হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় একটি মাস। এই মাসে হজ ও কোরবানির মতো বড় দুটি বিধান পালিত হয়। এ দুটি বিধান ছাড়াও জিলহজের প্রথম ১০ দিনের রয়েছে অনেক ফজিলত এবং কিছু গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিলহজের প্রথম দশকের রাতগুলোর কসম করে একে মহিমান্বিত করেছেন। ইরশাদ হয়েছে, ‘কসম প্রভাতের এবং ১০ রাতের।’ (সুরা ফজর: ১-২) হজরত ইবনে আব্বাস (রা.)সহ একাধিক তাফসিরকারকের মতে, এখানে জিলহজের প্রথম ১০ রাতকেই বোঝানো হয়েছে। (তাফসিরে ইবনে কাসির ৪/৫৩৫)
এখানে এই দশকের কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা তুলে ধরা হলো—
নখ-পশম কাটা থেকে বিরত থাকা
জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগপর্যন্ত সময়ে চুল, গোঁফ, নখ ও শরীরের বিভিন্ন স্থানের লোম বা পশম না কাটা মুস্তাহাব। এ সম্পর্কে উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে এবং কোরবানির নিয়ত করে, সে যতক্ষণ কোরবানি না করে, ততক্ষণ পর্যন্ত যেন চুল বা নখ না কাটে।’ (মুসলিম: ৩৬৫৬)
রোজা রাখা
জিলহজের প্রথম দশকের ৯ দিন রোজা রাখার চেষ্টা করা উচিত। বিশেষত আরাফাতের দিন তথা নবম দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আরাফাতের দিনের রোজা আগের ও পরের এক বছরের গুনাহের কাফফারা হবে।’ (মুসলিম: ২৬৩৬)
তাকবিরে তাশরিক পাঠ
জিলহজের প্রথম দশকে অধিক পরিমাণে তাকবিরে তাশরিক তথা ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’ পাঠ করা উচিত। সাহাবায়ে কেরাম এই দশকে অধিক পরিমাণে কখনো উচ্চ স্বরে, কখনো নিম্ন স্বরে বাজারে, পথে-ঘাটে তাকবির পড়তেন।
আল্লাহর জিকির
জিকির করা তো সব সময় সওয়াবের কাজ, তবে জিলহজের প্রথম দশকে এর গুরুত্ব অনেক বেশি। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘এই ১০ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আল-হামদুলিল্লাহ বেশি করে আদায় করো।’ (মুসনাদে আহমদ-১৩২)
ভালো কাজ
এই দশকে বেশি বেশি ভালো কাজ করার নির্দেশনা এসেছে। ওপরে উল্লিখিত হাদিস থেকে তা–ই প্রতীয়মান হয়। কাজেই আমাদের উচিত, এ সময় অধিক পরিমাণে নেক আমল করা। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, দান-সদকা ইত্যাদি আমলে আত্মনিয়োগ করা।
লেখক: মুহাদ্দিস, জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম টঙ্গী, গাজীপুর

নবী-রাসুলগণ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাঁরা সবাই শারীরিক শ্রমের কাজ করেছেন। নবীজি (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী-রাসুল পাঠিয়েছেন, তাঁরা সবাই বকরি চরানোর কাজ করেছেন।’ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ‘হে আল্লাহর রাসুল, আপনিও কি বকরি চরিয়েছেন?’ নবীজি (সা.) বললেন, ‘হ্যাঁ, আমি কয়েক...
১৪ ঘণ্টা আগে
আবু বকর সিদ্দিক (রা.) ছিলেন একজন সৎ ও সফল ব্যবসায়ী। ইসলাম গ্রহণের আগেই মক্কার সম্মানিত বণিকদের একজন ছিলেন এবং কাপড়ের ব্যবসা করতেন। ইসলাম গ্রহণের পরও ব্যবসা চালিয়ে যান এবং নিজের উপার্জন থেকেই জীবিকা নির্বাহ করেন। খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পরও প্রথম দিকে বাজারে গিয়ে তিনি ব্যবসা করতে চেয়েছিলেন।
১৪ ঘণ্টা আগে
ইসলামি সংস্কৃতিতে একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া সুন্নত। এটি মহান আল্লাহর কাছে একে অপরের শান্তি ও নিরাপত্তা কামনা করা। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) সালামের ব্যাপক প্রচলনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘যতক্ষণ তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে না, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না।
১৪ ঘণ্টা আগে
নবী-রাসুল ও সাহাবিদের পদাঙ্ক অনুসরণ করে যুগে যুগে মুসলিম মনীষীরাও শ্রম ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এর মাধ্যমে তাঁরা আত্মনির্ভরশীল জীবন গড়তেন এবং দ্বীনদারির সঙ্গে দুনিয়াবি দায়িত্বের সমন্বয় ঘটাতেন। তাঁদের সততা, আমানতদারি ও ন্যায়পরায়ণতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল।
১৪ ঘণ্টা আগে