
ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের বহুল প্রতীক্ষিত ‘৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন’-এর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ও ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি, মোতাবেক ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোম ও মঙ্গলবার) এবং ৮ ও ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দে এই ঐতিহাসিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে পূর্বঘোষিত তারিখ স্থগিত হওয়ায় নতুন এই সময়সূচি নির্ধারণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
দুই দিনব্যাপী এই মহাসম্মেলনে জামিয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৭০ বছরে (১৯৫৬–২০২৬ খ্রিষ্টাব্দ) শিক্ষা সমাপ্তকারী হাফেজ, কারি, আলেম ও মুফতিগণকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। এ ছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কিরামের অংশগ্রহণে দ্বীনি শিক্ষা, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এতে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জামিয়া ফরিদাবাদের প্রাক্তন ছাত্রদের (আবনা ও ফুযালা) মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করতে এবং জামিয়ার আদর্শ ও ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।
‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’-এর দপ্তর সম্পাদক জুবায়ের মুহিউদ্দীন আজকের পত্রিকাকে জানান, ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন কেন্দ্রে করে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বর্ষভিত্তিক প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৩ ও ২৪ নভেম্বরের মহাসম্মেলন সফলভাবে বাস্তবায়নে জামিয়ার বর্তমান ও সাবেক সকল ছাত্রকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ, মুফতি আবু সাঈদ, জাতীয় সিরাত কমিটির সভাপতি মুফতি ইমাদুদ্দীন, তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের সদস্যসচিব ও ইসলামি আলোচক মাওলানা হাসান জামিলসহ বিভিন্ন বর্ষের প্রতিনিধিরা।
প্রেস বিজ্ঞপ্তিতে মহাসম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, মুহিব্বীন এবং আবনা ও ফুযালায়ে কিরামের দোয়া, সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য জামিয়ার সাবেক ছাত্রদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা আজ রোববার (১১ অক্টোবর) শেষ হতে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আবারও উঁচুতে তুলে ধরেছে কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত খ্যাতনামা ইসলামি বিদ্যাপীঠ মারকাযু ফয়জিল কোরআন...
৩ ঘণ্টা আগে
পবিত্র কোরআন ও সহিহ হাদিসে নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। আরবি ‘হুজুদ’ মূল শব্দ থেকে ‘তাহাজ্জুদ’ শব্দের উৎপত্তি, যার আভিধানিক অর্থ হলো ঘুম থেকে জেগে ওঠা।
৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে