রাসুল (সা.)-এর হাদিসে এমন তিনজন শিশুর কথা উল্লেখ রয়েছে, যারা শৈশবে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিল। প্রথমজন আল্লাহর নবী হজরত ইসা (আ.), দ্বিতীয়জন জুরাইজ নামক এক ব্যক্তি, আর তৃতীয়জন ছিল নাম না জানা এক শিশু। সেই শিশুর মুখে বোল ফোটার আগেই মায়ের সঙ্গে তার কথোপকথন হয়েছিল এবং সে তার মায়ের বিরোধিতা করেছিল। রাসুল (সা.) নিজেই বিস্ময়কর এ ঘটনা তাঁর সাহাবিদের শুনিয়েছিলেন। এখানে হাদিসের আলোকে সেই শিশুর গল্প তুলে ধরা হলো—
শিশুটি মায়ের দুধ পান করছিল। এমন সময় একজন ব্যক্তি দ্রুতগামী এক উন্নতমানের পশুর সওয়ারি হয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁর পোশাক-পরিচ্ছদ উন্নত ছিল। শিশুটির মা বললেন, ‘হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য বানাও।’ শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকাল। এরপর বলল, ‘হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো বানিয়ো না।’ এরপর ফিরে এসে ফের মায়ের দুধ পান করতে লাগল।
রাসুল (সা.) এই বর্ণনার সময় শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষে দেখান।
এরপর কিছু লোক একজন নারীকে মারতে মারতে বাঁ দিকে নিয়ে যাচ্ছিল আর বলছিল—তুমি ব্যভিচার করেছ এবং চুরি করেছ। ওই নারী বলছিল—আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক।
শিশুটির মা এই দৃশ্য দেখে বললেন, ‘হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো বানিয়ো না।’ শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকাল এবং বলল, ‘হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো বানাও।’
এসময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মা বললেন, ‘হায় দুর্ভাগা, একটি সুন্দর মানুষ চলে যাওয়ার সময় আমি বললাম, ‘হে আল্লাহ, আমার সন্তানকে এমন যোগ্য করে দাও।’ তুমি প্রত্যুত্তরে বললে, ‘হে আল্লাহ, আমাকে ওই লোকের মতো বানিয়ো না।’ আবার এই ক্রীতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে—তুমি ব্যভিচার করেছ এবং চুরি করেছ। আমি বললাম, ‘হে আল্লাহ, আমার সন্তানকে এমন বানিয়ো না।’ আর তুমি বললে, ‘হে আল্লাহ, তুমি আমাকে এমন বানাও।’
শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তিটি ছিল স্বৈরাচার ও জালিম। সেজন্যই আমি বলেছি—হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো বানিয়ো না।’ আর এই নারীকে তারা বলল—তুমি ব্যভিচার করেছ। প্রকৃতপক্ষে সে ব্যভিচার করেনি। তারা বলছিল—তুমি চুরি করেছ। আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, ‘হে আল্লাহ, আমাকে এই নারীর মতো বানাও।’ (বুখারি, হাদিস: ৩৪৩৬; মুসলিম, হাদিস: ২৫৫০)
গল্পের ৩ শিক্ষা
মানুষের চাওয়া ও বাস্তবতা: অনেক সময় মানুষ এমন কিছু কামনা করে, যা প্রকৃতপক্ষে তার জন্য ক্ষতিকর হয়। মানুষ অনুধাবন করতে পারে না, তার আকাঙ্ক্ষিত বস্তুই একদিন তার ধ্বংসের কারণ হতে পারে। যেমন, এ গল্পের মা চরিত্রটি নিজের অজান্তেই তাঁর ছেলের জন্য স্বৈরাচার হওয়ার প্রার্থনা করেছিলেন। তিনি বুঝতে পারেননি, এটি তাঁর সন্তানের জন্য কত বড় ধ্বংসাত্মক হবে। প্রকৃতপক্ষে তিনি তার ছেলের ভালোই চেয়েছেন এবং কল্যাণকামনা করতেন।
ইসলামপ্রচারকের দায়িত্ব: মানুষকে সত্যের দিকে আহ্বান করার জন্য জ্ঞানের উপযুক্ত উপকরণ ও উপায় ব্যবহার করা উচিত। রাসুল (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি সহজ ও চিত্রময় উপস্থাপনার মাধ্যমে জটিল বিষয়গুলো সাহাবিদের বোঝাতেন। যেমনটা এ গল্পে দেখা যায়। অন্য একদিন তিনি মাটিতে রেখাচিত্র এঁকে বলেছিলেন, ‘এটি আল্লাহর সরল পথ।’ এরপর তিনি দুপাশে ছোট ছোট রেখা এঁকে ব্যাখ্যা করলেন, ‘প্রতিটি রেখার সামনে একটি শয়তান দাঁড়িয়ে আছে, যে মানুষকে সেই পথে ডাকছে।’
আল্লাহর নিদর্শন ও সঠিক পথের সন্ধান: প্রত্যেক যুগেই মহান আল্লাহ এমন কিছু নিদর্শন রাখেন, যা মানুষকে তাঁর অস্তিত্বের প্রমাণ দেয়, তাঁকে চিনতে সাহায্য করে এবং সত্য-মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়। পাশাপাশি তিনি এ নিদর্শনগুলোর মাধ্যমে তাঁর পছন্দ ও অপছন্দের মূল্যবোধগুলো তুলে ধরেন।

বর্তমান সময়ে কবরস্থানে মৃত ব্যক্তির কবর সহজে শনাক্ত করার জন্য নাম-ঠিকানাসংবলিত একটি ছোট ফলক বা নেমপ্লেট লাগাতে দেখা যায়। সাধারণ মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে—ইসলামি শরিয়তের দৃষ্টিতে এটি কতটুকু বৈধ বা গ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
নিশীথ সূর্যের দেশ নরওয়েতে ইসলামের আগমন কিন্তু আধুনিক যুগের কোনো ঘটনা নয়। আইসল্যান্ডীয় নথিপত্র অনুসারে, দূর অতীতে ১২৬০-এর দশকে নরওয়ের রাজা হ্যাকন হ্যাকনসন তিউনিসের মুসলিম সুলতানের কাছে মূল্যবান উপহারসহ একটি কূটনৈতিক দল পাঠিয়েছিলেন। জবাবে তিউনিসের সুলতানের প্রতিনিধিদলও নরওয়ে সফর করেন।
১৫ ঘণ্টা আগে
মানুষের জীবনের বাঁকে বাঁকে জমে থাকে বিপদ-আপদের ইট-পাথর ও কাদা-বালু। তবে মুমিনের জীবনে বিপদ মানেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মহান আল্লাহ দেখতে চান, বান্দা এই কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে।
১ দিন আগে