুল্লাহ (সা.)-এর বাণী, উপদেশ ও নির্দেশনা
 ০২ ফি’লিয়্যাহ  রাসুলুল্লাহ (সা.)-এর নিজস্ব আমল ও কর্মপদ্ধতি
 ০৩ তাকরিরিয়্যাহ  সাহাবিদের কর্মে রাসুলুল্লাহ (সা.)-এর মৌন সম্মতি বা অনুমোদন
 ০৪ খালকিয়্যাহ ও খুলুকিয়্যাহ রাসুলুল্লাহ (সা.)-এর শারীরিক গড়ন ও চারিত্রিক গুণাবলি

সুন্নাহর অনুসরণ প্রকৃত ভালোবাসার দাবি এবং খাঁটি ইমানের পরিচায়ক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন—

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ

অর্থ: বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন। (সুরা আলে ইমরান: ৩১)

অন্যদিকে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি: ৫০৬৩; সহিহ মুসলিম: ১৪০১)

তাই দুনিয়ার প্রশান্তি ও আখিরাতের মুক্তি লাভে প্রিয় নবীর সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা প্রতিটি মুমিনের একান্ত কর্তব্য।

লেখক: মুফতি মুহাম্মাদ আমির হামযাহ্ সিরাজ, কর্মকর্তা, শরী’আহ সেক্রেটারিয়েট স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত